ফুটবলের মান কমেছে: রিভালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যালন ডি’অর হাতে রিভালদো
ব্যালন ডি’অর হাতে রিভালদো

বিতর্কটা পুরোনো—ফুটবলের মান আগের চেয়ে বেড়েছে, না কমেছে? বিতর্কের পক্ষে-বিপক্ষে যুক্তির অভাবও কখনো ছিল না। তবে ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদো মোটামুটি নিশ্চিত, তাঁর সময়ের চেয়ে এ যুগের ফুটবলে খেলার মান অনেক কমে গেছে। এমনই যে, সেরা সময়ের রিভালদো এখন খেললে অন্তত দু-তিনটি ব্যালন ডি’অর যে জিততেন, এ ব্যাপারে কোনো সংশয়ই নেই ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ানের।
৪৩ বছর বয়সে অবসর ভেঙে ব্রাজিলের দ্বিতীয় বিভাগের ক্লাব মগি মিরিমের হয়ে মাঠে ফেরা রিভালদো গ্লোবো স্পোর্তকে বলেছেন, ‘এখন যদি আমার সেরা সময়টা থাকত, বাজি ধরে বলতে পারি দু-তিনবার বিশ্বের সেরা খেলোয়াড় হতে পারতাম। আমি নিশ্চিত মৌসুমে ৫০ গোল করতে পারতাম।’
নিজের সেরা সময়ে ছিলেন বিশ্বসেরাদের একজন। কি ক্লাব, কি আন্তর্জাতিক—রিভালদো ছুঁয়ে দেখেছেন সম্ভাব্য সব কটি শিরোপাই। সেরা খেলোয়াড়ের ব্যক্তিগত পুরস্কারটা রিভালদো অবশ্য জিতেছিলেন একবারই—১৯৯৯ সালে বার্সার হয়ে লিগ ও ব্রাজিলের জার্সিতে কোপা আমেরিকা জেতার পর।
বর্তমান যুগের দুই সেরা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বমঞ্চে পথচলা শুরু তাঁর শেষবেলাতে। পরেরটুকু তো ইতিহাস। গত সাত বছরে ব্যালন ডি’অরটাকে নিজেদের সম্পত্তিই বানিয়ে রেখেছেন দুজন। মেসি জিতেছেন চারবার, রোনালদো তিনবার। মেসি-রোনালদোর আধিপত্যকেও ফুটবলের অধোগতির প্রমাণ হিসেবে তুলে ধরলেন রিভালদো, ‘আগে ফুটবলের মান অনেক ভালো ছিল, ব্রাজিল ও বাকি বিশ্বে, যেমন ইতালি কিংবা স্পেনে। খেলার মান যে আগের মতো ভালো নেই, তা আপনি বুঝতে পারবেন, যখন দেখবেন এ যুগের সেরা মেসি বা রোনালদো মৌসুমে ৫০ গোল করছে। বিশ্বের সেরা হলেও এক মৌসুমে ৩৮ ম্যাচে ৫০ গোল করতে পারার কথা নয় কোনো খেলোয়াড়ের।’ গোলডটকম, লন্ডন ইভনিং স্ট্যান্ডার্ড।