ফুটবলে নতুন 'ধনাঢ্য' দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাদার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে এবার তিনটি দল বাফুফের ছাড়পত্র পেয়েছে। এই তিনের অন্যতম দেশের ফুটবলে একটি পুরোনো নাম, প্রথম চারটি পেশাদার লিগে খেলে অবনমিত চট্টগ্রাম মোহামেডান। কারওয়ান বাজার প্রগতি সংঘও তৃণমূলে খেলা একটি দল। তবে সাইফ স্পোর্টিং লিমিটেড একেবারেই নতুন।
প্রিমিয়ার লিগের স্বত্ব কেনা প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের দল সাইফ স্পোর্টিং লিমিটেড। শুধু ফুটবল বিপণন নয়, দেশের শীর্ষ ফুটবলেও তারা একটি দলের মালিক হতে চলেছে। ‘টাকা কোনো ব্যাপার নয়’ স্লোগান নিয়ে এগিয়ে আসা প্রতিষ্ঠানটি পৃষ্ঠপোষণা করছে চট্টগ্রাম আবাহনীকে। ভালো দল গড়ে আগামী মৌসুমের প্রিমিয়ার লিগে খেলা এ দলটির পক্ষে কঠিনও নয়।
তবে কী যোগ্যতায় সাইফ স্পোর্টিংকে সরাসরি চ্যাম্পিয়নশিপ লিগে খেলার অনুমতি দেওয়া হলো এই প্রশ্নটা আসেই। আর সেই প্রশ্নে বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদের যুক্তি, ‘ওরা এই স্তরে খেলতে সব শর্তই পূরণ করেছে।’ তবে সত্যটা হলো, অর্থবিত্ত এবং প্রভাব থাকলে সরাসরি শীর্ষস্তরে খেলার ছাড়পত্রও মেলে দেশের ফুটবলে। ঐতিহ্যবাহী ওয়ারীর যেমন আর প্রভাব নেই, তাই তারা চ্যাম্পিয়নশিপ লিগ থেকে গতবার অবনমিত হয়ে এবার ফেরার আবেদন করেও সাড়া পায়নি বাফুফের।
তবে এবারের চ্যাম্পিয়নশিপ খেলার সুযোগ পেয়েও নারায়ণগঞ্জ শুকতারা ও কক্স সিটি সেটি নিতে যেন আগ্রহী নয়। বাফুফে আশা করেছিল প্রিমিয়ার লিগ থেকে অবনমিত এই দুটি দল এবার চ্যাম্পিয়নশিপ লিগে খেলবে। এ জন্যই বাফুফের গত এপ্রিলের নির্বাচনে দল দুটি কাউন্সিলরশিপ পেয়ে যায়। কিন্তু নির্বাচন পেরিয়ে যাওয়ার পর তারা খেলার ব্যাপারে আগ্রহ দেখাল না।
যদিও দল দুটির জন্য আরও এক সপ্তাহ অপেক্ষা করা হবে বলে জানালেন নাবিল। কমলাপুর স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপ লিগ অবশ্য শুরু হয়ে যাচ্ছে ১০ অক্টোবর থেকেই। ১৮-৩০ সেপ্টেম্বর হবে দলবদল। আর আগের মতো এবারও চ্যাম্পিয়নশিপ লিগ থেকে প্রিমিয়ারে উঠবে দুটি দল।