ফুটবলের অস্থির সময়ে দলবদল আজ থেকে
গত কয়েক বছরের চেয়ে ফুটবলারদের দলবদল নিয়ে এবারই কথা হচ্ছে সবচেয়ে বেশি। অনেক আগেই চ্যাম্পিয়ন শেখ জামালের ঘর ভেঙে পর্দার আড়ালে চট্টগ্রাম আবাহনী নতুনভাবে আবির্ভূত হওয়ায় দলবদলের বাজারটা গেছে চড়ে। আবাহনী, শেখ রাসেলও ভালো দল গড়েছে। এই দলগুলো আজকালের মধ্যেই খেলোয়াড় নিবন্ধন করে ফেলবে বলে খবর। হাতে এক মাস সময় থাকলেও কখন কোন খেলোয়াড় হাতছাড়া হয়ে যায়, সেই ঝুঁকি কেউই নিতে রাজি নয়।
ক্লাবগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মাত্রাটা বেড়ে যাওয়ায় এবারের মৌসুমে মাঠের লড়াইও জমবে বলে অনেকের ধারণা। তবে মাঠ মাতাবেন যাঁরা, সেই শীর্ষ ফুটবলাররা জাতীয় দলের জার্সি গায়ে ব্যর্থ হয়েছেন গত দুটি টুর্নামেন্টে। দলবদলের এই সময় কোথায় খেলোয়াড়েরা ইতিবাচক আলোচনায় থাকবেন, তা নয়, বরং বহুল প্রত্যাশিত দলবদল শুরুর আগের দিন গতকাল শীর্ষ পর্যায়ের আটজন ফুটবলারের ভাগ্য নির্ধারণ হওয়ার কথা ছিল!
কিন্তু দীর্ঘদিন পর জাতীয় দল কমিটির পূর্ণাঙ্গ এই সভায় বঙ্গবন্ধু গোল্ড কাপের দলনেতা আজমল আহমেদ তপনের আলোচিত প্রতিবেদনটি নাকি খোলাই হয়নি। ওটা নিয়ে গেছেন কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ। পরবর্তী সভায় এটি আলোচনায় আসবে বলে জানানো হয়েছে। তার আগে সময় বাড়িয়ে ৪ ফেব্রুয়ারির মধ্যে সাফের ব্যর্থতার কারণ অনুসন্ধানী কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই প্রতিবেদনের সঙ্গে দলনেতার প্রতিবেদন মিলিয়ে একবারেই আলোচনা হওয়ার কথা।
দলনেতা তাঁর প্রতিবেদনে আট ফুটবলারকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার সুপারিশ করেছেন। বাফুফের অনেক কর্মকর্তা এতে খুশি বলেই জানা গেছে। এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশা তাঁদের। এক কর্মকর্তা বললেন, ‘ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই একটা এসপার-ওসপার হয়ে যাবে।’
নেই স্টেইন: কাঁধের চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে চার টেস্ট সিরিজের প্রথম ম্যাচটির পর আর খেলা হয়নি ডেল স্টেইনের। সেই চোট থেকে সেরে না ওঠায় ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও থাকছেন না দক্ষিণ আফ্রিকান পেসার। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে মার্চের টি-টোয়েন্টি সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টেইনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ডমিঙ্গো। ক্রিকইনফো।