ফুটবলের আলোচিত দশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক ট্রফির দিক দিয়ে রোনালদো, ব্যক্তিগত সাফল্যে মেসি - দশকের সেরা এরাই। ছবি : এএফপি
আন্তর্জাতিক ট্রফির দিক দিয়ে রোনালদো, ব্যক্তিগত সাফল্যে মেসি - দশকের সেরা এরাই। ছবি : এএফপি
>আর মাত্র কটা দিন। এরপরই শেষ হয়ে যাচ্ছে একুশ শতকের দ্বিতীয় দশক। ২০১০ থেকে সর্বশেষ এক দশকে কত কিছুই না ঘটেছে ক্রীড়াবিশ্বে। কত উত্থান-পতন, কত অঘটন, কত রূপকথার গল্প লেখা হয়েছে খেলার মাঠে, ট্র্যাকে কিংবা পুলে। গত এক দশকের সেই সব আলোচিত ঘটনা নিয়েই প্রথম আলোর এই ধারাবাহিক আয়োজন। প্রথম পর্বে নিশাত আহমেদ তুলে এনেছেন গত এক দশকের আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলের আলোচিত দশ ঘটনাকে।
বিশ্বকাপ হাতে স্পেনের খেলোয়াড়দের উল্লাস। ছবি : এএফপি
বিশ্বকাপ হাতে স্পেনের খেলোয়াড়দের উল্লাস। ছবি : এএফপি

স্পেনের ইতিহাস
দশকটা শুরুই হয়েছিল স্পেনের সাফল্য দিয়ে। ২০০৮ ইউরো জিতে বিশ্বকে দুই বছর আগেই নিজেদের আগমনী বার্তা জানানো স্পেন ২০১০ সালে জেতে পরম আরাধ্য বিশ্বকাপ শিরোপা। স্পেনের আগে সর্বশেষ কোন দল বিশ্বকাপ শুরুর আগে থেকেই অংশগ্রহণকারী ৩২ দলের মধ্যে সবচেয়ে বড় ফেবারিট ছিল, এ আলোচনা উঠতেই পারে। বিশ্বকাপ শুরু আগে থেকেই যেন সবাই মোটামুটি নিশ্চিত ছিল, নিজেদের ইতিহাসের একমাত্র অপ্রাপ্তিটুকু ঘোচাতে চলেছে ‘লা রোজা’ রা। গোলরক্ষক থেকে শুরু করে রক্ষণভাগ, মাঝমাঠ, আক্রমণভাগ—সব জায়গা ছিল তারায় ঠাসা। ক্যাসিয়াস, পুয়োল, পিকে, রামোস, জাভি, ইনিয়েস্তা, আলোনসো, ফ্যাব্রিগাস, সিলভা, মাতা, তোরেস, ভিয়া, পেদ্রো, ভালদেস, রেইনা—এ দল জিতবে না তো কে জিতবে? কোচ ভিসেন্তে দেল বস্কের দায়িত্ব ছিল শুধু নিজের হাতে থাকা পর্যাপ্ত এই হাতিয়ারগুলোর সুষ্ঠু ব্যবহার করা। সেটা তিনি করতে পেরেছেন বেশ ভালোভাবে। ফলাফল, ২০১০ সালের ১১ জুলাই নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন। দু বছর পর আবারও ইউরো জেতে দলটি। স্পেনের (কিংবা বার্সেলোনা) পাসিং ফুটবল ফুটবলে এক নতুন ধারার উন্মোচন করে যেন।

প্রিমিয়ার লিগের বড় শক্তি এখন ম্যানচেস্টার সিটি। ছবি : এএফপি
প্রিমিয়ার লিগের বড় শক্তি এখন ম্যানচেস্টার সিটি। ছবি : এএফপি

