ফুটবলের সঙ্গে 'মান্যবর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের টাইটেল স্পন্সর হয়েছে ফ্যাশন হাউজ মান্যবর। ১ কোটি টাকার বিনিময়ে আগামী এক বছরের জন্য বাফুফের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটি।
আজ রোববার বাফুফে ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সম্পন্ন হয় চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতা।
অনুষ্ঠানে বাফুফের পক্ষে চুক্তিতে সই করেন সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী। মান্যবরের পক্ষে ছিলেন বাংলাদেশে প্রতিষ্ঠানটির ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারী নবারুণ এক্সপোর্ট ইমপোর্ট লিমিটেডের ইমরান ইসলাম চৌধুরী।
প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর হতে পেরে দারুণ উচ্ছ্বসিত ইমরান। তিনি ইঙ্গিত দিয়েছেন চুক্তি আপাতত এক বছরের হলেও এটি পাঁচ বছর পর্যন্ত বাড়ার সম্ভাবনা আছে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, এটি ফুটবলের জন্য একটি সুখবর। এই চুক্তির অর্থ ফুটবল উন্নয়নে কাজে আসবে।