ফেডারেশন কাপের ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নভেম্বর-ডিসেম্বরে ফেডারেশন কাপ দিয়ে ফুটবল মৌসুম শুরু হওয়ার রীতিটা এবার পাল্টে গেছে। টুর্নামেন্টটি পেছাতে পেছাতে ১০ জুন শুরু হওয়ার কথা থাকলেও এই সূচি বাফুফের ঠিক রাখতে পারা নিয়ে সংশয় থাকছেই। প্রভাবশালী কোনো ক্লাব চাইলে খেলা আবার পিছিয়ে যাওয়া বিচিত্র নয়!
তবে কাল ফেডারেশন কাপের ড্র ও লোগো উন্মোচন অনুষ্ঠান করে প্রস্তুতি এগিয়ে রাখল বাফুফে। পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে এসেছে ওয়ালটন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সেরা গোলদাতাকে এলইডি টিভি পুরস্কার দেবে প্রতিষ্ঠানটি। প্রতি ম্যাচের সেরা খেলোয়াড় ওয়ালটন পণ্য উপহার পেতে পারেন। দর্শকদের জন্যও থাকতে পারে লটারি।
প্রিমিয়ার লিগের ১২ দলের টুর্নামেন্টের গ্রুপ পর্বে বড় দলগুলোর পথটা বাধাহীনই মনে হচ্ছে। হেসেখেলেই সবার কোয়ার্টার ফাইনালে যাওয়ার কথা। গতবারের চ্যাম্পিয়ন শেখ জামাল বলতে গেলে শেষ আটে এক পা দিয়েই রেখেছে! শিরোপার অন্যতম দাবিদার শেখ রাসেল ও চট্টগ্রাম আবাহনী একই গ্রুপে থাকায় এই দুই দলের মধ্যেই হতে পারে গ্রুপসেরার লড়াই।
উত্তেজনা ছড়াতে পারে আসলে কোয়ার্টার ফাইনাল থেকে। বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদী ড্র অনুষ্ঠানে রাখলেন তেমন আশাবাদই, ‘নকআউট পর্ব থেকে টুর্নামেন্টটা জমে উঠবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা টুর্নামেন্টই আমরা আশা করছি।’ গ্রুপ পর্বে প্রতিদিন দুটি ম্যাচ বিকেল চারটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়। নকআউট পর্বে প্রতিদিন একটি করে ম্যাচ।
গ্রুপিং
‘এ’: আবাহনী লিমিটেড, ফেনী সকার, আরামবাগ
‘বি’: শেখ রাসেল, মুক্তিযোদ্ধা চট্টগ্রাম আবাহনী
‘সি’: শেখ জামাল, ব্রাদার্স, উত্তর বারিধারা
‘ডি’: মোহামেডান, বিজেএমসি, রহমতগঞ্জ