স্যার অ্যালেক্সের বিদায় ও ম্যানচেস্টার সিটির উত্থান
ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, লিভারপুল, আর্সেনাল। একুশ শতক শুরুর পর এই চার দলকে বলা হতো ইংলিশ লিগের ‘বিগ ফোর’। সব হিসেব উলটে যায় এই দশকের শুরুর দিকে। আরব মালিকের কাঁড়ি কাঁড়ি টাকার স্পর্শ পেয়ে ভোজবাজির মতো বদলে যায় ম্যানচেস্টার সিটি। দলে আসেন সার্জিও আগুয়েরো, ইয়াইয়া তোরে, ডেভিড সিলভা, এডিন জেকো, মারিও বালোতেল্লি, কার্লোস তেভেজ, হেসুস নাভাস, সামির নাসরি, ইমানুয়েল আদেবায়োরদের মতো তারকারা। ম্যানচেস্টার শহরের সবচেয়ে বড় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড নয়, বরং ম্যানচেস্টার সিটি—এই লক্ষ্যেই এগোতে থাকে তারা। তাও নিজে যত বছর ছিলেন, সিটিকে দমিয়ে রাখতে পেরেছিলেন ইউনাইটেডের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। ২০১৩ সালে লিগ জিতে বিদায় নেন ইউনাইটেডের কিংবদন্তি এই কোচ। ফার্গুসন চলে যাওয়ার পরে সিটিকে ইউনাইটেড আর দমিয়ে রাখতে পারেনি। এই দশকের আগে মাত্র দুবার লিগ জেতা সিটি এই দশকেই লিগ জেতে চারবার। বিশ্বের বড় বড় খেলোয়াড়দের চোখে এখন ইউনাইটেডের চেয়ে সিটিই আকর্ষণীয় গন্তব্য, তর্কযোগ্যভাবে ইংল্যান্ডের সবচেয়ে বড় শক্তি।

হার-না-মানা অ্যাটলেটিকো এখনো কাঁপন ধরায় রিয়াল-বার্সায় বুকে। ছবি : এএফপি
হার-না-মানা অ্যাটলেটিকো এখনো কাঁপন ধরায় রিয়াল-বার্সায় বুকে। ছবি : এএফপি

রিয়াল-বার্সার রাজত্বে অ্যাটলেটিকোর হানা
আগে প্রিমিয়ার লিগ বলতে যেমন চার দলের আধিপত্য বোঝাত, স্প্যানিশ লিগে তেমন চলত রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার একচেটিয়া রাজত্ব। ২০০৪ সাল থেকে শুরু করে টানা দশ বছর স্পেনে লিগ জিতে গেছে হয় রিয়াল মাদ্রিদ, নয় বার্সেলোনা। দুই দলের এই রাজত্বে হানা পড়ে ২০১৪ সালে, অ্যাটলেটিকো মাদ্রিদের সৌজন্যে। দিয়েগো সিমিওনের এক দল প্রত্যয়ী খেলোয়াড় এসে রোনালদো-মেসিদের বুকে কাঁপন ধরিয়ে দিয়ে যান। এক দশক পর স্পেন পায় নতুন রাজা। শুধু একবার লিগ জেতার কথা বলে অ্যাটলেটিকোর সুদূরপ্রসারী প্রভাবের কথা বোঝানো যাবে না। তারা তিন বছরের মধ্যে দুবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও উঠেছে। লিগে রানার্সআপ হয়েছে আরও দুবার। উয়েফা সুপার কাপ, কোপা দেল রে আর সুপারকোপা জিতেছে একবার করে। ইউরোপা লিগ জিতেছে দুইবার। সব এই এক দশকের মধ্যে। স্পেন বলতে যে শুধু রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা না, অ্যাটলেটিকোও—ফুটবল বিশ্বকে এই ধারণাটা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার মধ্যেই অ্যাটলেটিকোর সার্থকতা।

৭-১ গোলে ব্রাজিলের হার, কে ভেবেছিল? ছবি : এএফপি
৭-১ গোলে ব্রাজিলের হার, কে ভেবেছিল? ছবি : এএফপি

