ফুটবলের জনপ্রিয়তা কমছে ব্রাজিলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দর্শক জনপ্রিয়তা কমছে ফুটবলপাগল ব্রাজিলে? ফাইল ছবি
দর্শক জনপ্রিয়তা কমছে ফুটবলপাগল ব্রাজিলে? ফাইল ছবি

ফুটবল আর ব্রাজিল—কতটা সমার্থক, নতুন করে বলার প্রয়োজন নেই। ফুটবলের প্রতি ব্রাজিলের উন্মাদনা বহু পুরোনো। অথচ সেই ব্রাজিলে নাকি ফুটবলের জনপ্রিয়তা কমছে! ফুটবল তীর্থভূমের এ খবর কেবল চমকজাগানিয়া নয়, একই সঙ্গে ‘জোগো বোনিতো’ ভক্তদের কাছে উদ্বেগজনকও।
গত ১৮ মের ঘটনা। ব্রাজিলের ঘরোয়া ফুটবলের শীর্ষ প্রতিযোগিতার একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল অ্যাটলেটিকো পারানাইন্সে ও সাপেকোয়েনসে। সে ম্যাচে দর্শক সংখ্যা কত হয়েছিল জানেন? মেরেকেটে ৭৬৬ জন! ব্রাজিলের প্রথম শ্রেণির ফুটবলে এটিই নাকি সর্বনিম্ন। একটি ম্যাচ দিয়ে ফুটবলের জনপ্রিয়তা নির্ণয় সম্ভব নয়। কিন্তু পুরো মৌসুমে দর্শকসংখ্যাও হতাশাজনক। মৌসুমে গড়ে দর্শকসংখ্যা ছিল ১৬ হাজার ৫৫৭, যা কিনা যুক্তরাষ্ট্র, চীন ও জাপানের মতো দেশগুলোর ঘরোয়া ফুটবলের চেয়েও কম!
ঘরোয়া লিগগুলোয় দর্শক উপস্থিতির হারের দিক দিয়ে পেছনের বছরগুলোয় ব্রাজিল বিশ্বের ১৫তম। ২০ কোটি জনসংখ্যার দেশ ব্রাজিলের প্রায় এক–তৃতীয়াংশ মানুষ স্টেডিয়ামে যায় খেলা দেখতে। প্রতিবেশী আর্জেন্টিনার লিগগুলোতে সাধারণত অ্যাওয়ে দর্শক নিষিদ্ধ। তবুও তাদের অবস্থান সাতে।
এ দর্শক–মন্দার ব্যাপারে ব্রাজিলের বিদায়ী ক্রীড়ামন্ত্রী আলদো রেবেলো ব্যাখ্যা দিলেন এভাবে, ‘ফুটবল একটা দলীয় খেলা। কিন্তু দর্শকেরা দেখতে চান তারকাদের, শিল্পীদের। এসব আমাদের স্টেডিয়ামগুলোয় অনুপস্থিত।’ এ দর্শকখরার মধ্যেও ব্রাজিল সরকার নতুন করে তৈরি করেছে ১৪টি স্টেডিয়াম। এর মধ্যে ১২টি ছিল বিশ্বকাপ উপলক্ষে।
সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিপণন বিভাগের অধ্যাপক আরি রোকো বললেন, ‘১৯৫০ থেকে ১৯৭০—এ সময়ে বড় ক্লাবগুলোর স্টেডিয়াম থাকত পরিপূর্ণ। পরিবর্তন এসেছে মূলত নব্বইয়ের দশকে। কারণ এ সময়ে মাঠে বাড়তে থাকে সহিংসতা-রাহাজানি, অব্যবস্থাপনা। খেলার মানেও অনেক অবনতি।’
ব্রাজিলের ঘরোয়া ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় গত দুবারের চ্যাম্পিয়ন ইভেন ক্রুজেইরোর ঘরের মাঠে চলতি মৌসুমে সর্বোচ্চ দর্শক হয়েছে। তাদের গড় দর্শক সংখ্যা ২৯ হাজার ৭০০। এর পরও গ্যালারির অর্ধেকই ফাঁকা পড়ে ছিল (স্টেডিয়ামের ধারণক্ষমতা ৫৮ হাজার)! সারা বিশ্বে ক্লাব ফুটবলে দর্শক উপস্থিতির হার অনুযায়ী, ক্রুজেইরোর অবস্থান ৭০তম। ক্রুজেইরো ছাড়া শীর্ষ ১০০ তালিকায় ঠাঁই পেয়েছে আরেকটি দল, সেটি ব্রাজিলের তৃতীয় বিভাগের ক্লাব—সান্তা ক্রুজ।
সান্তা ক্রুজের ঠাঁই পাওয়ার পেছনের কারণ, ব্রাজিলের শীর্ষ লিগগুলোয় দর্শকপ্রিয়তা কমলেও বেড়েছে নিচের সারির লিগের! ২০১৩ সালে রেসিফের এ ক্লাবটির মাঠে গড়ে ২৬ হাজার ৫০০ দর্শক উপস্থিত ছিল, পুরো আমেরিকায় যা ১২তম। এ ক্ষেত্রে সান্তা ক্রুজ হারিয়েছে করিন্থিয়ানস, ফ্লামেঙ্গো ও সাও পাওলোর মতো ‘ব্রাজিলিয়ান জায়ান্ট’দের। ১৯১৪ সালে প্রতিষ্ঠিত এ দলটির সাবেক চেয়ারম্যান অ্যান্তনিও লুইজ ডা সিলভা নেতো বললেন, ‘আমাদের দর্শকেরা ভীষণ অনুগত, আবেগপ্রবণ। ত্যাগ স্বীকারে তারা অভ্যস্ত। বাজে সময়েও তারা দল ছেড়ে যায় না।’
নেতোর অভিযোগ, ব্রাজিলের ফুটবল লিগ নিয়ন্ত্রণ করেন দক্ষিণ ও দক্ষিণ-পূর্বের ধনীরা। তিনি বললেন, ‘এখন ব্রাজিলিয়ান লিগ নেই তবে দক্ষিণ-দক্ষিণ পূর্ব টুর্নামেন্ট রয়েছে। এটা বৈষম্যের লিগ হয়ে গেছে। এবার বিশ্বকাপে সেরা ২৩ খেলোয়াড়ের মধ্যে ব্রাজিলের মাত্র একজন খেলোয়াড় ছিল—নেইমার। এতেই আমাদের ঘরোয়া ফুটবলের অবক্ষয়টা বোঝা যায়।’ সূত্র: এএফপি।