ফুটবল-হৃদয়ের অর্ধেকটাই তো ব্রাজিলের
>

ব্রাজিলের খেলা মানেই অন্য দ্যোতনা। ব্রাজিল মানেই আবেগ। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের খেলার আগে এটাই বলতে চাইলেন সৌম্য বন্দ্যোপাধ্যায়
পৃথিবীর ফুটবল-হৃদয় আড়াআড়ি অথবা লম্বালম্বি চিড়ে দিলে তার একদিকটা থাকবে ব্রাজিলের দখলে, বাকি অর্ধেকে অন্যরা। উপসংহার টানার মতোই কথাটা এইভাবে শেষ হলো গতকাল বৃহস্পতিবার রাতে এক নৈশভোজের আসরে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক ইমাম, সংক্ষেপে যিনি এইচ টি ইমাম বলেই পরিচিত, দিল্লি এসেছেন। সফরের প্রথম দিনেই তাঁর সম্মানে নৈশভোজের আয়োজন করেন ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের (আইসিসিআর) সভাপতি বিজেপির রাজ্যসভার সদস্য বিনয় সহস্রবুদ্ধে। বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, উপহাইকমিশনার রকিবুল হক ছাড়াও আমন্ত্রিতদের মধ্যে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের দুই সাবেক হাইকমিশনার দেব মুখোপাধ্যায় ও পিনাক রঞ্জন চক্রবর্তী, ত্রিপুরা থেকে বাম সরকারকে উৎখাত করার দায়িত্ব বিজেপি যাঁকে দিয়েছিল সেই সুনীল দেওধর, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়, আইসিসিআর, অবজারভার রিসার্চ ফাউন্ডেশন বা ওআরএফ এবং ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিস বা আইডিএসএর বড় কর্তারা এবং কর গোনা কয়েকজন সাংবাদিক। সাকল্যে বিশ-বাইশ জন। ভোটের দামামা বেজে ওঠা বাংলাদেশ থেকে ইমাম সাহেবের হঠাৎ দিল্লি আসার নেপথ্য কারণ কী কী হতে পারে, সেই জল্পনা মিলেমিশে নৈশভোজ শুরু হলো ঠিকই, কিন্তু মুহূর্তের মধ্যে তা ঘুরে গেল ফুটবলে। অতঃপর এক ঘণ্টার ভোজনপর্বের সিংহভাগ কেড়ে নিল ব্রাজিল-আর্জেন্টিনা, বাকিটুকুতে টিমটিম করে জ্বলতে লাগল ইলিশ ও বাংলাদেশি আতিথেয়তা। ইমাম সাহেব শোনালেন কীভাবে গোটা বাংলাদেশ ব্রাজিল ও আর্জেন্টিনায় বিভক্ত, কীভাবে এই রেষারেষি অলঙ্ঘনীয় পাঁচিল তুলে দিয়েছে পাড়ার পাড়ায়, পরিবারে পরিবারে—সেই সব কাহিনি।

শিকেয় তোলা থাকল রাজনীতি। ভোটের দামামা। দ্বিপক্ষীয় সম্পর্কের খুঁটিনাটি। সফরের উদ্দেশ্য-বিধেয়। ভোজপর্ব শেষ হলো ফুটবল–হৃদয়ের ওই বিভাজনের মধ্য দিয়ে। সেই সঙ্গে স্বস্তির একটা ছোঁয়াও যেন ছিল। আইসিসিআর ধন্যবাদ পেল এমন একটা দিনে এই নৈশভোজের আয়োজন করার জন্য, যেদিন বিশ্বকাপের কোনো খেলা ছিল না।
কিন্তু আজই যে ব্রাজিল-বেলজিয়াম, উরুগুয়ে-ফ্রান্স?
বিশ্ব ফুটবলের এই ভরা কোটালে বিরাট কোহলি বারবার উঁকি মারছেন। কেন? কৌতুকের কেন্দ্রে তিনি ঢুকে পড়েছেন নিজের কারণেই। জার্মানির জার্সি পরে নিজের ছবি টুইট করেছিলেন, জার্মানরা মুখ কালো করে দেশে ফিরে গেছেন। মেসিকে নিয়ে ভালো ভালো কী সব যেন বললেন, লজ্জায় মুখ রাঙিয়ে ফিরে যেতে হলো ফুটবলের বরপুত্রকে। তারপর ধরলেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। শুভেচ্ছা-টুভেচ্ছা জানালেন। পর্তুগালকেও ফিরে যেতে হলো। এখন একটি রসিকতা সবার মুখে মুখে—কোহলির ভবিষ্যদ্বাণীর ছিরি দেখে ভ্লাদিমির পুতিন নাকি কোহলিকে বলছেন, ‘দোহাই ভাই আমার। রাশিয়ার দিকে তাকিয়ো না।’
ব্রাজিলের এক পাগল সমর্থক প্রমাদ গুনছেন। নেইমারকে নিয়ে মুখ ফসকে কোহলি যেন কিছু না বলেন। এ মুহূর্তে ‘ব্যাড লাক’ জাতীয় কাকতালের শেষ উদাহরণও বিরাট কোহলি। একজন লিখেছেন, ‘উনি পাঞ্জাবে জন্মেছেন, দিল্লিতে বড় হয়েছেন, খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে—অর্থাৎ কর্ণাটকের হয়ে। এরা কেউই আইপিএল জিততে পারেনি। মুম্বাইয়ের অভিনেত্রী অানুশকা শর্মাকে বিয়ে করলেন, মুম্বাই আইপিএল প্লে অফেই কোয়ালিফাই করতে পারল না। বিয়েটা সারলেন ইতালিতে। তারা বিশ্বকাপের মূল পর্বেই উঠতে পারেনি। তারপর একে একে জার্মানি, আর্জেন্টিনা, পর্তুগাল...। দোহাই কোহলি, আর এগিয়ো না। এবার ক্ষ্যামা দাও।’

আশা করি তিতে অ্যান্ড কোং এই কৌতুকটা শোনেননি। কিন্তু না শুনলেও এটা তাঁদের জানা, আজ মধ্যরাতে যে মাঠে তাঁদের নামতে হচ্ছে, সেই কাজান এবার জার্মানি ও আর্জেন্টিনাকে আগেভাগে দেশে ফেরার টিকিট ধরিয়ে দিয়েছে। ব্রাজিলকে সেইখানে নামতে হচ্ছে সেই দেশটার বিরুদ্ধে, শুরু থেকেই এবার যাঁরা ‘ডার্ক হর্স’। সেই বেলজিয়াম, যারা দুই গোলে পিছিয়ে পড়েও জাপানকে তিন গোল দিয়ে বুক চিতিয়ে মাঠ ছেড়েছে।
এখন পর্যন্ত বেলজিয়ামই ব্রাজিলের কঠিনতম প্রতিদ্বন্দ্বী। হাফ লাইন থেকে ফরোয়ার্ডদের নামগুলো একটু দেখুন। ম্যানচেস্টার সিটিতে খেলেন কেভিন ডি ব্রুইনা ও ভিনসেন্ট কম্পানি। ইউনাইটেডের রোমেলু লুকাকু ও মারোয়ানে ফেলাইনি। চেলসির এডেন হ্যাজার্ড। কার্ডের জন্য বাইরে থাকা ব্রাজিলের কাসিমিরোর বদলে খুব সম্ভবত তিতে আজ মাঠে নামাবেন ফার্নান্দিনহোকে। ইংলিশ প্রিমিয়ার লিগে এই ফার্নান্দিনহোই ম্যানচেস্টার সিটিতে ডি ব্রুইনা ও কম্পানির সতীর্থ। লুকাকু, ফেলাইনি ও হ্যাজার্ডের খেলার ধরন-ধারণও তাঁর জানা। লম্বা-চওড়া ও শক্তিশালী লুকাকুর জায়গা হলো ছয় গজের চৌখুপ্পি। হ্যাজার্ড ও ব্রুইনারা দুপাশ থেকে যে ক্রস বক্সে ফেলবেন, লুকাকু ও ফেলাইনিদের দায়িত্ব হবে তাতে মাথা ছোঁয়ানো। এই প্রথম ব্রাজিল ডিফেন্স এমন আঁটসাঁট। থিয়াগো সিলভা, মিরানদা ও ফ্যাগরাদের পরীক্ষাও আজ। ব্রাজিল ডিফেন্সের গড় বয়স তিরিশের ওপর। বেলজিয়ানদের শক্তি ও সেট পিসের মোকাবিলা আজ তাঁদের জন্য অগ্নিপরীক্ষাই।
কিন্তু বেলজিয়াম? তাদের চোখ রাঙানোর জন্য রয়েছেন নেইমার ও কুতিনহো। প্রথম প্রথম নেইমারের দিকে যখন প্রতিপক্ষের নজর বেশি ছিল, ফাউলের পর ফাউল যখন তাঁকে বিব্রত করেছিল, খেলাটা তখন ধরেছিলেন কুতিনহো। শেষ ম্যাচে ফুলের পাপড়ি মেলার মতো নেইমার যখন নিজেকে মেলে ধরলেন, গোল করলেন ও করালেন, লক্ষ করে দেখুন সেই দিন ঝাঁকড়া-চুলো উইলিয়ানের কেরামতি। সারা মাঠ চষে বেড়িয়ে ছোট ছোট টোকায় নেইমারের সঙ্গে যে যুগলবন্দীগুলো তিনি দেখালেন,—আহা, ওই জন্যই তো রাত জাগা! আর এক ঝাঁকড়া–চুলো মার্সেলোও চোট সারিয়ে মাঠে ফেরার অপেক্ষায়। তিতে এবং ব্রাজিলের দুর্ভাগ্য, গ্যাব্রিয়েল জেসুসের সঙ্গে গোলের লুকোচুরি খেলা এখনো চলছে। কে জানে আজ সেই খরা কাটানোর দিন কি না?