ব্রাজিলের কান্না
নিজের দেশে বিশ্বকাপ। পরম আরাধ্য ‘হেক্সা’ বা ষষ্ঠ বিশ্বকাপ জয়ের উদ্‌যাপন দেশের মাটিতেই হবে, এ আশায় ২০১৪ বিশ্বকাপ শুরু করেছিল ব্রাজিল। সেমিফাইনাল পাঁচবারের চ্যাম্পিয়নরা পায় টুর্নামেন্টের অন্যতম ফেবারিট জার্মানিকে। হাড্ডাহাড্ডি লড়াই হবে, এটা ভেবেই ম্যাচ দেখতে বসেছিলেন সবাই। কিন্তু পরের নব্বই মিনিটে যা হলো, বিশ্বের কোনো ফুটবল দর্শক সেটা আগে থেকে কল্পনা করতে পেরেছিলেন বলে দাবি করতে পারবেন না। নেইমারহীন ব্রাজিলকে ৭-১ গোলের ভরাডুবি ‘উপহার’ দিল জার্মানি। সে সময়ের জার্মান লিগ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সৌজন্যে শেখা পাসিং ফুটবলের সঙ্গে নিজেদের ঐতিহ্যবাহী হার-না-মানা মানসিকতা ও তারুণ্যের উদ্যম—এই তিন মিলিয়ে নিজেদের মাটিতে ব্রাজিলকে পুড়িয়ে ছারখার করে দিল জার্মানি। যে স্কোরলাইনটা শুধু এই দশকই নয়, বরং তর্কযোগ্যভাবে ফুটবল ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর স্কোরলাইন। পরে ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনাকেও হারায় এই জার্মানি, জিতে নেয় নিজেদের চতুর্থ বিশ্বকাপ শিরোপা।

সবাইকে চমকে দিয়ে সেবার লিগ জিতেছিল লেস্টার সিটি। ছবি : এএফপি
সবাইকে চমকে দিয়ে সেবার লিগ জিতেছিল লেস্টার সিটি। ছবি : এএফপি

লেস্টার সিটির রূপকথা
ভেবে দেখুন, ইংলিশ লিগের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক লিগ, যেখানে ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম হটস্পার, চেলসির মতো শক্তিশালী দল আছে, সেখানে তারা নয়, বরং লিগ জিতল মাত্র এক বছর আগে দ্বিতীয় স্তর থেকে উত্তীর্ণ হওয়া এক দল। ভাবা যায়? ২০১৫ সালে লেস্টার যখন লিগ জিতল, তাদের পক্ষে বাজির দর ছিল ৫০০০-১। অর্থাৎ লেস্টার লিগ জিতবে, এ আশায় মৌসুমের শুরুতে যে এক পাউন্ড বাজি ধরেছিল, মৌসুমের শেষে সে পেয়েছে পাঁচ হাজার পাউন্ড! এক এক সপ্তাহ অতিক্রান্ত হয়েছে, আর জেমি ভার্ডি, ক্যাসপার স্মাইকেল, রিয়াদ মাহরেজ, এনগোলো কান্তেরা দেখিয়েছেন নিজেদের জাদু। নিজেদের ইতিহাসে গত ৮৬ বছরে যারা রানার্সআপও হয়নি, তারাই সবাইকে চমকে দিয়ে জিতল লিগ শিরোপা। শুধু এই দশকই নয়, ফুটবল ইতিহাসেরই সবচেয়ে বড় চমক হিসেবে নিজেদের নাম ইতিহাসে খোদাই করেছেন লেস্টারের খেলোয়াড়েরা।

এ দশকেই আন্তর্জাতিক সাফল্য পান রোনালদোরা। ছবি : এএফপি
এ দশকেই আন্তর্জাতিক সাফল্য পান রোনালদোরা। ছবি : এএফপি

