ফুরিয়ে গেছেন রুনি?

জন্মদিন নাকি নিজেকে ফিরে দেখার একটা আবহ তৈরি করে। এই তো শনিবার ৩০তম জন্মদিন গেল ওয়েইন রুনির। জন্মদিনের উৎসবের আবহের মধ্যেও মৌসুমের পারফরম্যান্সের দিকে ফিরে তাকিয়ে কী একটু ফাঁকা অনুভব করছেন ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার?
জন্মদিনের উপহারটাও একেবারেই মনমতো হয়নি। অনেক আশা জাগিয়েও ইতিহাসের সবচেয়ে ‘দামি’ ডার্বিটাই শেষ হলো ম্যাড়ম্যাড়ে গোলশূন্য ড্রতে। রুনির পারফরম্যান্সও ছিল নিতান্তই মলিন। ম্যাচশেষে সাবেক ও বর্তমান সতীর্থদের নিয়ে লিভারপুলের হিলটন হোটেলে গিয়েছিলেন জন্মদিন উদ্যাপন করতে। কিন্তু উচ্ছ্বাসের রং তাতে ছিল কতটুকু?
রং থাকবে কীভাবে, নিরস ম্যাচটায় তাঁর পারফরম্যান্সই যে সবচেয়ে বর্ণহীন। ম্যানচেস্টার ডার্বির সর্বোচ্চ গোলদাতা (১১) গোলে কোনো শটই নিতে পারলেন না। সবমিলিয়ে পুরো ম্যাচে একটাই শট, সেটিও ফিরে এল সিটি ডিফেন্ডারদের গায়ে লেগে। গোলের কোনো সুযোগ তৈরিও করে দিতে পারেননি। যোগ করে নিন আরও দুটি তথ্য—পুরো ম্যাচে রুনির পাসের মাত্র ৫৫ শতাংশই খুঁজে পেয়েছে সতীর্থকে (মাঠের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে কম)। বল হারিয়েছেন ২৮ বার (ম্যাচে সবচেয়ে বেশি। ধারাভাষ্যকারেরাও হাতে গোনা দুয়েকবারই সুযোগ পেয়েছেন রুনির প্রশংসা করার।
তবে ‘তিরিশেও রক্ষণকাজে বেশ তৎপর’—পুরো ম্যাচে একমাত্র স্তুতিবাক্যটি একজন স্ট্রাইকারের জন কতটা প্রশংসার, এ নিয়ে কথা হতেই পারে।
ম্যাচশেষে ইউনাইটেড কোচ লুই ফন গালের দিকে অবধারিতভাবেই ছুটে গেল প্রশ্নটা। বেশ বিরক্ত হয়েই তিনি উত্তর দিলেন, ‘প্রতি সপ্তাহেই আমাকে রুনির ব্যাপারে কথা বলতে হচ্ছে। কেন? আমি ওয়েইন রুনির বিষয়ে আর কোনো প্রশ্নের জবাব দেব না। এসবে বিরক্তি ধরে যাচ্ছে আমার।’
কিন্তু প্রশ্নটা তো থেকেই যাচ্ছে। এভারটনের বিপক্ষে আগের ম্যাচে জাল খুঁজে পেয়েছিলেন রুনি, যাতে গত কিছুদিনের সমালোচনায় একটু বিরতি পড়েছিল। ‘ম্যানচেস্টার-ডার্বি’র পর মনে হচ্ছে, সমালোচনাটাই এখন নিয়তি হয়ে দাঁড়িয়েছে। রুনির কারণে নাকি উল্টো পুরো দলের খেলার গতি কমে যাচ্ছে! হুয়ান মাতা, অ্যান্ডার হেরেরা কিংবা অ্যান্থনি মার্শালদের বেশ চটপটেই দেখাচ্ছে আক্রমণে, তবে সব কিছুকে পূর্ণতা দিতে বক্সে একজন স্ট্রাইকার তো লাগবে। এখানেই হাহাকারের নাম রুনি! কালকের ম্যাচেই যেমন বক্সে রুনির বলে ‘টাচ’ ছিল কেবল একটি।
বিশ্লেষকরা তো এমনও বলছেন, রুনি এখন আর ‘নাম্বার নাইন’ নন। আগের মতো ডিফেন্ডারদের চ্যালেঞ্জ করে খেলতে পারছেন না, গতি-কৌশলে তাঁদের কাটিয়ে যাওয়ার দুর্দান্ত ক্ষমতাটাতেও যেন মরচে ধরেছে। সময় এসেছে তাঁকে একটু নিচে প্লে-মেকার হিসেবে খেলানোর।
বয়সের ছাপও পড়ছে খেলায়। পরিসংখ্যান বলছে, গত দু মৌসুম ধরে রুনির মাঠে দৌড়ানোর ক্ষমতাটা কমে যাচ্ছে। ২০১৩/১৪ মৌসুমে ম্যাচপ্রতি মাঠে দৌড়েছেন ১১.২২ কিলোমিটার, গত মৌসুমে সেটি কমে হয়েছে ১১.১৪। ‘ধারা’টা ধরে রেখে এ মৌসুমে সেটা ১১.১০ কিলোমিটার।
তার মানে কি রুনি শেষ? ২০০২ সালে ১৭তম জন্মদিনের পাঁচ দিন আগে আর্সেনালের বিপক্ষে অসাধারণ এক গোল করে প্রিমিয়ার লিগে নিজের আগমনীবার্তা ঘোষণা করেছিলেন যিনি, এখন কি তাঁর শেষের শুরুই দেখছে সবাই?