ফুটবলে টার্ফ যুগের শুরু

ফুটবল-বিশ্বে কৃত্রিম টার্ফ এসেছে বেশ আগেই। সেই ছোঁয়া লেগেছে বাংলাদেশেও। বাফুফে ভবন-সংলগ্ন বালুর মাঠে বসানো টার্ফটা অবশ্য শুধুই অনুশীলনের জন্য। কমলাপুর স্টেডিয়ামে কাল চ্যাম্পিয়নশিপ লিগে ভিক্টোরিয়া-বারিধারা ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক টার্ফ-যুগেও ঢুকে পড়ল বাংলাদেশ।
দুটি টার্ফই ফিফার গোল প্রকল্পের অংশ। কোনটা কেমন? বাফুফে বলছে, বালুর মাঠের টার্ফের চেয়ে কমলাপুরেরটি উন্নতমানের। তবে দেখে মনে হলো, এটি এখনো পুরোপুরি তৈরি হয়নি। ঘাসের নিচে দেওয়া রাবারের দানাগুলো কোথাও বেশি পড়ায় একটু কালচে দেখাচ্ছে। পতাকাস্ট্যান্ড বসেনি। টুকটাক আরও কিছু সমস্যা আছে। অবশ্য কয়েকটি ম্যাচ গেলে সব ঠিক হয়ে যাবে বলছেন সংশ্লিষ্টরা।
এত দিন বর্ষা মৌসুমে কাদা থিকথিকে মাঠে খেলতে হয়েছে। টার্ফের বড় সুবিধা, এখানে ১২ মাসই খেলা যায়। তা ছাড়া এটির রক্ষণাবেক্ষণ খরচ ঘাসের মাঠের চেয়ে কম। তবে টার্ফের নেতিবাচক দিকও আছে। তীব্র গরমে খেলা যায় না। ফুটবলারদের বেশি শক্তি ক্ষয় এবং চোট আঘাত বেশি হয় বলেও আলোচনা আছে। যদিও বাফুফে বলছে, ফিফার গবেষণা অনুযায়ী টার্ফে চোট তুলনামূলক কম। কিন্তু কাল প্রথম দিনে ফুটবলারদের অভিজ্ঞতা ভিন্ন।
বারিধারার কাছে ২-১ গোলে হেরে যাওয়া ভিক্টোরিয়ার ডিফেন্ডার দিদার বললেন, ‘মাঠটা খুব ভারী। পায়ের পেশিতে ব্যথা হচ্ছে।’ একই দলের মিডফিল্ডার দিদারুল আলমের কথা, ‘এখানে ইনজুরির ভয় বেশি। বাড়তি শক্তি লাগছে।’ তবে ইতিবাচক দিকও দেখছেন দিদারুল, ‘টার্ফে গোছানো ফুটবল খেলতে সুবিধা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বল হঠাৎ লাফ দিয়ে ওঠে, উঁচু-নিচু মাঠে পাসিংও ঠিকঠাক হয় না। কিন্তু টার্ফে এই সমস্যাগুলো নেই। বল নিয়ন্ত্রণ, রিসিভিং ভালো হয়।’
কলকাতার আইএফএ শিল্ডে শেখ জামাল দারুণ নৈপুণ্য দেখিয়েছে টার্ফে। ভুটানের কিংস কাপে তো চ্যাম্পিয়নই হয়েছে দলটি। তবে ফুটবলাররা বলছেন, দেশে বসানো এই টার্ফের সঙ্গে মানিয়ে নিতে সময় লাগবে। অবশ্য কমলাপুরে শুধু টার্ফটাই বসেছে। ভেতরে সেই দুর্গন্ধ, ময়লা-আবর্জনা সব আগের মতোই বহাল তবিয়তে আছে। ড্রেসিংরুমসহ অন্য কিছুতেও সংস্কারের ছোঁয়া লাগেনি। মাঠটা রং বদলেছে, মাঠের বাইরেও রংটা বদলাবে কি?