পর্তুগালের ইউরো জয়, রোনালদোর আক্ষেপ মোচন
ক্লাব ক্যারিয়ারে এমন কিছু নেই যা জেতেননি ক্রিস্টিয়ানো রোনালদো। অপ্রাপ্তি ছিল শুধু এক জায়গাতেই, জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক কোনো শিরোপা জেতা হয়নি তাঁর। সে অতৃপ্তিও ঘুচেছে এই দশকে। সবাইকে চমকে দিয়ে ২০১৬ ইউরো জিতে নেয় রোনালদোর পর্তুগাল। গ্রুপ পর্বে দুই গোলের সঙ্গে সেমিতে এক গোল করে দেশকে ফাইনালে তোলা রোনালদো যদিও চোটের কারণে ফাইনালে মাঠে নেমেও খেলতে পারেননি। তবে মাঠ ছাড়ার সময় রোনালদোর কান্নাকে দীর্ঘস্থায়ী আক্ষেপে পরিণত হতে দেননি সতীর্থরা, বিশেষ করে এডার। আনকোরা এই স্ট্রাইকারের গোলেই নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য অর্জন করে পর্তুগাল। ফাইনালে ফেবারিট ফ্রান্সকে হারায় ১-০ গোলে।

পাঁচ বছরে চারটা চ্যাম্পিয়নস লিগ, রিয়ালের রাজত্ব দেখেছে এ দশক। ছবি : এএফপি
পাঁচ বছরে চারটা চ্যাম্পিয়নস লিগ, রিয়ালের রাজত্ব দেখেছে এ দশক। ছবি : এএফপি

ইউরোপে রিয়ালের রাজত্ব
২০০২ সালে সেই যে জিদান, ফিগোদের নৈপুণ্যে নিজেদের নবম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ, এর পরের এগারো বছর খালি হাতেই ফিরতে হয়েছে তাদের। পরম আরাধ্য ‘লা ডেসিমা’র স্বপ্ন অপূর্ণই থেকে গেছে বারবার। ক্রিস্টিয়ানো রোনালদো এসেও রিয়ালকে এই একটা শিরোপা জেতাতে পারছিলেন না। সেমিফাইনালে আটকে যাচ্ছিলেন বারবার। ২০১২ সালে বায়ার্নের কাছে সেমিফাইনালে পেনাল্টিতে হারার পর রিয়াল সমর্থকদের কাছে এক রকম প্রতিজ্ঞাই করেন রোনালদো, দলকে লা ডেসিমা দিয়েই ছাড়বেন। সে স্বপ্ন অবশেষে পূরণ হয় ২০১৪ সালে এসে। রিয়াল জেতে লা ডেসিমা। শুধু তাই নয়, এগারো বছরের ইউরোপীয়-খরা সামনের কয়েক বছরে কাটিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করে তারা। পাঁচ বছরের মধ্যে চারটি চ্যাম্পিয়নস লিগ জিতে নিজেদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত টানা তিনবারই চ্যাম্পিয়ন দলের নাম রিয়াল।

চমক জাগিয়েছিল নেইমারের দলবদল। ছবি : এএফপি
চমক জাগিয়েছিল নেইমারের দলবদল। ছবি : এএফপি

