ফুটবলে দেশি কোচে ফেরা...
>


চাইলে বিদেশি কোচ নিতেও পারতাম। কিন্তু মারুফকে দিলাম সে খেলোয়াড়দের ভালোভাবে জানে
—কাজী সালাউদ্দিন
মারুফ খেলোয়াড়দের সম্পর্কে অনেক জানে। কার কী ক্ষমতা বোঝে। আমার বিশ্বাস সে ভালো করবে
—গোলাম সারোয়ার টিপু
‘কোচ দেশিই কী আর বিদেশি কী! কোচ তো কোচই। তিনি ফল দিতে পারছেন কি না সেটাই বড়। ফল না দিলে চটজলদি বিদায়।’
কাজী সালাউদ্দিন বারবারই কথাটা বললেন। অনেক দিন পর জাতীয় ফুটবল দলের প্রধান কোচ করা হলো একজন দেশি কোচকে। সেটিও অবশ্য বেকায়দায় পড়ে। ফাবিও লোপেজকে বিদায় দিয়ে আগামী মাসে সাফের আগে পছন্দনীয় বিদেশি কোচ আনা সম্ভব নয়। তাই মারুফুল হককে আপাতত সাফ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
তবে ‘বেকায়দা’ শব্দটা মানলেন না বাফুফে সভাপতি, ‘বিদেশি কোচ তো দেশে আছে। চাইলে নিতেও পারতাম। কিন্তু মারুফকে দিলাম সে খেলোয়াড়দের ভালোভাবে জানে। দেখি না কী করে।’ এটাকে দেশি কোচের ওপর আস্থা ফেরানোর উদ্যোগ বলছেন কেউ কেউ। তবে সালাউদ্দিনের ব্যাখ্যাটা ভিন্ন, ‘কোচ কীভাবে দল পরিচালনা করেন, সেটাই বড়। নিজে কোচ ছিলাম, সেই অভিজ্ঞতায় বলছি, কোচের মেধা আর দল পরিচালনার ক্ষমতাই আসল। দেশের পরিচয়টা আমি দেখব না।’
অনেকে বলছেন, মারুফুল হককে লম্বা সময়ের জন্য দায়িত্ব দেওয়া উচিত। এ ক্ষেত্রে সালাউদ্দিন বাকি বিশ্বের উদাহরণ টানলেন, ‘আধুনিক ফুটবল ফলনির্ভর। মারুফকে নিয়েছি সে রেজাল্ট দিলে ভালো, নইলে ছাঁটাই। দেশি আবেগ নিয়ে বসে থাকলে চলবে না।’
আর্জেন্টিনার ক্রুসিয়ানির পর ধরলে গত ১০ বছরে বিদেশি কোচ এসেছেন বেশ কয়েকজন—ভারতের সৈয়দ নইমুদ্দিন, ব্রাজিলের ডিডো, ক্রোয়েশিয়ার রুবচিচ, সার্বিয়ার জর্জেভিচ, মেসিডোনিয়ার ইলিয়েভস্কি, ডাচ ডি ক্রুইফ ও ইতালির ফাবিও লোপেজ। কম তো দেখা হয়নি। কিন্তু প্রত্যাশিত ফল নেই। এর কারণ অনেক। কোচ নিয়োগে বাফুফের অপেশাদারি মনোভাবও সমালোচিত। কোচের কাজে হস্তক্ষেপ করে কোচ তাড়ানোর উদাহরণ হাতের কাছেই আছে। লোপেজকে নিয়োগ দেওয়া হয়েছিল রাতারাতি, তাঁর সম্পর্কে তেমন খোঁজখবর না নিয়েই। সালাউদ্দিন তা মেনেও নিলেন, ‘সময়ের অভাবে আসলে অনেক কিছুই দেখতে পারিনি।’
তবু বিদেশি কোচই নেওয়া উচিত—এই তত্ত্বে বিশ্বাস করার লোক অনেক। অটো ফিস্টার, সামির শাকির, জর্জ কোটানরা সাফল্য দিয়ে গেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে তেমন ভালো মানের কোচ আনা যায়নি। ক্রুইফ খারাপ ছিলেন না, কিন্তু তাঁর বেতন-ভাতা নিয়ে কেলেঙ্কারি কম হয়নি।
জাতীয় দলে সর্বশেষ নিয়োগপ্রাপ্ত দেশি কোচ ছিলেন আবু ইউসুফ, ২০০৮ সাফে। তার আগে শফিকুল ইসলাম মানিক, হাসানুজ্জামান বাবলুরাও কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে সাইফুল বারীও ভারপ্রাপ্ত হিসেবে জাতীয় দল সামলেছেন। তাই দেশি কোচ নেওয়া হয় না কথাটা মানতে পারছে না সালাউদ্দিন, ‘আমি ফেডারেশনে এসে তো দেশি কোচ অনেককেই দেখলাম। কাজেই দেশি কোচে এখন আস্থা রাখলাম কথাটা তো ঠিক নয়।’
সাধারণ অভিমত হলো, দেশি কোচরা পরীক্ষা-নিরীক্ষায় খুব একটা যান না। তাঁদের অনেকে খেলোয়াড়দের সেভাবে নিয়ন্ত্রণ করতে পারেন না, কারও কারও ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকে। সহমত পোষণ করলেন বাবলু, ‘দেশি কোচদের সীমাবদ্ধতা আছে। এ ক্ষেত্রে বিদেশিদের অধীনে দল কঠোর নিয়ন্ত্রণে থাকে। এটা সত্য।’ তবে মারুফকে জাতীয় দলের কোচ করায় উচ্ছ্বসিত বাবলু একটা প্রশ্ন তুলে দিচ্ছেন, ‘বিদেশি কোচ ফল দিতে না পারলে লাভ কী?’
জাতীয় দলের সাবেক কোচ গোলাম সারোয়ার টিপুর মনেও আছে প্রশ্নটা, ‘বিদেশি কোচ তো অনেক দিন দেখলাম। এখন মারুফকে দায়িত্ব দেওয়ায় ভালোই হয়েছে। ওর কোচিং জ্ঞান আছে, সম্প্রতি উয়েফা ‘এ’ লাইসেন্স করেছে। খেলোয়াড়দের সম্পর্কে অনেক জানে। কার কী ক্ষমতা বোঝে। আমার বিশ্বাস সে ভালো করবে।’
দেশি কোচ নিয়োগ সেই স্বাধীনতার পর প্রথম জাতীয় দল থেকেই। ১৯৭৩ সালে মারদেকায় যাওয়া বাংলাদেশের প্রথম জাতীয় দলের কোচ ছিলেন প্রয়াত সাহেব আলী। তারপর আবদুর রহিম, গফুর বেলুচ, গোলাম সারোয়ার টিপু, কাজী সালাউদ্দিনরা। টিপু ছিলেন অনেকবারই। বাবলুও বেশ কয়েকবার।