ফুটবলে বেশি ম্যাচ খেলার সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনিতেই বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায় খুব কম। মামুনুলদের সামনে এবার সুযোগ এসেছে আন্তর্জাতিক ম্যাচ বেশি খেলার। এটা সম্ভব করেছে ফিফার সর্বশেষ র‌্যাঙ্কিং। যেখানে এশিয়া অঞ্চলে বাংলাদেশের অবস্থান ৩৪তম। ডিসেম্বরের র‌্যাঙ্কিং থেকে এক ধাপ পিছিয়ে গেলেই ২০১৯ এশিয়ান কাপের জন্য খেলতে হতো প্লে-অফ ম্যাচ। কিন্তু ফিফা র‌্যাঙ্কিংয়ের ১৫৬তম স্থান ধরে রাখায় বাংলাদেশ সরাসরি খেলবে এশিয়ান কাপের বাছাইপর্বে।
এতে বাংলাদেশের সামনে অন্তত ৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলার দুয়ার খুলছে। অথচ বাংলাদেশ প্লে-অফে হেরে গেলেই বিদায় নিতে হতো। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) কাল এক চিঠিতে বিষয়টি জানিয়েছে বাফুফেকে। এএফসির নতুন নিয়মানুযায়ী একই সঙ্গে এশিয়ান কাপ ও বিশ্বকাপের বাছাই হবে। এশীয় র‌্যাঙ্কিংয়ের ৩৫ থেকে ৪৬তম স্থানে থাকা দলগুলোকে নিয়ে হবে প্রাক-বাছাইয়ের প্রথম রাউন্ড। প্লে-অফ ভিত্তিতে ওই খেলাগুলো হবে। এখান থেকে ৬টি দল যাবে দ্বিতীয় রাউন্ডে। এই ৬টি দল এবং র‌্যাঙ্কিংয়ের ১ থেকে ৩৪তম দলগুলোকে নিয়ে হতে যাওয়া প্রাক-বাছাই দ্বিতীয় রাউন্ডে খেলবে বাংলাদেশ। এই ৪০ দল ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপের ৮ চ্যাম্পিয়ন ও সেরা ৪টি রানার্সআপ দল সরাসরি খেলবে এশিয়ান কাপে। এই ১২ দলই আবার বিশ্বকাপের বাছাইপর্বে সরাসরি খেলার সুযোগ পাবে।