ফুটবলের 'ডিগবাজ'রা...

শিরোনামে ‘ডিগবাজি’ শব্দটি দেখে কী ভাবছেন, অনুমান করতে সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু না, যা ভাবছেন তা নয়; এটা রাজনীতির অঙ্গনের চিরায়ত ডিগবাজির করচা নয়। বলা হচ্ছে ফুটবলারদের ডিগবাজির কথা!
মাঠে ফুটবলারদের এ কাণ্ডটা কিন্তু বরাবরই উপভোগ্য, ভীষণ আনন্দদায়ক। গোল হলেই হলো! দুই হাতে ভর করে শূন্যে ডিগবাজি। এরপর নিপুণ কৌশলে মাটিতে অবতরণ। গোলটা যেমন চোখ ধাঁধানো, গোল উদযাপনও ঠিক তা-ই! মাঠে শূন্যে ডিগবাজির কথা বললে সবার আগে কার কথা মনে পড়বে? অবশ্যই মিরোস্লাভ ক্লোসা। মজার ব্যাপার, শূন্যে ডিগবাজি দেওয়ার ক্ষেত্রে ক্লোসা কিন্তু খুব বেশি নম্বর পাবেন না! ভাবছেন ক্লোসাকে নম্বর দেওয়ার আমরা কে? ঠিকই ভেবেছেন, নম্বর দেওয়ার আমরা কেউ নই। ক্লোসাকে নম্বর দিচ্ছেন খোদ এক বিখ্যাত ব্রিটিশ জিমন্যাস্ট-বেথ টুইডল।

এই জিমন্যাস্ট তারকার বিচারে সবচেয়ে এগিয়ে নানি। ফুটবল সাময়িকী ‘ফোরফোরটু’র আমন্ত্রণে তিনি বিচার করেছেন কে কত ভালোভাবে শূন্যে ডিগবাজি দিতে পারেন। টুইডলের বিচারে সবচেয়ে বেশি নম্বর পেয়েছেন নানি। ১০-এ ৯। টুইডলের বিশ্লেষণ, ‘আমার ধারণা, পতুর্গিজ উইঙ্গারের জিমন্যাস্টিকসসের অভিজ্ঞতা আছে। কিছুটা জিমন্যাস্টিকের অভিজ্ঞতা রয়েছে। কারণ, তার টেকনিক খুবই ভালো।’ ১০-এ আট পেয়েছেন কার্ডিফ সিটির স্ট্রাইকার কেনওয়েইন জোনস। ত্রিনিদাদ ও টোবাগোর এ স্ট্রাইকার প্রসঙ্গে টুইডলের মন্তব্য, ‘তার ডিগবাজির টেকনিকটা অসাধারণ!’
১০-এ সাত পাওয়া ক্লোসাকেও ভালো বললেও তাঁর ডিগবাজির ধরনটা নাকি খুব একটা দর্শনীয় নয়, ‘সে দারুণ! কিন্তু তার ডিগবাজি দর্শনীয় নয়। তবে বেশ করিতকর্মা।’ সাবেক নিউক্যাসল উইঙ্গার লোমানা লুয়ালুয়া অবশ্য পেয়েছেন আট।
উড়ন্ত উদযাপনে জার্মান তারকা ইয়ুর্গেন ক্লিন্সম্যানের গল্পটা না বললেই নয়। তিনি যেবার টটেনহামে এলেন, চারদিকে চাউর হলো—ক্লিন্সম্যান একজন ডাইভার! সতীর্থ টেডি শেরিংহাম পরামর্শ দিলেন, টটেনহামের হয়ে প্রথম গোল করার পরই ডাইভ দিতে। সত্যি গোল করেছিলেন ক্লিন্সম্যান এবং সঙ্গে সঙ্গে আনকোরা এক ডাইভ!
ডিগবাজি দিতে গিয়ে পা ভাঙার ঘটনাও বিরল নয়। মেজর লিগ সকার তারকা ফ্যাবিয়ান এসপিনদোলা গোলের পর ডিগবাজি মারতে গিয়ে পা-ই ভেঙে ফেললেন! কী দুর্ভাগ্য দেখুন, যে গোলের জন্য অমন উদযাপন, সেটিও বাতিল হলো অফসাইডের কারণে! পরে এসপিনদোলা বলেছিলেন, ‘আমি বিব্রত। এটি বহুবার করেছি, কোনো সমস্যা হয়নি। যদি জানতাম এমনটা হবে, তাহলে কখনোই এমনটা করতাম না।’