ফুটবলে স্লোভেনিয়ান কোচ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জানুয়ারির তৃতীয় সপ্তাহে বঙ্গবন্ধু কাপ, তার আগে ডিসেম্বরে জাপান অনূর্ধ্ব-২১ দলের সঙ্গে প্রীতি ম্যাচ। কাজেই হাতে সময় কম। দ্রুতই জাতীয় দলের জন্য একজন বিদেশি কোচ খুঁজে নিতে চায় বাফুফে।
এরই মধ্যে স্লোভেনিয়ান একজন কোচ নীরবে ঢাকা এসেছেন। কাল বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে তিনি দেখাও করেছেন। খুব বেশি কথা অবশ্য হয়নি, আগামীকাল সালাউদ্দিন সময় নিয়ে বসবেন স্লোভেনিয়ান কোচের সঙ্গে।
ওয়েবসাইট ঘেঁটে দেখা গেল, আরমিন সিলিয়াক নামের এই কোচের বয়স ৪১। স্লোভেনিয়ার জাতীয় দলে খেলেছেন বছর দশেক। ছিলেন ফরোয়ার্ড। ইউরো ২০০০-এ খেলেছেন, ইউরো ২০০৪-এর বাছাইপর্বে করেছেন ৮ গোল। উয়েফা ‘এ’ লাইসেন্সধারী আরমিন ২০১২ সালে ছিলেন স্লোভেনিয়ার প্রথম সারির দল অলিম্পিয়ার কোচ।
এই বায়োডাটা দেখে তাঁকে এখনই বাতিল করে দিচ্ছেন না সালাউদ্দিন, ‘তাঁর বায়োডাটা দেখামাত্রই “না” করে দেওয়ার মতো নয়। আমার খুব একটা খারাপ মনে হয়নি। এখানে কাজ করতে আগ্রহী হয়ে ঢাকা এসেছেন। মঙ্গলবার বিস্তারিত কথা বলার পর অগ্রগতি জানাতে পারব।’
জাতীয় দলের পাশাপাশি একাডেমির জন্যও কোচ খুঁজছে বাফুফে। আরমিনের সঙ্গে আলোচনা সফল হলে প্রয়োজনে তাঁকে একাডেমির কোচ হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। সবকিছুই চূড়ান্ত আলোচনার ওপর নির্ভর করছে বলে জানালেন সালাউদ্দিন।
বিদেশি কোচ নিয়োগের সাম্প্রতিক অভিজ্ঞতা বাফুফের জন্য সুখকর নয়। উচ্চ বেতনে দুই ডাচ কোচকে এনে ১৬ মাসের মাথায়ই তাঁদের বিদায় দিতে হয়েছে। বেতনের সংস্থান করতে না পেরেই কোচ এনে বাফুফে পড়েছিল বিব্রতকর অবস্থায়। শেষ পর্যন্ত লোডভিক ডি ক্রুইফকে বরখাস্ত করার ঘোষণা এসেছিল, যদিও ডি ক্রুইফ সমঝোতার মাধ্যমেই কদিন আগে ছেড়ে গেছেন বাংলাদেশ। তাঁর সহকারী রেনে কোস্টার হল্যান্ডে গিয়ে আর ফেরেননি।
সেই নাটকীয় অধ্যায়ের পর এখন বলা হচ্ছে, বেতনের জন্য একটা স্থায়ী উৎস খুঁজেই এবার কোচ নিয়োগ করা হবে। যদিও সেই উৎসের সন্ধান এখনো চলছে। তাতে কী, কোচ নিয়োগের প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেল।