ফুটবলের এক মহসিনের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মার্চে আরব আমিরাতের সঙ্গে প্রীতি ম্যাচের সময় মহসিন। ছবি: সংগৃহীত
গত মার্চে আরব আমিরাতের সঙ্গে প্রীতি ম্যাচের সময় মহসিন। ছবি: সংগৃহীত

জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ—সবই করেন তিনি। বিদেশি কোচের গাড়িও চালান, দল বিদেশে খেলতে গেলে সবার জন্য ‘দেশি’ রান্নাও তিনিই করেন। নাম মোহাম্মদ মহসিন; দেশের ফুটবল অঙ্গনের অতি পরিচিত নাম। পদবি ‘টিম স্টাফ’ হলেও তিনি করেন না, এমন কোনো কাজ বোধ হয় নেই।

সেদিন মালদ্বীপের বিপক্ষে ম্যাচ শেষে দুশানবের হোটেলে ফিরেই মহসিন হাঁটা ধরলেন রান্নাঘরের দিকে। বসে গেলেন পেঁয়াজ কাটতে। সামনে ভেড়ার মাংসসহ রান্নার আনাজপাতি। ‘শেফ’ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের রসনা বিলাসের দায়িত্বটা নিজেই কাঁধে তুলে নিয়েছেন। পাঁচ তারকা হোটেলে থাকলেও তাঁর রান্না ছাড়া খেলোয়াড়দের নাকি চলেই না। কোচ মাহবুব হোসমেন রক্সির ভরসার জায়গা মহসিন—অনেকেই তাঁকে সহকারী কোচ হিসেবে ভেবেও ভুল করেন। অনুশীলনের সময় সবার আগে বল-টল নিয়ে যাওয়া, মাঠে মার্কার বসিয়ে প্র্যাকটিস ড্রিলগুলো সাজিয়ে থাকেন তিনিই। রক্সি তো বলেই দিলেন সোজা-সাপটা, ‘মহসিন ছাড়া আমিও অচল, বাংলাদেশের যেকোনো জাতীয় দলই অচল।’

তাজিকিস্তানের দুশানবেতে এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাইপর্ব খেলতে এসে বাংলাদেশের ফুটবলাররা সমস্যায় পড়েছিল রেস্টুরেন্টের খাওয়া নিয়ে। কারও মুখেই উঠছিল না সেই খাবার। সমস্যাটার সমাধানে নেমে পড়েছেন মহসিন। নিজেই রান্না শুরু করেছেন। বাজারটাও তিনিই করেন। ডিম ভাজি থেকে ভাত-মাছ-মাংস, যেকোনো রান্নাতেই পারদর্শী এই মহসিন। তাঁকে দেখে হোটেলের এক কর্মকর্তা নাকি মহসিনকে সেখানে ‘শেফ’ হিসেবে কাজ করার প্রস্তাব দিয়ে দিয়েছেন।

বাংলাদেশের ফুটবলের সঙ্গে মহসিনের সম্পর্ক অনেক পুরোনো। সেই ১৯৯৩ সালে মা-বাবার মৃত্যুর পর মহসিন পালিয়ে বরিশাল থেকে ঢাকায় চলে আসেন। কী করে যেন পরিচয় হয়ে যায় সে সময়কার বড় তারকা, জাতীয় ফুটবল দলের অধিনায়ক কায়সার হামিদের সঙ্গে। আশ্রয় মেলে মোহামেডান ক্লাবে। ক্লাবে থাকতে থাকতেই ফুটবল অঙ্গনের একজন হয়ে ওঠা। দেশের ফুটবলের অংশ হয়ে যাওয়া।

মহসিনের গল্প শুনলে আসলেই চমকে যাবেন যেকোনো ফুটবলপ্রেমী। ১৯৯৫ সালে জাতীয় ফুটবল দলের দক্ষিণ কোরিয়ান কোচ ম্যান ইয়ং ক্যাংয়ের সহকারী হিসেবে প্রথম কাজ করেন। এরপর একে একে কাজ করেছেন জার্মান কোচ অটো ফিস্টার, ইরাকি কোচ সামির শাকির ও অস্ট্রিয়ান জর্জ কোটানের সঙ্গে। সবারই প্রিয়পাত্র ছিলেন মহসিন। কোটান তো তাঁকে ছেলের মতোই দেখতেন। কোটানই নাকি মহসিনকে রান্না শিখিয়েছেন। গাড়ি চালানো শিখিয়েছেন।

কোটানের সঙ্গে মহসিনের একটা গল্প আছে। একবার কোনো একটা বিদেশ সফরে কোটানের কাছে বাফুফে জানতে চেয়েছিল, দলে তাঁর কয়জন ‘টিম স্টাফ’ লাগবে। কোটান বলেছিলেন, ‘আই নিড অনলি মহসিন।’

দুশানবের হোটেলে অনূর্ধ্ব-১৯ দলের জন্য রান্না করছেন সব কাজের ‘কাজী’ মহসিন। ছবি: প্রথম আলো
দুশানবের হোটেলে অনূর্ধ্ব-১৯ দলের জন্য রান্না করছেন সব কাজের ‘কাজী’ মহসিন। ছবি: প্রথম আলো

আসলেই মহসিনকে ছাড়া আর কাউকেই দরকার পড়ে না। পঞ্চম শ্রেণি পাস ত্রিশোর্ধ্ব এই মানুষটি ইংরেজিতে কথা বলতে পারেন অনর্গল। অনেক সময়ই বিদেশি কোচের পাশে দাঁড়িয়ে ব্রিফিং বাংলায় অনুবাদ করে দেন খেলোয়াড়দের। বিমানবন্দরে খেলোয়াড়দের ইমিগ্রেশন-প্রক্রিয়া তিনিই সম্পন্ন করেন। মাঠে কেউ আহত হলে ‘ভারপ্রাপ্ত ফিজিও’র কাজটাও তিনিই করেন।

২০০৫ সালে জাতীয় ক্রিকেট দলের কোচ ডেভ হোয়াটমোরের সহকারী হিসেবে কাজ করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু ফুটবল-অন্তঃপ্রাণ মহসিন সেই চাকরি নেননি। তাঁর হাতে তিনটি চাকরি ছিল—হোয়াটমোরের সহকারী, জাতীয় সংসদ ভবনের স্টাফ আর বাফুফেতে স্থায়ী চাকরি। মহসিন বেছে নিয়েছিলেন বাফুফেকেই।

বাংলাদেশের ফুটবলের তিনটি বড় সাফল্যের সঙ্গে জড়িয়ে আছেন তিনি। ১৯৯৯ সালে কাঠমান্ডু সাফ গেমসের ফুটবলে সোনা জয়, ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপ আর ২০১০ সালের এসএ গেমসের সোনা জয়। পর্দার আড়ালের নায়ক তিনি। কিন্তু তাতে কোনো খেদ নেই। পর্দার আড়ালে থাকতেই যেন আনন্দ তাঁর, ‘আমি সাধারণ মানুষ। এসব নিয়ে আমি ভাবিই না। কিছু বলারও নেই।’

মহসিন নিজেকে সাধারণ বললেও দেশের ফুটবল-সংশ্লিষ্টরা তাঁকে অসাধারণই মনে করেন। এই যুগে এমন সততা, নিষ্ঠা আর দায়িত্ববোধ সত্যিই বিরল। দেশের ফুটবলের অনন্য এক চরিত্রই বলা চলে মহসিনকে।