ফুটবলে বাংলাদেশের 'কৃষ্ণার্জিত' জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলে এবার ভালো কিছু করার আশা নিয়েই ভারতে এসেছে বাংলাদেশের মেয়েরা। কিন্তু নেপালের কাছে প্রথম ম্যাচে ৩-০ গোলে হেরে সেই স্বপ্নযাত্রায় কিছুটা হলেও হোঁচট খায় বাংলাদেশ। তবে জয়ে ফেরা গেল কালই। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে কাল বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে।
ম্যাচের ৬২ মিনিটে প্রথমে গোল করে দলকে এগিয়ে নেন কৃষ্ণা রানী। ৬৬ মিনিটে সমতায় ফেরে শ্রীলঙ্কা। এরপর ৮৫ মিনিটে ওই কৃষ্ণাই করেছেন জয়সূচক গোলটি।
সাঁতারে কাল ৭টি ইভেন্টের মধ্যে ১টি সোনা ও ২টি ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ। মেয়েদের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সোনা জিতেছেন মাহফুজা খাতুন। ২টি ব্রোঞ্জই জেতেন মাহফিজুর রহমান সাগর—৫০ মিটার ও ১৫০০ মিটার ফ্রি স্টাইলে।
আর্চারিতে ফাইনালে উঠেছে রিকার্ভ ও কম্পাউন্ড দলগত মিশ্র ইভেন্টে। শিলংয়ে আজ সোনার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
ভারোত্তোলনে সোনার পদক জেতার দিনে গতবারের সোনা হাতছাড়াও হয়েছে। গত গেমসে ভারোত্তোলনের ইতিহাসে প্রথম সোনা জিতেছিলেন হামিদুল ইসলাম। এবার ৭৭ কেজিতে তিনি হয়েছেন চতুর্থ।
ভলিবলে প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে জিতলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হেরেছে পাকিস্তানের কাছে। গুয়াহাটির মাওলানা তায়েবুল্লাহ স্টেডিয়ামে হকিতেও বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে হেরেছে ৪-১ গোলে। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের হয়ে একটি গোল করেছেন মিলন হোসেন।
টেনিসে পুরুষ দ্বৈতে অমল রায় ও রঞ্জন রাম হারিয়েছেন আফগান খেলোয়াড়দের। মিশ্র দ্বৈতে রঞ্জন ও আফসানা হেরেছেন নেপালের কাছে। এই ইভেন্টে শ্রীলঙ্কার প্রতিযোগীদের কাছে হেরেছেন বাংলাদেশের ঈশিতা ও অমল রায়।
খো খোতে পুরুষ দল নেপালকে হারিয়েছে ১৭-৪ পয়েন্টে, পাকিস্তানকে ২২-৮ ব্যবধানে। মহিলা দল শ্রীলঙ্কাকে হারিয়েছে ৯-৬ পয়েন্টে, পাকিস্তানকে ১৯-৬ ব্যবধানে। সাইক্লিংয়ে ৬০ কিলোমিটার ক্রাইটেরিয়াম রেসে দশম হয়েছেন রিপন বিশ্বাস, মেয়েদের এই ইভেন্টে সুবর্ণা হয়েছেন সপ্তম। টেবিল টেনিসে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।
কুস্তিতে মেয়েদের ৫৩ কেজিতে রেশমা আক্তার, ৫৮ কেজিতে তানজিলা মাসুদি ব্রোঞ্জ জেতেন। ছেলেদের ৮৬ কেজিতেও ব্রোঞ্জ জিতেছেন মোহাম্মদ রহমান।