ফুটবলেও রেফারেল!
ধরুন, লিওনেল মেসিকে পেনাল্টি বক্সের ভেতর ফেলে দেওয়া হলো। কিন্তু রেফারি পেনাল্টি দিলেন না। লুইস এনরিকে সিদ্ধান্তটা চ্যালেঞ্জ করে বসলেন। টিভি ক্যামেরায় দেখা গেল, এনরিকেই ঠিক। রেফারি তখন বার্সেলোনার পক্ষে পেনাল্টি দিলেন।
ভাবছেন, ফুটবলে আবার এটা কী করে সম্ভব! ক্রিকেটের থার্ড আম্পায়ারের মতো ফুটবলেও তৃতীয় কারও হস্তক্ষেপ! আপাতদৃষ্টিতে এই অলীক ভাবনাটাই হয়তো বাস্তব হতে পারে। ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার নিজেই জানিয়েছেন, ফিফা পরীক্ষামূলকভাবে কোচদের রেফারির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার ক্ষমতা চালু করতে পারে।
গত জুনেই ফিফা কংগ্রেসে ভাবনাটার কথা জানিয়েছিলেন ব্ল্যাটার। পরশু ম্যানচেস্টারে সকারেক্স সম্মেলনে সেটি আরও খোলাসা করলেন ফিফা সভাপতি, ‘কোচ বা ম্যানেজাররা এক অর্ধে একবার বা দুবার রেফারির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করতে পারবেন। কিন্তু খেলা চালু থাকা অবস্থায় নয়।’ তবে রেফারি চাইলে তাঁর সিদ্ধান্তে অটলও থাকতে পারবেন বলে ব্ল্যাটার জানাচ্ছেন, ‘টেলিভিশন কোম্পানির একটা মনিটর থাকতে হবে। রেফারি সেটা দেখে তাঁর মত বদলাতেও পারেন। অনেকটা টেনিসের মতো। আশা করি আমরা পেশাদার বা আধা পেশাদার কোনো লিগে এটা যাচাই করে দেখতে পারব।’
তবে ব্ল্যাটার বলে দিয়েছেন, এ সিদ্ধান্তের জন্য অবশ্যই মাঠে টিভি সম্প্রচারের ব্যবস্থা থাকতে হবে। ধারণা করা হচ্ছে, আগামী বছর নিউজিল্যান্ডের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ফিফা এটা পরখ করে দেখতে পারে। এএফপি।