ফেনী-নারায়ণগঞ্জ ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলকে শুভকামনা জানানো ডিজিটাল ব্যানার হাতে একদল তরুণ ফেনী থেকে ঢাকায় এসেছিল। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে বসে সারাক্ষণ গলা ফাটিয়েছে ওরা। ম্যাচ শেষে ফেনীর গোলরক্ষক মোহাম্মদ ইয়াকুব এবং অধিনায়ক ইফতেখারকে কাঁধে তুলে ঘুরেছেও সারা স্টেডিয়াম। যদিও চ্যাম্পিয়ন হতে এক ম্যাচ বাকি। কিন্তু যেন চ্যাম্পিয়নের মতোই উৎসব করে বাড়ি ফিরল এই সমর্থকেরা।
দর্শকের স্নায়ুর পরীক্ষা নিয়ে পরশুর মতো কালকের সেমিফাইনালও গড়িয়েছে টাইব্রেকারে। ঢাকা জেলাকে সাডেন ডেথে ৫-৪ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ফেনী। এর আগে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। আগামীকাল ফাইনালে ফেনীর প্রতিপক্ষ নারায়ণগঞ্জ।
বৃষ্টিভেজা মাঠে স্বাভাবিক ছন্দে খেলতে পারেনি কোনো দলই। বল নিয়ে আক্রমণে উঠলেও গোলপোস্টের সামনে খেই হারিয়েছে বারবার। ম্যাচের ৮২ মিনিটে ফেনী গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু ইফতেখারের দুর্দান্ত এক শট গোলরক্ষক জুবায়ের কর্নারের বিনিময়ে রক্ষা করেন। বাকি সময় কোনো দলই গোল করতে পারেনি। টুর্নামেন্টের নিয়ম অনুসারে এরপরই ম্যাচ গড়িয়েছে টাইব্রেকারে।
প্রথমেই ফেনীর আবদুল্লাহ বাইরে পাঠায় বল। এরপর ঢাকার জয়নালের শট ফেনীর গোলরক্ষক ইয়াকুব ঠেকিয়ে দেয়। ৬ ফুট উচ্চতার এই গোলরক্ষক এরপর ঢাকার ইমরুল ও সোহাগের শট ঠেকিয়ে জিতেছে ম্যাচসেরার পুরস্কার। খেলা শেষে উচ্ছ্বসিত ইয়াকুব, ‘গ্রুপ পর্বে চট্টগ্রামের বিপক্ষে টাইব্রেকারে দুটি শট ঠেকিয়েছিলাম। আশা ছিল আজও পারব। ঠিকই দলকে ফাইনালে তুলেছি।’