ফুটবলেও 'ক্রিকেটের থার্ড আম্পায়ার'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিডিও রেফারির সঙ্গে কথা বলছেন রেফারি ভিক্টর কাসাই। ছবি: এএফপি
ভিডিও রেফারির সঙ্গে কথা বলছেন রেফারি ভিক্টর কাসাই। ছবি: এএফপি

ফুটবল ম্যাচে কজন রেফারি থাকেন? আগে চারজন থাকতেন, এখন কখনো কখনো ছয়জনও! সেই তালিকায় আরও একজন যুক্ত হতে চলেছেন। এক ফুটবল মাঠে সাত-সাতজন রেফারিকেও দায়িত্ব পালন করতে দেখা যাবে শিগগিরই। আর নতুন সেই রেফারির কাজ হবে ক্রিকেটের থার্ড আম্পায়ারে’র মতো।

রেফারি, দুই পার্শ্বরেখায় ক্রমাগত দৌড়াতে থাকা দুই সহকারী রেফারি, সঙ্গে দুই গোললাইনে বাড়তি দুজন, আর চতুর্থ রেফারি—আগে হিসেবটা ছিল এই ছয়জনের। এখন এর সঙ্গে যোগ হয়েছে ভিডিও রেফারি।
রেফারির সিদ্ধান্তটাকে আরও নিখুঁত করতে বছর খানেক হলো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) যোগ করা হয়েছে। জাপানে চলতে থাকা এবারের ক্লাব বিশ্বকাপ দিয়েই পরীক্ষামূলকভাবে আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে সেটি ব্যবহার করছে ফিফা। সেটি কাজেও লেগেছে শুরুতেই। কাল ছিল ক্লাব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে। মুখোমুখি হয়েছিল জাপানের লিগ চ্যাম্পিয়ন কাশিমা অ্যান্টলার্স ও কলম্বিয়ার অ্যাটলেটিকো ন্যাসিওনাল। তাতে ম্যাচের ৩০ মিনিটেই প্রথমবারের মতো ভিএআর ব্যবহারের পর সিদ্ধান্ত বদলেছেন রেফারি। তা ঐতিহাসিক সেই সিদ্ধান্তটা কী? পেনাল্টি!
রেফারি ভিক্টর কাসাই মোটেই দেখেননি ঘটনাটি। বক্সের অনেক বাইরে ফ্রি কিক পেয়েছিল কাশিমা অ্যান্টলার্স। বক্সে ক্রস এল, দুই দলের খেলোয়াড়দের এদিক-ওদিক দৌড়াদৌড়ির মধ্যে কাশিমা ডিফেন্ডার দাইগো নিশিকে বক্সে ফেলে দিলেন অ্যাটলেটিকোর অরল্যান্ডো বেরিও। কাসাইয়ের নজরে তা পড়েনি। তাই পেনাল্টিও দেওয়ার প্রশ্নই আসে না। কিন্তু তখনই তাঁকে সংকেত দিলেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ড্যানি ম্যাকেলি।
সংকেত পেয়েই দৌড়ে টাচলাইনে দাঁড়ানো ম্যাকেলির কাছে গেলেন কাসাই। ৩০ সেকেন্ড সময় নিয়ে ঘটনাটা আবার দেখলেন। এরপর...বাঁশি! পেনাল্টি! সেটি থেকে গোল করে ম্যাচে প্রথম এগিয়ে যায় কাশিমা, শেষ পর্যন্ত ন্যাসিওনালকে ৩-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালেও চলে গেছে কাশিমা। যেখানে তাদের প্রতিপক্ষ হবে আগামীকাল রিয়াল মাদ্রিদ ও ক্লাব আমেরিকার মধ্যে জয়ী দল।

সিদ্ধান্ত বদলেছেন রেফারি! ভিডিও রেফারির পরামর্শে এল প্রথম সিদ্ধান্ত—পেনাল্টি! ছবি: এএফপি
সিদ্ধান্ত বদলেছেন রেফারি! ভিডিও রেফারির পরামর্শে এল প্রথম সিদ্ধান্ত—পেনাল্টি! ছবি: এএফপি

সেটি পরের ব্যাপার। এখন পর্যন্ত সবার মুখে আলোচনা ভিএআরের এই সিদ্ধান্ত। যেটি বদলে দিতে পারে ফুটবলের আগামী দিনের চিত্রনাট্যও। ফিফার টেকনিক্যাল ডেভেলপমেন্টের প্রধান অফিসার মার্কো ফন বাস্তেনও বলেছেন, ‘প্রযুক্তির ব্যবহারের হিসেবে এটি অনেক বড় একটা পদক্ষেপ।’
যদিও এই প্রযুক্তি ব্যবহারে ম্যাচের মাঝে অযথা বিরতি পড়ে বলে কেউ কেউ এর বিরো​ধিতা করছেন। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ভুল সিদ্ধান্তের চেয়ে, ৩০ সেকেন্ড খরচ করে যদি সঠিক সিদ্ধান্ত পাওয়া যায়, তবে খারাপ কী?
ফুটবলে এক রেফারির পক্ষে অনেক সময় সবকিছু নজরে রাখা সম্ভব হয় না। অনেক সময় তিনি দেখলেও তাঁর দেখাতেও ভুল থাকে। এসব ভুলের কারণে কখনো কখনো কোনো দলকে চড়া মাশুল গুনতে হয়। ভিএআরের কাজটাই হলো ম্যাচে বড় প্রভাব ফেলতে পারে বা ফেললে রেফারির এই গুরুত্বপূর্ণ ভুল সিদ্ধান্তগুলো শোধরানোর সাহায্য করা।
তবে ক্রিকেটের মতো এখানে ফুটবলাররা রেফারেল চাইতে পারবেন না। মাঠের রেফারি আর বড় বড় পর্দার সামনে বসে থাকে ম্যাচের কর্মকর্তাদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগের ভিত্তিতে ভুলগুলো শোধরানো হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত মাঠের রেফারিই নেবেন। গোল, পেনাল্টি, লাল কার্ড, একজনের বদলে ভুল করে আরেকজনকে শাস্তি বা একজনের গোল অন্যজনকে দিয়ে দিলে তা সংশোধন করা যাবে ভিএআরের মাধ্যমে। ফিফা, ইএসপিএন।