ফুটবলের সংকটে সাবেকদের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুটানের কাছে লজ্জার হারের পর বাফুফে কর্মকর্তাদের পদত্যাগের দাবি আরও জোরালো হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কাল সংবাদ সম্মেলন ডেকে এ নিয়ে সোচ্চার হলেন একদল সাবেক ফুটবলার ও সংগঠক। এটির মূল উদ্যোক্তা জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ক্রীড়া সম্পাদক আমিনুল হক।

‌‘রাহুর কবলে ফুটবল, মুক্তি চাই!! মুক্তি চাই!!!’ শীর্ষক ব্যানার ঝুলিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে কঠোর সমালোচনা করা হয়েছে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের। তাঁকে ব্যর্থ বলেছেন সব বক্তাই।

তৃণমূলে কাজ হয়নি সালাউদ্দিনের সময়—এটিই তাঁর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ। যদিও প্রায় সব বক্তা স্বীকার করে নিয়েছেন এই কর্মহীনতার সংস্কৃতি চলছে আগে থেকেই। বাফুফের সাবেক সাধারণ সম্পাদক মনজুর হোসেন মালু বলেন,‌ ‘এখন জেলায় খেলা নেই, নেই জবাবদিহিও।’ সাবেক ফুটবলার হাসানুজ্জামান বাবলু আরও উচ্চকিত,‌ ‘অনেকে বলছেন ফুটবল কফিনে ঢুকেছে, আসলে ফুটবলের দাফনই হয়ে গেছে।’

জাতীয় দলের সাবেক কোচ গোলাম সারোয়ার টিপুর কণ্ঠেও ক্ষোভ, ‌‘বাফুফেতে চলছে ওয়ান ম্যান শো। সভাপতি অন্য সদস্যদের সঙ্গে চাকরবাকরের মতো ব্যবহার করেন। এখন সময় হয়েছে তাঁর বিকল্প খুঁজে বের করার।’

এই বাফুফেকে আমিনুলের পরামর্শ, ‘এই কমিটি নিজেদের ব্যর্থ মনে করলে তাদের দ্রুত সরে যাওয়া উচিত।’ সাবেক এই গোলরক্ষকেরও সালাউদ্দিনের প্রতি অনাস্থা, ‘বাফুফে সভাপতি এখন বলছেন আগামী তিন বছর তৃণমূলে কাজ করবেন। নয় বছরে কিছু করতে পারেননি, আগামী তিন বছরে কিছু করবেন সেই বিশ্বাস আমাদের নেই।’

অনুষ্ঠানে সাবেক ফুটবলার শামসুল ইসলাম মঞ্জু, কায়সার হামিদ, হাসান আল মামুনের কথায়ও ছিল একই সুর।