প্রায় ১০ বছর পর আবারও বঙ্গবন্ধু স্টেডিয়ামের ডাগ আউটে দাঁড়ালেন জর্জ কোটান। এবার আবাহনীর কোচ হিসেবে। জয় দিয়েই জাতীয় দলের সাবেক কোচ বাংলাদেশে শুরু করলেন তাঁর নতুন অধ্যায়। ফেডারেশন কাপে আবাহনী কাল ২-০ গোলে হারিয়েছে ফরাশগঞ্জকে।
নিজের পছন্দের ফর্মেশনে ফুটবলারদের অভ্যস্ত করাতেও পারেননি। তার পরও কালকের ম্যাচ শেষে হাসিখুশিই দেখাল বর্ষীয়ান অস্ট্রিয়ান কোচকে। প্রথমার্ধের যোগ হওয়া সময়ে দুর্দান্ত এক প্লেসিং শটে হাঙ্গেরিয়ান স্ট্রাইকার সাবোলস চরবা করেছেন প্রথম গোল। বক্সের মধ্যে জটলায় দাঁড়ানো চরবা ব্যবধান দ্বিগুণ করেন শেষ বাঁশি বাজার সামান্য আগে। দুটি গোলই করেছেন চরবা, তার পরও তাঁর খেলায় সন্তুষ্ট নন কোটান, ‘ওর পারফরম্যান্সে খুশি নই। কারণ আমি আশা করেছিলাম অন্তত ৫-০ স্কোর।’ ম্যাচের ৫১ মিনিটে কোমলের দুর্দান্ত শট ক্রসবারে প্রতিহত না হলে ব্যবধান বড়ই হতো।
কাল দিনের অন্য ম্যাচে মুক্তিযোদ্ধা ৪-০ গোলে হারিয়েছে উত্তর বারিধারাকে। জোড়া গোল করেছেন এনামুল। বাকি দুটি গোল করেছেন বিপ্লব ও আনোয়ার।