ফুটবলে পাকিস্তানের কাছে হারল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিরশত্রু ভারতের বিপক্ষে জয় তাও আবার ফুটবলে! এমন উল্লাস পাকিস্তানি ফুটবলাররা করতেই পারেন ছবি: এনডিটিভির সৌজন্যে
চিরশত্রু ভারতের বিপক্ষে জয় তাও আবার ফুটবলে! এমন উল্লাস পাকিস্তানি ফুটবলাররা করতেই পারেন ছবি: এনডিটিভির সৌজন্যে

দক্ষিণ এশীয় ফুটবলে নিজেদের সেরা শক্তি হিসেবেই দাবি করে ভারত। সে দাবির স্বপক্ষে যে যথেষ্ট যুক্তি আছে, সেটাও স্বীকার করার লোকের অভাব নেই। কিন্তু সাম্প্রতিককালে ভারতীয় ফুটবলের সময়টা যে ভালো যাচ্ছে না, সেটা তাদের মাঠের পারফরম্যান্সই প্রমাণ করে দিচ্ছে বারবার। মাঠে তাদের যাচ্ছেতাই পারফরম্যান্সের সর্বশেষ উদাহরণটি গতকালকের। পাকিস্তানের কাছে ২-০ গোলে হেরে গেছে ভারত। সাফ চ্যাম্পিয়নশিপের সর্বাধিক শিরোপাজয়ী ও ২০১১ সালে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলা ভারতের জন্য এই হার যথেষ্টই লজ্জার।
এশিয়াডের প্রস্তুতি হিসেবেই পাকিস্তানের বিপক্ষে প্রীতি সিরিজে খেলতে নেমেছিল ভারত। দুই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে অবশ্য ভারত জিতেছে ১-০ গোলে। শেষ ম্যাচে দারুণ জয়ে সিরিজ জয়ের তৃপ্তি নিয়ে এখন দেশে ফিরছে পাকিস্তান। ৫৫ বছর পর আন্তর্জাতিক ফুটবলে পাকিস্তানের কাছে হারলো ভারত। এর আগে ১৯৫৯ সালে কোচিনে শেষবার ভারতকে ১-০ গোলে হারিয়েছিল পাকিস্তান।
ভারতকে জয়বঞ্চিত করার পেছনে বড় ভূমিকা আছে পাকিস্তানের গোলরক্ষক মুজামিল হুসেইনের। ভারতের বেশ কয়েকটি ভালো গোল প্রচেষ্টা দুর্দান্ত দক্ষতায় রুখে দিয়েছেন তিনি। প্রথমার্ধের ৩৮ মিনিটে পাকিস্তানের পক্ষে প্রথম গোলটি করেন কলিমউল্লাহ।
দ্বিতীয়ার্ধে গোল শোধের মরিয়া চেষ্টা চালিয়েও সফল হতে পারেননি ভারতের ফুটবলাররা। উল্টো আরেকটি গোল করে পাকিস্তানের জয় নিশ্চিত করে ফেলেন হুসেইন।— এনডিটিভি