ফুটবলে মরিচের গুঁড়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশি পাহারায় মাঠ ছাড়ছেন রিভার প্লেটের ফুটবলাররা l এএফপি
পুলিশি পাহারায় মাঠ ছাড়ছেন রিভার প্লেটের ফুটবলাররা l এএফপি

ম্যাচের প্রথমার্ধ শেষ। মাঠ ছেড়ে টানেলে ঢোকার মুখে অতিথি ফুটবলারদের ওপর চড়াও হলেন প্রতিপক্ষের সমর্থকেরা। তাঁদের চোখেমুখে ছিটিয়ে দেওয়া হলো মরিচের গুঁড়া। গ্যালারি থেকে উড়ে আসতে লাগল পানির বোতল, ইটের টুকরো। হাসপাতালে নিতে হলো আক্রান্ত ফুটবলারদের চারজনকে!
গত বৃহস্পতিবার আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল রিভার প্লেট ও বোকা জুনিয়র্সের ম্যাচের ঘটনা। কোপা লিবার্তাদোরেসের শেষ ষোলোর প্রথম লেগে আগের সপ্তাহে ১-০ গোলে জিতে রিভার প্লেট খেলতে গিয়েছিল বোকার মাঠে। গোলশূন্য প্রথমার্ধ শেষে মাঠ ছাড়ার মুখে আক্রান্ত হন ফুটবলাররা। রিভার প্লেটের দাবি, মরিচের গুঁড়া ছাড়াও ক্ষতিকারক রাসায়নিকও খেলোয়াড়দের লক্ষ্য করে ছোড়া হয়েছে। টিভি পর্দায় দেখা যায় আক্রান্ত ফুটবলারদের কেউ চোখ কচলাচ্ছেন, কেউ চোখেমুখে ঢালছেন পানি। চার ফুটবলারকে হাসপাতালে নিতে হয়েছে বলে বুয়েনস এইরেস থেকে জানিয়েছে বিভিন্ন সংবাদ সংস্থা। ঘটনার আধঘণ্টারও বেশি সময় পর ম্যাচ বাতিল করা হয়। এই পরিস্থিতিতে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) ডিসিপ্লিনারি কমিটির গতকাল বৈঠকে বসার কথা। সেখানেই সিদ্ধান্ত হবে অমীমাংসিত ম্যাচটির শুধু দ্বিতীয়ার্ধের খেলা হবে, নতুন করে হবে পুরো ম্যাচ, নাকি জয়ী ঘোষণা করা হবে রিভার প্লেটকে। এএফপি, রয়টার্স।