ফুটবলেই আছেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাফুফের টার্ফে গোলরক্ষণ প্রশিক্ষণ দিচ্ছেন মেহেদী হাসান (মাথায় টুপি) l প্রথম আলো
বাফুফের টার্ফে গোলরক্ষণ প্রশিক্ষণ দিচ্ছেন মেহেদী হাসান (মাথায় টুপি) l প্রথম আলো

আপনার প্রিয় গোলরক্ষক কে?

—লেভ ইয়াসিন, গর্ডন ব্যাঙ্কস, সেপ মায়ার, রিনাত দাসায়েভ, অলিভার কান, ইকার ক্যাসিয়াস, জিয়ানলুইজি বুফন...

এঁরা সবাই তো বিদেশি, দেশের কেউ নেই?

ছোটদের গোলরক্ষণ প্রশিক্ষক মেহেদী হাসান ওরফে বাবুল স্মৃতি ঘেঁটে তুলে আনেন দুটি নাম, ‘শান্টু ভাই (শহিদুর রহমান শান্টু) এবং মোতালেব ভাই।’ বললেন, ‘আমি তো দেশে বেশি খেলিনি। মাত্র তিন বছর আবাহনীতে খেলেছিলাম। আমারই ভক্ত ছিলেন অনেক খেলোয়াড়।’

গত বৃহস্পতিবার, বাফুফের কৃত্রিম মাঠে মেহেদী হাসানের সঙ্গে হয়েছে এই কথোপকথন। তাঁর শেষ বাক্যটিতে একটু অহংকার যেন নীরবে ছড়িয়ে থাকে। বাংলাদেশের সাবেক কোনো ফুটবলারের মুখে ‘আমারই ভক্ত ছিলেন অনেক খেলোয়াড়’—এমন ধারা কথা শোনা যায় না। আর ইনি, ৫ ফুট ৬ ইঞ্চি শরীর ও জীবনযুদ্ধে ক্লান্ত চেহারার ৫৯ বছর বয়সী মানুষ এটা বলতে পারছেন?

টার্ফে ছোট গোলপোস্ট বসিয়ে মার্কার ফেলা হয়েছে। ছাত্ররা উত্তর দিকের দেয়ালের ফটক দিয়ে ঢুকছে ‘দাদা, দাদা’ হাঁক ছেড়ে। গোলরক্ষণ প্রশিক্ষণ শুরু হলো বলে। ব্যাগ থেকে তিনি বের করেন একটা ছোট্ট স্মরণিকা, প্রয়াত শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে এ বছর প্রকাশিত। সেটির পেছনের প্রচ্ছদে কলকাতায় ১৯৭৪ আইএফএ শিল্ডে খেলতে যাওয়া আবাহনী ক্রীড়াচক্রের ছবি। তিনি দেখিয়ে দেন, ‘এই যে আমি, ওই যে সালাউদ্দিন ভাই। ওপরে নান্নু ভাই, বিল হার্ট (কোচ), পাশে বঙ্গবন্ধু, কামাল ভাই (শেখ কামাল), বাটু ভাই।’ তাঁর ব্যাগেও অনেক ছবি আছে—বঙ্গবন্ধুর সঙ্গে, শেখ কামালের সঙ্গে। আবাহনীর সূচনালগ্নে অমলেশ, টিপু, সালাউদ্দিন, নান্নুদের সঙ্গে খেলেছেন। ছিলেন দ্বিতীয় গোলরক্ষক। যোগ্যতা প্রশ্নাতীত। বরং উল্টো প্রশ্ন উঠতে পারে, তাঁর মতো গোলরক্ষক কেন ধূসর ছবি হয়ে যান! ‘আমি কেমন খেলতাম গোলাম রব্বানী হেলাল বা টিপু ভাইয়ের (গোলাম সারোয়ার) কাছ থেকে জেনে নিতে পারেন।’ ‘১৯৭৩ সালে বাল্যবন্ধু হেলালের সঙ্গে আমাকে বরিশাল থেকে আবাহনীতে নিয়ে আসেন টিপু ভাই’—বলে যান মেহদি হাসান।

