
স্বাগতিক দলবিহীন ফাইনাল নাকি জমজমাট হয় না। কথাটা মিথ্যা প্রমাণিত হলো কাল। বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে বাংলাদেশ নেই তো কী, বাহরাইন আর নেপালের এই ফাইনালটা এককথায় অনবদ্য।
ফাইনালে দর্শক হবে কি না, সেই শঙ্কা ছিল আয়োজক বাফুফের। নেপাল-বাহরাইনের খেলা কে গাঁটের পয়সা খরচ করে দেখতে আসবে! কিন্তু ম্যাচ শুরুর ঘণ্টা খানেক আগে স্টেডিয়ামপাড়ায় দর্শকের লম্বা লাইন দেখে মনে হয়েছে, বাংলাদেশই বুঝি খেলছে!
ফাইনালে ট্রফি দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতির জনকের নামে টুর্নামেন্ট—কখনোই এটা মনে হয়নি বাংলাদেশ ফাইনালে নেই। গ্যালারিতে প্রায় ১৫ হাজার দর্শকের ভিড়ে ছিলেন অনেক নেপালি, যাঁরা বাংলাদেশে পড়াশোনা বা ব্যবসা-ট্যবসা করেন। তা ছাড়া স্থানীয় দর্শকেরাও নেপালকে দিয়েছেন অকুণ্ঠ সমর্থন। এই অঞ্চলের দল হিসেবে সবাই চাইছিলেন জয়ের নেশায় বুঁদ হয়ে থাকা অদম্য নেপালই জিতুক।
সেমিফাইনালে মালদ্বীপকে ৪-১ গোলে চূর্ণ করে ফাইনালে এসেছে নেপাল, চূড়ান্ত লড়াইয়ে নেপালই তাই ছিল ফেবারিট। যদিও বাহরাইনে তরুণদের স্কিল, উচ্চতা ও শারীরিক সামর্থ্য নেপালের চেয়ে বেশি। কিন্তু নেপালিদের গতি আর নিশানাভেদের দক্ষতা ফাইনালটাকে শেষ পর্যন্ত ‘নেপালের ফাইনাল’ বানিয়ে দিয়েছে। ৩-০ গোলে ম্যাচ জিতলে সেটাই তো হয়।
এই বঙ্গবন্ধু স্টেডিয়ামেই ১৯৯৩ সালে সাফ গেমস ফুটবলের সোনা জিতেছিল নেপাল। ২২ বছর পর আরেকটি ট্রফি জয়ের আনন্দ করতে পারলেন কিছুদিন আগে ভূমিকম্প-বিধ্বস্ত দেশটির ফুটবলাররা। ১৯৯৯ কাঠমান্ডু সাফ গেমসের ফাইনালে বাংলাদেশের কাছে হারের পর এটিই ছিল নেপালের প্রথম ফাইনাল। সেটি দুহাত ভরেই দিল একদল সাহসী নেপালি তরুণকে।
শেষ বাঁশির সঙ্গে সঙ্গে ডাগ-আউটে আনন্দে ফেটে পড়লেন গর্বিত বালগোপাল মহারজন। ২২ বছর আগে ঢাকায় সোনাজয়ী সেই দলের খেলোয়াড় বালগোপাল ঢাকার ঘরোয়া ফুটবলে খেলেছেন অনেক দিন। কোচ মারুফুল হকের অধীনে বাংলাদেশেই এসে এএফসি-সি লাইসেন্স কোর্স করা বালগোপাল তাঁর নবীন শিষ্যদের দারুণভাবে উজ্জীবিত করলেন যুদ্ধ জয়ের মন্ত্রে।
তিনটি নাম আলাদা করে বলা উচিত। বিমল, বিশাল আর নবযুগ। ফাইনালের তিন গোলদাতা। দারুণ সব গোল করলেন এঁরা। ম্যাচের পঞ্চম মিনিটেই বাহরাইন গোলরক্ষকের দুর্বল পাঞ্চের সুযোগ নিয়ে বুদ্ধিদীপ্ত প্লেসিং করলেন প্রথমজন। দ্বিতীয়জন ফাইনালের সেরা খেলোয়াড়, ৮৭ মিনিটে ক্রস থেকে তাঁর শটে বাহরাইনের সব আশা শেষ। অতিরিক্ত সময়ে ক্রস থেকে হেডে শেষ পেরেকটা ঠুকলেন তৃতীয়জন। বাহরাইন অনেক চেষ্টা করলেও নেপালিরা ভেঙে পড়েনি। বরং শেষ দিকে এত দ্রুত পাল্টা আক্রমণে গেছে যে, বাহরাইনিরা ধারণাই করতে পারেনি নেপালিরা এত ধ্বংসাত্মক হতে পারে।
নেপালের একজন ও বাহরাইনের দুজন খেলোয়াড় লাল কার্ড দেখলেন দ্বিতীয়ার্ধে। দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি হলো দুবার। রোমাঞ্চ, উত্তেজনা—সব মিলিয়ে স্মরণীয় ফাইনালই। দর্শকহৃদয় জয় করল নেপাল, সোনালি প্রজন্মের হাত ধরে তারা ট্রফি নিয়ে গেল বাংলাদেশ থেকে। আর ‘আমরা কোথায় আছি’—মনের মধ্যে এই প্রশ্নটাকে নিয়ে মামুনুলরা চেয়ে চেয়ে দেখলেন নেপাল দলের জয়োৎসব।
প্রধানমন্ত্রীর হাত থেকে ট্রফি নেওয়ার আগে-পরে নেপালের তরুণদের বাঁধনহারা আনন্দ ছড়িয়ে পড়ল স্টেডিয়ামের এদিক-ওদিক। এসব দেখে বাংলাদেশের ফুটবল নীরবে দীর্ঘশ্বাসই কি ফেলেনি?