নেইমারের পিএসজি-গমন ও মূল্যস্ফীতি
রিয়াল মাদ্রিদ যখন ইউরোপে নিজেদের রাজত্ব পুনঃপ্রতিষ্ঠা করছিল, ওদিকে ক্যাম্প ন্যু তে জমে উঠেছিল নেইমার-নাটক। মেসি-পরবর্তী যুগে হাল ধরার জন্য ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় রত্নটাকে কিনে এনেছিল বার্সা। কিন্তু মেসি থাকলে বার্সায় পার্শ্বনায়ক হয়েই থাকতে হবে, ব্যক্তিগত সাফল্য পাওয়া হবে না, এই ভেবে বার্সার কোল খালি করে হুট করে নেইমার পাড়ি জমান পিএসজিতে। ট্রান্সফার ফি'র বিশ্ব রেকর্ড হয়, নেইমারের পেছনে ২২২ মিলিয়ন ইউরো খরচ করে পিএসজি। আর এই দলবদল হওয়ার সঙ্গে সঙ্গে খেলোয়াড়দের দাম হু হু করে বাড়া শুরু হলো। আগে যেসব খেলোয়াড়দের দাম ২০-২৫ মিলিয়ন পাউন্ড ছিল, নেইমারের দলবদলের প্রভাবে তাদের দাম হয়ে গেল ন্যূনতম ৫০ মিলিয়ন পাউন্ড। খেলোয়াড় কেনাবেচার বাজারে দেখা দিল চরম মূল্যস্ফীতি, যার প্রভাব এখনো চলছে। খেলোয়াড়দের অস্বাভাবিক এই মূল্যস্ফীতিও দেখা গেছে এই দশকেই।

প্রবল প্রতাপে আবারও ফিরে এসেছে লিভারপুল। ছবি : এএফপি
প্রবল প্রতাপে আবারও ফিরে এসেছে লিভারপুল। ছবি : এএফপি

লিভারপুলের পুনরুত্থান
এ দশকের শুরুতে লিভারপুলের অবস্থা ছিল নাবিক ছাড়া জাহাজের মতো। যোগ্য কোনো কোচ নেই, দলবদলের বাজারে ভালো কোনো খেলোয়াড়দের টানতে পারে না। ২০০৫ সালের চ্যাম্পিয়নস লিগ জয়ের পর বলার মতো কোনো সাফল্যও নেই। লিগও শেষ বার জিতেছে সেই ১৯৯০ সালে। সব মিলিয়ে লিভারপুল শুধু নামের জোরেই চলছিল যেন। ২০১৩ সালে একবার লিগ জেতার আশা জাগলেও পূরণ হয়নি। অবস্থার পরিবর্তন শুরু হয় ২০১৫ সাল থেকে, জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ আসার পর। ক্লপ আসার পরপরই লিভারপুলের উন্নতি চোখে পড়ে। ক্লপের অধীনে নতুন কোনো খেলোয়াড় এসে বাজে খেলেছেন বা ক্লপের দলবদল সংক্রান্ত কোনো সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে, এমন কেউ বলতে পারবে না। দলটা ফলও পেয়েছে হাতেনাতে। বেশ কয়েকটা টুর্নামেন্টের ফাইনালে ওঠে লিভারপুল - ইউরোপা লিগ, এফএ কাপ, কমিউনিটি শিল্ড, চ্যাম্পিয়নস লিগ। তাও, শেষ পর্যন্ত শিরোপাটা ধরা দিচ্ছিল না। এ বছর সেটাও হয়েছে। অবশেষে শিরোপা জিতেছে লিভারপুল। চ্যাম্পিয়নস লিগ জেতার পর একে একে জিতেছে উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ। লিগও হয়তো জিতে যাবে এবার তারা, তিরিশ বছর পর। সব মিলিয়ে লিভারপুল যেন পুনরুজ্জীবিত। নতুন দশকে শক্তিশালী এক লিভারপুলকেই দেখতে যাচ্ছে বিশ্ব।

ছয়টা ব্যালন ডি`অর জিতে সবার সেরা মেসি-ই। ছবি : এএফপি
ছয়টা ব্যালন ডি`অর জিতে সবার সেরা মেসি-ই। ছবি : এএফপি

সবার সেরা মেসি
বছরের শেষে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়-ছয়বার বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার কৃতিত্ব গড়েছেন লিওনেল মেসি, পেছনে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। রোনালদোর এখন যেমন ফর্ম, মেসিকে আবার আদৌ পেছনে ফেলতে পারেন কী না, বলা যায় না। ফলে নতুন দশকে অবিসংবাদিত সেরা ফুটবল খেলোয়াড় হিসেবেই যাচ্ছেন মেসি।