গোলাম রব্বানী হেলাল বন্ধুর প্রশংসায় পঞ্চমুখ, ‘ওর মতো গোলকিপার উপমহাদেশেই আসেনি। ও ছিল অসাধারণ ক্ষিপ্র, দুর্দান্ত সাহসী। কম উচ্চতা সত্ত্বেও ও পোস্টে থাকা ওপরের বল কখনো ফিস্ট করত না। শূন্যে বাজপাখির মতো গ্রিপ করে ফেলত।’ গোলাম সারোয়ার টিপুর আক্ষেপ, ‘বাবুলের মতো ফিটনেস, ক্ষিপ্রতা ও অনুমানক্ষমতা দেশের অনেক বিখ্যাত গোলকিপারের ছিল না। দুঃখ হয়, সামর্থ্যের পুরোটা ও দেখাতে পারেনি।’

বাংলাদেশে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা-পরবর্তী অধ্যায়টা ছিল অস্থির। শেখ কামালের প্রিয় ‘ভাইডি’ (ছোট ভাই), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদরের মেহেদি হাসান তাই দেশেই থাকেননি। তাঁর নিজের ভাষায়, ‘ঘৃণায় দেশ ছেড়ে চলে যাই কলকাতায়।’ ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সৌজন্যে রাশিয়ায় যান কোর্স করতে। সেখান থেকে আবার কলকাতা, শেষ পর্যন্ত ফেরেন দেশেই। কিন্তু ফুটবলে আর ফেরা হয়নি। বরিশালে সংসারটা চলছিল কষ্টে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন তাঁকে চাকরি দিয়েছেন। মেয়ে সোনিয়াকে ব্যাংকে চাকরি দিয়েছেন সালাম মুর্শেদী। সালাউদ্দিন-সালামের কাছে কৃতজ্ঞতার শেষ নেই তাঁর।

স্বল্প বেতনে বাফুফের টার্ফ রক্ষণাবেক্ষণ করাই তাঁর কাজ। টার্ফ পরিষ্কার করতে নেমে যান নিজেই। কখনো অভাবী ছেলেদের নিজেই সামান্য টাকাপয়সা দিয়ে কাজ সারেন। এরই ফাঁকে ছেলেদের বিনা পয়সায় গোলরক্ষণ শেখান। তাঁর ছাত্ররা দেশের প্রায় সব বয়সভিত্তিক দলের গোলরক্ষক। প্রিমিয়ার লিগেও খেলছেন অনেকে—আবাহনীর গোলরক্ষক সুলতান, শেখ জামালের মিতুল, মাসুম, সুজন, চট্টগ্রাম আবাহনীর রানা, সাইফ স্পোর্টিংয়ের পাপ্পু। গোলরক্ষণের মৌলিক বিষয়গুলো শিখতে অনেক ছেলে আসে ঢাকার বাইরে থেকে। ছাত্ররা তাঁকে ‘দাদা’ ডাকে, ছাত্রের বাবা-মায়েরও দাদা তিনি। দাদা নামের আড়ালে চলে গেছেন মেহেদী হাসান। পিতৃদত্ত নির্মল কুমার ঘোষ নামটা তো হারিয়েই গেছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পেশায় শিক্ষক বাবা মাখন লাল ঘোষকে বাঁচাতে মা-ভাইসহ ধর্মান্তরিত হয়েছিলেন। বাঁচাতে পারেননি। রাজাকাররা বাবাকে তুলে দেয় পাকিস্তানিদের হাতে। লাশই খুঁজে পাওয়া যায়নি।

ডিসেম্বর এলেই যুদ্ধস্মৃতির সঙ্গে আসে ১৯৭৫-এর মর্মান্তিক স্মৃতিও। কিন্তু ফুটবলে ডুব দিয়ে সব দুঃখ ভুলে থাকতে চান তিনি। ফুটবল কী দিল, সেটি না ভেবে ভাবেন ফুটবলকে তিনি কী দেবেন!