ফুটবলের সূচি চূড়ান্ত
গত এসএ গেমসের মতো এবারও নেপাল ও ভুটানকে গ্রুপসঙ্গী পেয়েছে বাংলাদেশ পুরুষ ফুটবল দল। বাংলাদেশের গ্রুপে ছিল আফগানিস্তান দলও। কিন্তু শেষ মুহূর্তে আফগানিস্তান জানিয়ে দেয়, এসএ গেমসে আফগানিস্তানের পুরুষ ও মহিলা কোনো ফুটবল দলই অংশ নেবে না। এ জন্য আফগানদের বাদ দিয়েই কাল এসএ গেমসের গ্রুপিং চূড়ান্ত করেছে আয়োজকেরা। ভারতের গুয়াহাটি ও শিলংয়ে অনুষ্ঠেয় গেমসে ‘বি’ গ্রুপে বাংলাদেশ পুরুষ দল খেলবে নেপাল ও ভুটানের সঙ্গে।
বাংলাদেশ মহিলা ফুটবলের দলও গ্রুপসঙ্গী হিসেবে ভারতের সঙ্গে পেয়েছিল আফগানিস্তানকে। শেষ মুহূর্তে আফগানিস্তান দল নাম প্রত্যাহার করায় বাংলাদেশকে গ্রুপ পর্বই খেলতে হবে না, সরাসরি খেলবে সেমিফাইনালে।
গত এসএ গেমসে বঙ্গবন্ধু স্টেডিয়ামে সোনাজয়ী পুরুষ দল গ্রুপ পর্বে নেপালকে ৩-০ গোলে ও ভুটানকে ৪-০ গোলে হারিয়েছিল। মালদ্বীপের বিপক্ষে তাদের জয় ছিল ১-০ গোলে। সেমিফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল। আর ফাইনালে আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছিল ৪-০ গোলে।
বাংলাদেশ পুরুষ দল: রাসেল মাহমুদ, আনিসুর রহমান, তপু বর্মণ, রায়হান হাসান, ইয়াসিন খান, নাহিদুল ইসলাম, মাসুক মিয়া, জুয়েল রানা, শহীদুল আলম শাহেদ, আমিনুর রহমান সজীব, হেমন্ত ভিনসেন্ট, সোহেল রানা, রুবেল মিয়া, শাকিল আহমেদ, ওমর ফারুক, ইউসুফ সিফাত, আতিকুর রহমান, তকলিচ আহমেদ, মঞ্জুরুর রহমান ও ফজলে রাব্বি।
গেমসেরফুটবলসূচি
গ্রুপ ‘এ’
ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ।
গ্রুপ ‘বি’
নেপাল, ভুটান ও বাংলাদেশ।
তারিখ ম্যাচ
৬ ফেব্রুয়ারি ভারত-শ্রীলঙ্কা
৭ ফেব্রু. নেপাল-ভুটান
৮ ফেব্রু. শ্রীলঙ্কা-মালদ্বীপ
৯ ফেব্রু. বাংলাদেশ-ভুটান
১০ ফেব্রু. মালদ্বীপ-ভারত
১১ ফেব্রু. বাংলাদেশ-নেপাল
১৩ ফেব্রু. ১ম ও ২য় সেমিফাইনাল
১৫ ফেব্রু. ৩য় স্থান নির্ধারণী ও ফাইনাল