ফুটবলের দলবদলে আরও সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলারদের দলবদলের আনুষ্ঠানিকতা সারতে এক মাস সময় পেয়েছিল ক্লাবগুলো। কিন্তু এক মাসও নাকি তাদের জন্য যথেষ্ট নয়! তাই ১২ নভেম্বর শুরু হওয়া দলবদলের শেষ সময়সীমা ১১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ৭ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে গতকাল।
এক মাস সময় পেলেও প্রিমিয়ার লিগে ১১ দলের মধ্যে ১০টি দলই কোনো খেলোয়াড় তালিকা গতকাল পর্যন্ত জমা দেয়নি বাফুফেতে। তাদের আবেদনে সাড়া দিয়েই আরও তিন সপ্তাহ সময় মঞ্জুর করা হলো। শুধু তা-ই নয়, কয়েকটি ক্লাবের অনুরোধে ফেডারেশন কাপ ৪০ দিন পিছিয়ে ২৯ জানুয়ারি শুরুর সিদ্ধান্ত হয়েছে কদিন আগে। ক্লাবের কাছে বাফুফে কতটা নতজানু, এ দুটি উদাহরণই তা জানিয়ে দেয় ভালোভাবে।
শেখ জামালের নিবন্ধন: গত রাতে বাফুফের কাছে ২৩ জন খেলোয়াড়ের তালিকা জমা দিয়েছে শেখ জামাল ধানমন্ডি। এমনিতে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা ঘর গুছিয়েছে বেশ আগেই। নতুন দল নিয়ে ভুটানের কিংস কাপে চ্যাম্পিয়নও হয়ে এসেছে। গতবারের মতো এবারও কাগজে-কলমে এক নম্বর দল শেখ জামাল।