ফুলের পাশে আছে কাঁটাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
চ্যাম্পিয়নস লিগের ট্রফি নিয়ে উল্লাস করেছে বার্সেলোনা, ক্রিস্টিয়ানো রোনালদো হেসেছেন ব্যালন ডি’অরের ট্রফি নিয়ে l ফাইল ছবি
চ্যাম্পিয়নস লিগের ট্রফি নিয়ে উল্লাস করেছে বার্সেলোনা, ক্রিস্টিয়ানো রোনালদো হেসেছেন ব্যালন ডি’অরের ট্রফি নিয়ে l ফাইল ছবি

দেখতে দেখতে শেষ হয়ে এল ২০১৫। এই বছর কেমন গেছে খেলাধুলার জগৎটা? পেছন ফিরে তাকালে উঠে আসবে প্রাপ্তি-অপ্রাপ্তি-আনন্দ-বেদনার বর্ণিল এক উপাখ্যান। ধারাবাহিক এই বর্ষপরিক্রমায় আজ আন্তর্জাতিক ফুটবল

ক্লিন্ট ইস্টউডের বিখ্যাত চলচ্চিত্র দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলির নাম হয়তো শুনে থাকবেন। ফুটবলের জন্য এই বছরে প্রাপ্তির চেয়ে কলঙ্কের দাগই যেন বেশি। ত্রিমুকুটজয়ী বার্সেলোনাকে যদি ‘গুড’ বলা যায়, তাহলে বছরের অর্ধেকটা সময়জুড়ে চলতে থাকা ফিফা কেলেঙ্কারিকে ‘ব্যাড অ্যান্ড দ্য আগলি’ বলতেই হবে।

তবে বছরের শুরুটা যাঁর হাসি দিয়ে হয়েছিল, শেষে সেই হাসি অনেকটাই মুখ থেকে মুছে গেছে। টানা দ্বিতীয়বার ব্যালন ডি’অরের পুরস্কার হাতে নিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, কিন্তু বাকিটা সময় মুদ্রার অন্য পিঠটাও দেখতে হয়েছে। নিজে গোল পেলেও রিয়াল মাদ্রিদকে যেমন বছরটা শেষ করতে হচ্ছে শূন্য হাতেই। অবৈধভাবে খেলোয়াড়কে নামানোর জন্য কোপা ডেল রে থেকে বহিষ্কার রিয়ালের কাটা ঘায়ে আরও নুনের ছিটা হয়েই এসেছে।

এই বছর বার্সেলোনাকে অবশ্য দুই হাত ভরেই দিয়েছে। লিওনেল মেসি তো আগে থেকে ছিলেনই, এ বছর নিজেদের নতুন করে চিনিয়েছেন লুইস সুয়ারেজ ও নেইমার। ‘এমএসএন’ত্রয়ীর জাদুতে মোহাবিষ্ট হয়ে থেকেছে ফুটবল-বিশ্ব। শুরুটা হয়েছিল কোপা ডেল রে জয় দিয়ে। লা লিগা জয়ের পর চ্যাম্পিয়নস লিগেও সেই দুর্বার বার্সেলোনা। আর বছরের শেষে ক্লাব বিশ্বকাপ জিতে বার্সা তুলির টানে দিয়েছে শেষ আঁচড়। বছর শেষে ব্যালন ডি’অরের সেরা তিনে মেসি ও নেইমার আছে—বার্সার বছরটা কেমন গেছে এখান থেকেই সেই আভাস কিছুটা পাওয়া যাচ্ছে।

কিন্তু মেসি কি গোপনে একটু দীর্ঘশ্বাস ফেলেননি? বার্সার হয়ে সবকিছুই পেয়েছেন, কিন্তু আর্জেন্টিনার হয়ে বড় কোনো ট্রফি তো সোনার হরিণ হয়েই থেকেছে। বিশ্বকাপের পর এই বছর কোপা আমেরিকাও একেবারে হাতছোঁয়া দূরত্বে চলে এসেছিল। কিন্তু ফাইনালে গিয়ে টাইব্রেকারের স্বপ্নভঙ্গ। আর প্রথমবারের মতো কোপা জয়ের আনন্দ নিজেদের মাঠেই করেছে সানচেজ-ভিদালদের চিলি।

আন্তর্জাতিক ফুটবলে বড় আসর দেখেছে শুধু কনক্যাকাফ আর এশিয়াই। রেকর্ড দশমবারের মতো গোল্ড কাপ জিতেছে মেক্সিকো, আর এশিয়ায় যোগ দেওয়ার পর প্রথমবারের মতো শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে অস্ট্রেলিয়া। কোনো শিরোপা না জিতলেও বেলজিয়ামকে আলাদা করে মনে রাখতে হবে। ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে তারা বছর শেষ করবে, সেটা এক বছর আগেও কে কেউ ভেবেছিল?

কেউ ভাবতে পারেনি, সে রকম অনেক কিছুই হয়েছে। ভলফ্‌সবুর্গের সঙ্গে নয় মিনিটে ৫ গোল করে বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানডফস্কি তো গিনেস বুকেই নাম লিখিয়ে ফেলেছেন। রোনালদো-সার্জিও আগুয়েরোরাও এক ম্যাচে ৫ গোল করেছেন, তবে লেভানডফস্কির মতো এ রকম বিপৎসংকেত ছাড়া কেউই তাণ্ডব চালাননি।

ডাগ-আউটও কি কম বিস্ময় দেখেছে? সাত মাস আগেও যে কোচ ট্রফি নিয়ে উল্লাস করেছিলেন, তাঁকেই বছরের শেষে ক্লাব ছাড়তে হলো! হোসে মরিনহো চেলসি থেকে বিদায় নিয়েছেন, বায়ার্ন থেকে চলে যাওয়ার ঘোষণা দিয়েছেন পেপ গার্দিওলাও। রিয়ালে এসেছেন রাফায়েল বেনিতেজ, লিভারপুলে ইয়ুর্গেন ক্লপ। নতুন বছরের শুরুটাও হয়তো হবে কোচদের ‘মিউজিক্যাল চেয়ারের’ আরেকটি রাউন্ড দিয়ে।

বিদায়ের রাগিণীও কি একটু বাজেনি? বার্সা থেকে জাভির, লিভারপুল থেকে স্টিভেন জেরার্ডের, জুভেন্টাস থেকে আন্দ্রেয়া পিরলোর চলে যাওয়া একটি যুগেরই সমাপ্তি। আর রাউল-রিভালদোর মতো কেউ কেউ তো বুটজোড়াই তুলে রেখেছেন। সামনের বছরও হয়তো অনেকেই জার্সি তুলেই রাখবেন।