ফুটবলে তারকাদের দরকার নেই!

কী খেলছিলেন রাদামেল ফ্যালকাও! গোলমুখের শিকারি বাজপাখি যেন। কিন্তু তাঁকে ধরে রাখতে পারল না অ্যাটলেটিকো। বড় ক্লাবের প্রলোভন সামলাতে পারলেন না ফ্যালকাও নিজে। এরপর ডিয়েগো কস্তাও। ওদিকে গোলপোস্টের অতন্দ্র প্রহরী হয়ে ওঠা করতোয়াকেও হারাতে হলো। আরদা তুরানকে কিনে নিয়ে গেল বার্সেলোনা।
ডিয়েগো সিমিওনে ভেতরে ভেতরে কষ্ট পেলেও পেয়ে থাকতে পারেন। কিন্তু বাইরে থেকে বোঝা যায়নি। একের পর এক সেরা খেলোয়াড়কে হারিয়ে ফেলার ছাপ বোঝা যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের খেলাতেও।
কস্তা-ফ্যালকাওদের অভাব পুষিয়ে দিয়েছেন ‘অচেনা’ গ্রিজমান। করতোয়া নেই? ওব্লাক তো আছেন! রেডিমেড তারকাদের ভিড় বাড়িয়েও যখন তারকা কোচরা সাফল্য পাচ্ছেন না, তখন ক্লদিও রানিয়েরি, সিমিওনেরা এই বার্তা দিচ্ছেন, টাকা ঢাললেই শিরোপা মেলে না; মিললেও তার কৃতিত্বই–বা কত? চেলসিকে যে কোচ পরম আরাধ্যের চ্যাম্পিয়ন লিগ ট্রফিটা জিতিয়েছিলেন কয় বছর আগে; কজনই–বা মনে রেখেছে তাঁকেও?
কাল যে কথাটা সিমিওনের বলার কথা ছিল, সেটাই বললেন রানিয়েরি, ফুটবলে তারকাদের দরকার নেই। তারকা মানেই সাফল্যের নিশ্চয়তা নয়। সামনের মৌসুমে লেস্টার নিশ্চয়ই প্রিমিয়ার লিগের ট্রফি ধরে রাখতে চাইবে।
শক্তি বাড়াতে কি বড় বড় তারকাকে নিয়ে আসা হবে? রানিয়েরি বলেই দিলেন, ‘আমাদের সুপারস্টারদের দরকার নেই। আমাদের দরকার আমাদের খেলোয়াড়। আমি বড় তারকা খেলোয়াড়ের বদলে সঠিক খেলোয়াড়কেই বেশি পছন্দ করি।’
কিন্তু বাইরে থেকে তারকা না হয় না-ই আনা হলো, দলের ‘তারকা’দের রেখে দিতে পারবেন তো? টাকার প্রলোভন আর নামকরা ক্লাবে খেলার হাতছানি তো আছেই। রানিয়েরি বাস্তবতা বোঝেন। তবে শিষ্যদের প্রতি একটা পরামর্শও তাঁর আছে, ‘ওদের বলব, অন্য কোথাও যদি যেতে চাও, তুমি কিন্তু জানো না কী হতে পারে। বড় দলে যাওয়ার পর হয়তো একাদশে জায়গাই মিলল না, তুমি ধার হারিয়ে ফেললে। তার চেয়ে তুমি তো এখানেই রাজা হয়ে আছো। আরও এক বছর থাকো, তারপর নাহয় চলে যেয়ো। তুমি কী করবে এই সিদ্ধান্ত নেওয়াটা তাই সব সময়ই গুরুত্বপূর্ণ।’
উদাহরণ হিসেবে তুরানের কথাও বলা যায়। বার্সার মতো ক্লাবে আসতে পেরে তুরান নিশ্চয়ই গর্বিত। কিন্তু বেশির ভাগ সময় বেঞ্চ গরম করতে থাকা এই মিডফিল্ডার যদি দেখেন, তাঁর ফেলে আসা দল, সতীর্থরা এবার চ্যাম্পিয়ন লিগ ট্রফি নিয়ে উৎসব করছেন, যে উৎসবে থাকতে পারতেন তিনিও; তুরানের কি একটুও মন পুড়বেন না?