
নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে স্টেডিয়ামটা পাহাড়ের কোলঘেঁষা। স্থানীয়রা মালিগাঁও রেলওয়ে স্টেডিয়াম বলেই চেনে সেটিকে। শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের এই স্টেডিয়ামে ক্রিকেট, ফুটবলসহ আরও অনেক খেলারই আয়োজন চলে। ১০ হাজার দর্শকের গ্যালারি। তবে বেশির ভাগ সময় এই মাঠে ফুটবলই থাকে, কাল জানালেন রেলওয়ে স্টেডিয়ামের মাঠকর্মী দীপঙ্কর ঘোষ।
ভারতের পিছিয়ে থাকা রাজ্য আসামের এই ক্রীড়া অবকাঠামোর মতো অবকাঠামো বাংলাদেশের অনেকে জেলা শহরেও নেই। ক্রিকেট খেলা হলেও মাঠের পিচ দেখে তা বোঝার উপায় ছিল না। এই মাঠেই কাল সকালে বেশ স্বচ্ছন্দে অনুশীলন করলেন বাংলাদেশের ফুটবলাররা।
গেমসে ফুটবলটা সব সময়ই মর্যাদার খেলা। আর তাতে ভালো করার চ্যালেঞ্জটা বাংলাদেশের ফুটবলারদের কাছে এবার আরও বেশি। ঢাকায় সর্বশেষ এসএ গেমসে জেতা ১৮টি সোনার একটি এসেছিল ফুটবলে। কোচ গঞ্জালো মোরেনো তখন স্পেন না কোথায় পড়ে ছিলেন কে জানত? তবু অতীতের গৌরবময় অর্জনটা এই স্প্যানিশ কোচকে উদ্বুদ্ধ করছে। ফুটবলে সোনার পদক ধরে রাখার চ্যালেঞ্জের সঙ্গে যোগ হয়েছে ফুটবলারদের সাম্প্রতিক বাজে পারফরম্যান্স। সাফের ব্যর্থতা, বঙ্গবন্ধু গোল্ড কাপে দুটি দলের মিলিত হতাশা, ফুটবলারদের শৃঙ্খলা ভঙ্গ করা নিয়ে বিতর্ক—সব মিলিয়ে ফুটবলের সুনাম ফিরিয়ে আনার বড় মঞ্চ হয়ে সামনে এসেছে এসএ গেমস। হোক না অলিম্পিক দল, তাতে কিছু এসে যায় না। ফুটবলের জয় দিয়েই সব মুছে দিতে চান মোরেনো।
গেমসের ফুটবলে মেয়েরা আগেই মাঠে নামলেও আজই শুরু হচ্ছে ছেলেদের খেলা। গুয়াহাটির সাই স্পোর্টস কমপ্লেক্স মাঠে আজ বেলা আড়াইটায় ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। অধিনায়ক রেজাউল করিমের মুখে নতুন দিনের গান, ‘অতীতে যা ঘটেছে সেসব আমরা ভুলে যেতে চাই। এই গেমস দিয়ে নতুন কিছু শুরু হোক আমাদের।’ সর্বশেষ এসএ গেমসের সোনাজয়ী দলের একমাত্র সদস্য রেজাউল জানেন কাজটা সহজ হবে না। যদিও এই দলে আছেন জামাল ভূঁইয়া, রেজাউল ও নাবিব নেওয়াজ জীবনের মতো সিনিয়র ফুটবলার।
কোচ মোরেনো অবশ্য জয় দিয়েই গেমস শুরু করতে চান। পরশু নেপালের কাছে ৫-০ গোলে হেরেছে ভুটান। আজও ভুটান হারলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হবে বাংলাদেশের। তবে ভুটানকে হালকাভাবে নেওয়ার ভুল করতে চান না কোচ, ‘নেপালের কাছে ওরা বড় ব্যবধানে হারলেও ওদের দুর্বল ভাবছি না। সবাই যদি মাঠের নিজের কাজ ঠিকমতো করে, আমরাই জিতব।’
মোরেনো আজ ৪-৪-২ ছকে খেলানোর আভাস দিলেন, ‘আমি ফরোয়ার্ড লাইনে খেলাব হেমন্ত ও জীবনকে। তবে প্রতিপক্ষের খেলা দেখে কৌশল বদলাতেও পারি।’
সাম্প্রতিক সময়ে ফুটবলারদের শৃঙ্খলা ভাঙার বিষয়টা নিয়ে খুব সতর্ক মোরেনো, ‘আমার এখানে ফুটবলাররা নিয়মশৃঙ্খলার মধ্যেই আছে। শৃঙ্খলার প্রশ্নে আমার জিরো টলারেন্স। যদি জানতে পারি কেউ নিয়ম ভেঙেছে, তাকে সোজা ঢাকায় পাঠিয়ে দেব।’