
ফুটবলে এর চেয়ে বেশি রোমাঞ্চের আভাস নিয়ে আসতে পারত না ২০১৫!
বছরটা শুরুই হচ্ছে ঘরের মাঠে বঙ্গবন্ধু কাপের আবহসংগীত বাজিয়ে। মার্চে ঢাকাতেই অনূর্ধ্ব-২৩ এএফসি টুর্নামেন্ট। ভারতে সাফ ফুটবল দিয়ে শেষ হবে নতুন বছরের অভিযান। মাঝখানে সাত-আটটি ফিফা প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ থাকছে। বিদায়ী বছরের ঘরের মাঠে ৫টিসহ রেকর্ড ৭টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। নতুন বছরটা তাই বাংলাদেশের ফুটবলে প্রত্যাশার পারদ চড়িয়ে দিচ্ছে কয়েক গুণ।
ঘরোয়া আয়োজনও থাকবে। ফেডারেশন কাপ, লিগ, স্বাধীনতা কাপ, সুপার কাপ...। তবে শেষের দুটি হবে কি না বলা কঠিন। গত বছর সুপার কাপ হয়নি নানা অজুহাতে। এবার সময় কম হাতে, তার পরও ফুটবলাররা চান সব কটিই টুর্নামেন্টই খেলতে। আন্তর্জাতিক ও ঘরোয়া মিলিয়ে ব্যস্ত সময়েরই হাতছানি ফুটবলারদের সামনে। বছরটাকে স্মরণীয় করতে তাঁদের ভূমিকাই সবচেয়ে বড়। খেলোয়াড়েরা মাঠে ভালো খেললে তবেই অর্থবহ হবে ২০১৫।
জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলামের উপলব্ধিতেও তা আছে পুরোপুরি। বারবার তিনি একটা কথাই বলছেন, ‘২০১৪ বেশ ভালো কেটেছে। অনেক ম্যাচ খেলছি আমরা। ধারাবাহিকতা থাকুক নতুন বছরে। তবে সত্যি হলো, আমাদের এখন রেজাল্ট করতে হবে। মাঠে খেলার আনন্দ তো আছেই, সঙ্গে ভালো ফল করলে ফুটবলে দর্শক ফিরবে। কাজেই নতুন বছরে ম্যাচে ভালো কিছু করে দেখানোই সবচেয়ে জরুরি।’
নতুন বছর বঙ্গবন্ধু কাপের আমন্ত্রণ নিয়ে এসেছে অধিনায়কের সামনে। সপ্তাহ দুয়েক পরই এটির মাঠের লড়াই। মামুনুল চান দীর্ঘপ্রত্যাশিত এই টুর্নামেন্টে বাংলাদেশকে নতুন করে তুলে ধরতে, ‘বঙ্গবন্ধু কাপ খেলতে উন্মুখ হয়ে আছি। ঘরের মাঠে এই আয়োজন স্মরণীয় করে রাখতে আমাদের ভালো কিছু করা চাই। গ্রুপের ওপর যদিও অনেক কিছু নির্ভর করবে, তবু আমি চাই ফাইনালে খেলতে।’

ফিফা র্যাঙ্কিংয়ে গত বছর বাংলাদেশ একপর্যায়ে নেমে গিয়েছিল ১৮১-তে। অবশ্য শুধু মাঠের পারফরম্যান্সে নয়। অনেকগুলো সূচক বিবেচনায় রাখে ফিফা। বছরের শেষটা অবশ্য শুরুর জায়গাতেই এসে ঠেকেছে—১৬৫। এ বছর র্যাঙ্কিংয়ে আরও উত্তরণ দেখতে উদ্গ্রীব জাতীয় দলের অপরিহার্য ডিফেন্ডার ও শেখ জামাল ধানমন্ডির অধিনায়ক নাসির উদ্দিন, ‘বেশি ম্যাচ খেললে আশা করি আমাদের ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি হবে। এটা ১৫০ বা তারও নিচে নামিয়ে আনার স্বপ্ন দেখি। মাঠে ভালো করলে সেটির প্রভাব র্যাঙ্কিংয়ে পড়বেই। সেটা মাথার রাখব।’
বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জের নাম সাফ ফুটবল। ২০০৩ সালের পর ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপের’ শিরোপা অধরাটা বাংলাদেশের কাছে। এ বছর সেই ট্রফি ঘরে তুলতে চান স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। কখনো সাফ ফুটবল জেতেননি, এমিলির নিজের কাছেও তাই এই শিরোপার আকাঙ্ক্ষা অনেক বেশি, ‘সাফ ফুটবলে আমাদের চ্যাম্পিয়ন হতেই হবে। তাতে অবদান রাখতে চাই। সব খেলোয়াড়ের কাছেই এটা অনেক বড় চ্যালেঞ্জ। আশা করব, সাফের প্রতি নজরটা একটু বেশি দেওয়া হবে।’
ঘরোয়া প্রতিযোগিতার দিকেও মনোযোগ রাখা আবশ্যক মনে করছেন আরেক স্ট্রাইকার মিঠুন চৌধুরী। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক প্রতিযোগিতার ওপর বেশি জোর দিতে যাওয়ায় ঘরোয়া খেলাটা আড়ালেই ঢাকা পড়েছে। মিঠুন বলছেন, ‘ঘরোয়া কাঠামো শক্তিশালী হলেই আন্তর্জাতিক ম্যাচে ভালো করা সম্ভব। নতুন বছরে সব জেলা লিগ, ঢাকার সব লিগ, একাডেমির কার্যক্রমে গতি আসুক এটাই চাইব।’
সব ঠিকঠাক এগোলে নতুন বছর বাংলাদেশের ফুটবল রাঙাতে পারে সাফ ট্রফির আলোয়।