ফুটবলে হঠাৎই অস্বস্তির হাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফুটবলের বিরুদ্ধে চক্রান্তকারীরা সাবধান।’ বাফুফে ভবন চত্বরে কাল দুপুরে একদল ক্লাব কর্মকর্তার মিছিল থেকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের ও মোহামেডানের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে স্লোগান উঠল। পুলিশ এল ভবন চত্বরে।
শেখ জামাল-কাণ্ডেরই জের এসব। ১৬ নভেম্বর জাতীয় দলের ক্যাম্প থেকে নিজেদের ১০ খেলোয়াড়কে নিয়ে যান ক্লাব সভাপতি মনজুর কাদের। নিয়ম ভেঙে নিজের অফিসে খেলোয়াড়দের নিয়ে মধ্যাহ্নভোজ করেছিলেন তিনি। জাতীয় স্বার্থবিরোধী ওই ঘটনার পর শেখ জামালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাল বাফুফের নির্বাহী কমিটির জরুরি সভার ঠিক আগ মুহূর্তে ওই মিছিল।
ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির সাধারণ সম্পাদক সালেহ জামান ছিলেন মিছিলের নেতৃত্বে। পরে তাঁরা বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে বিভিন্ন বিষয়ে কৈফিয়ত তলব করেন। সেলিমের কথা, ‘ফুটবল যখন ভালো অবস্থায় যাচ্ছে তখন একটি মহল ফেডারেশনকে চোর বলে গালি দিচ্ছে, আজেবাজে কথা বলছে। ফুটবলের স্বার্থবিরোধী বক্তব্য দিচ্ছে টিভি টকশোসহ নানা জায়গায়। নিচের দিকের ক্লাবগুলোর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে তাই আমরা এর প্রতিবাদ করেছি।’
ফুটবলের পরিবেশটা হঠাৎ করেই যেন একটা অস্বস্তিকর পরিবেশ, যাতে ফুটবলারদের আসন্ন দলবদল পড়ল অনিশ্চয়তায়। লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ও অন্যতম বড় দল মোহামেডানের সঙ্গে ফেডারেশনের বৈরী সম্পর্ক তৈরি হওয়ায় তারা দলবদলে আপাতত যেতে চাইবে না। কর্তাদের কাদা ছোড়াছুড়ির জেরে ফুটবলের বৃহত্তর ক্ষতিরই শঙ্কা করছেন অনেকে।
কাল বাফুফের জরুরি সভায় মনজুর কাদের ও লোকমান ভূঁইয়াকে শোকজ করার সিদ্ধান্ত হয়েছে। চিঠি পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের জবাব দিতে হবে। বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদী বললেন, ‘কাদের সাহেব বেআইনিভাবে জাতীয় দলের ক্যাম্প থেকে খেলোয়াড় নিয়ে গেছেন। তিনি বাফুফের বিরুদ্ধে অসত্য, অসংলগ্ন ও বিধিবিরোধী বক্তব্য দিয়েছেন, যা শাস্তিযোগ্য অপরাধ। বাফুফের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দিয়েছেন লোকমান সাহেবও।’ তবে লোকমান কোথায় কী বলেছেন সালাম সুনির্দিষ্টভাবে জানাতে পারেননি। শুধু বলেছেন, ‘মিডিয়ায় এসেছে, আমরা বিধি অনুযায়ী শোকজ করছি।’
লোকমান অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছেন, ‘আমি কিছু বলিনি ফেডারেশনের বিরুদ্ধে। শুধু সুপার কাপ হবে না কেন এই প্রশ্ন তুলেছিলাম। এ কারণেই তারা আমাকে শোকজ করায় আমি বিস্মিত!’ মনজুর কাদের এসব নিয়ে মুখে আপাতত কুলুপ এঁটেছেন।