ফেডারেশন কাপ শুরু ১৬ ফেব্রুয়ারি
বঙ্গবন্ধু গোল্ড কাপ শেষ। এখন ঘরোয়া ফুটবল শুরুর পালা। কথা ছিল, বঙ্গবন্ধু কাপের পর ১৫ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ফেডারেশন কাপ। এক দিন পিছিয়ে তা এখন ১৬ ফেব্রুয়ারি শুরুর সিদ্ধান্ত হয়েছে।
১২ দলের ফেডারেশন কাপের ড্র আজ। টুর্নামেন্টে খেলবে প্রিমিয়ার লিগের ১১টি দলই। চ্যাম্পিয়নশিপ লিগ থেকে সঙ্গী হচ্ছে শুধু উত্তর বারিধারা।
ফেডারেশন কাপের পর শুরু প্রিমিয়ার লিগ। এবার প্রিমিয়ার লিগের দলগুলোর বয়সভিত্তিক টুর্নামেন্ট হবে অনূর্ধ্ব-১৪। প্রথমবার ছিল অনূর্ধ্ব-১৬, পরেরবার অনূর্ধ্ব-১৮। শুরুতেই অবশ্য কথা ছিল, অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টই হবে। কিন্তু ক্লাবগুলোর চাওয়ার ভিত্তিতে বয়সের সীমা বাড়ানো হয়েছিল।
বয়সভিত্তিক টুর্নামেন্টে ক্লাবগুলোর জন্য খেলা বাধ্যতামূলক। তবে শেখ জামাল ধানমন্ডি প্রথম দুবারই খেলেনি। গ্রহণযোগ্য কোনো কারণও দেখায়নি দলটি। ইচ্ছে হয়েছে, তাই খেলেনি।
বাফুফে এ ক্ষেত্রে নীরব দর্শক ছিল, না খেললে শাস্তির বিধান থাকলেও শেখ জামালকে কোনো শাস্তি তারা দেয়নি বা দিতে পারেনি। এবারও বলা হচ্ছে, না খেললে শাস্তি দেওয়া হবে। তবে এসব ফাঁকা আওয়াজ ভেবে ক্লাবগুলো খুব একটা আমলে নিচ্ছে বলে মনে হয় না। এ দেশের ক্লাবই নিয়ন্ত্রণ করে সব। তারা জানে কোনো কোনো ক্ষেত্রে শাস্তি দেওয়ার ক্ষমতা বা সামর্থ্য কোনোটাই নেই বাফুফের।