চিরকাল জেনে এসেছি, লিগ ও নকআউট মেশানো টুর্নামেন্টগুলোয় বড় টিমরা পার্সেন্টেজ ফুটবল খেলে। শুরুতেই সেরাটা খেলে ফেলে না। আজ ও কাল যে আটটা দেশ মাঠে নামবে, সেরাটা দেওয়ার জন্য তারা কিন্তু মুখিয়ে থাকবেই। পার্সেন্টেজ ফুটবল খেলার বিলাসিতা ঝেড়ে ফেলে সবুজ ঘাসে আলপনা দেওয়ার প্রতিযোগিতায় তারা আজ থেকেই নামবে। ব্রাজিলে বাজি তো ধরেই রেখেছি। এই একটা দল যেখানে ব্যক্তির চেয়ে দেশের নামটাই বুকে কাঁপন ধরায়। ব্রাজিল আজ অবশ্যই চাইবে, উরুগুয়ের জয় দেখে যেন তারা মাঠে নামতে পারে। কারণ, ল্যাটিন আমেরিকার ফুটবল তাদের চেনা আঙিনা, যেখানে শক্তির চেয়ে স্কিলের প্রাধান্য বেশি, গতির সঙ্গে পাল্লা দেয় মস্তিষ্ক। ফুটবল যারা হৃদয় দিয়ে খেলে। সেমিফাইনালে বহু চেনা উরুগুয়েকেই তাই তারা প্রতিপক্ষ দেখতে ভালবাসবে।
ব্রাজিলের এটা পরপর সপ্তম কোয়ার্টার ফাইনাল। মাত্র দুবার, ২০০৬ সালে ফ্রান্স ও ২০১০ সালে হল্যান্ডের কাছে হেরে এই পর্ব থেকে তারা বিদায় নিয়েছিল। দুটিই ইউরোপের দেশ। ‘ইউরোপের ব্রাজিল’ বলে পরিচিতি পাওয়া বেলজিয়ামকে টপকানো নেইমারদের পক্ষে কঠিন হলেও অবশ্যই সম্ভব। হতে পারে গত ২৩ ম্যাচে বেলজিয়াম অজেয়। কিন্তু ব্রাজিলও তো অপরাজিত টানা ১৫ ম্যাচে। তা ছাড়া অতীতের রেকর্ডও ব্রাজিলের পক্ষে অনেকখানি ঝুঁকে।
ক্রিকেট যদি হয় এক বলের খেলা, ফুটবলের ভাগ্যও তাহলে লেখা হয় ক্ষণিকের চমক অথবা পলকের ভুলে। বেঁচে থাকে ঘরানা। ওটাই চিরন্তন। ফুটবলের সেই ব্রাজিলীয় ঘরানার খোঁজে দেশান্তরি হতে রাজি। এইচ টি ইমামের সম্মানে দেওয়া বৃহস্পতিবারের নৈশভোজে বুঝলাম, শুধু আমি কেন, আমারই মতো অর্ধেক বাংলাদেশ, আধখানা ভারত কিংবা দ্বিখণ্ডিত পৃথিবী ব্রাজিলীয় ঘরানার টানে মনভাসি হতে হাপিত্যেশ করে বসে আছে।