ফুটবলে বর্ষসেরা বেলজিয়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধারাবাহিকতারই পুরস্কার এটি। বছর শেষের র‍্যাঙ্কিংয়েও শীর্ষস্থান ধরে রেখে ২০১৫ সালে ফিফার বর্ষসেরা দল হলো বেলজিয়াম। গত নভেম্বরেই প্রথমবারের মতো ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে বেলজিয়াম। গত মাসে প্রীতি ম্যাচে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে সেটি তারা ধরেও রেখেছে।

২০১৪ সালের বর্ষসেরা দল জার্মানি এ বছরটা শেষ করেছে র‍্যাঙ্কিংয়ে চার নম্বরে থেকে। এ মাসে দুই ধাপ পিছিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। এই সুযোগে এক ধাপ এগিয়ে দুইয়ে উঠেছে আর্জেন্টিনা। তিন ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে স্পেন।

বছরের সবচেয়ে উন্নতি করা দলের স্বীকৃতি পেয়েছে তুরস্ক। ২০০৮ সালের পর প্রথমবার ইউরোর চূড়ান্ত পর্বে ওঠা তুর্কিরা এক বছরে ২৮ ধাপ এগিয়ে ২১ নম্বরে উঠে এসেছে।

গত মাসে বিশ্বকাপ বাছাইয়ে তাজিকিস্তান ও অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারা বাংলাদেশ পিছিয়েছে দুই ধাপ। ফিফা র‍্যাঙ্কিংয়ে নিজেদের ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন অবস্থান ১৮২ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। অক্টোবরেও ১৮২ নম্বরে ছিল বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে বাংলাদেশের ওপরে আছে আফগানিস্তান (১৫০), মালদ্বীপ (১৬০) ও ভারত (১৬৬)। তথ্যসূত্র: ফিফা।