
দেশে নেই। জাতীয় দলের হয়ে এশিয়ান কাপ বাছাইপর্বের প্লে-অফ খেলতে গেছেন তাজিকিস্তানে। সেখানে দল ভালো করেনি। মনটা নিশ্চয়ই ভালো ছিল না বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলামের। কিন্তু কাল বিকেলে নিজের জন্য একটি খুশির খবর তিনি পেয়েছেন। রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কারে ২০১৪ সালে বর্ষসেরা রানারআপ হয়েছেন মামুনুল ইসলাম। ২০১৪ সালজুড়ে জাতীয় দল ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে তাঁর পারফরম্যান্সের স্বীকৃতিটা পেলেন দেশের অন্যতম সেরা এই ফুটবলার।

বাবা নুরুল ইসলাম চট্টগ্রাম থেকে এসেছেন ছেলের পুরস্কার হাতে নিতে। মামুনুলের পক্ষে পুরস্কারটি নেওয়ার সময় গর্বে ঝলমল করছিল তাঁর চোখমুখ। অনুষ্ঠান শেষে তাঁর প্রতিক্রিয়ায়ও ছেলের জন্য গর্ববোধটা খুব স্পষ্ট, ‘আমি নিজে একজন ক্রীড়াসংগঠক। ছেলেকে ফুটবলার বানানোর যে স্বপ্নটা আজীবন লালন করেছিলাম, সেটা যে খুব ভুল ছিল না, আজ বুঝতে পারছি। আজ দেশের সেরা দৈনিকের কাছ থেকে মিলল তার অবদানের স্বীকৃতি। আমরা সবাই খুব খুশি।’
স্ত্রী সাদিয়া ইসলাম এসেছিলেন এই আনন্দ-অনুষ্ঠানে, কিন্তু তাতে কি আর মামুনুলের অনুপস্থিতি ঢাকা যায়? ফেসবুকের কল্যাণে অবশ্য মুহূর্তগুলোকে ভাগাভাগি করেছেন দুজন, ‘আমি ওকে অনুষ্ঠানের ছবিগুলো পাঠিয়ে দিয়েছি। ও নিজে পুরস্কার নিতে পারলে খুব ভালো লাগত।’
কথা বলতে বলতেই তাজিকিস্তানে ফোন দিলেন সাদিয়া। ও প্রান্ত থেকে মামুনুলের কণ্ঠেও প্রাপ্তির আনন্দ, ‘আমার স্বপ্ন ছিল, এমন একটি পুরস্কার পাব। স্বপ্নটা পূরণ হয়েছে। দেশে নেই দেখে নিজে নিতে পারলাম না। তবে আনন্দিত যে বাবা আমার এই পুরস্কারটা গ্রহণ করলেন। এই পুরস্কার আমার দায়িত্ব অনেক বাড়িয়ে দিল।’