ফেনী সকারের আশা
গত মৌসুমে স্বাধীনতা কাপের ফাইনালে উঠে সবাইকে চমকেই দিয়েছিল। কিন্তু প্রিমিয়ার লিগের লম্বা দৌড়ে হাঁপিয়ে উঠেছিল ফেনী সকার। কোনো রকমে অবনমন এড়িয়ে হয়েছিল দশ দলের মধ্যে নবম। তবে এবার একঝাঁক তরুণ তুর্কি নিয়ে দল গড়েছে ফেনীর ক্লাবটি। আগামী মৌসুমে সেরা ছয়ে থাকার প্রত্যাশা তাদের।
কাল দুপুরে বাফুফে ভবনে অনেকটা নীরবেই দলবদল সেরেছে ফেনী সকার। শুধু স্থানীয়দেরই নাম নিবন্ধন করেছে তারা, বিদেশিদের ব্যাপারটা এখনো চূড়ান্ত করেনি। পুরোনো ক্লাবে থাকছেন দশজন—আকবর হোসেন রিদন, রমজান আলী, মোহাম্মদ শাহিন, আশিক আহমেদ, মোহাম্মদ পারভেজ, মনজুর রহমান, আবদুল্লাহ আল মামুন, আজমল হোসেন বিদ্যুৎ, আলী হোসেন ও আলাউদ্দিন। নতুনদের মধ্যে মোহামেডান থেকে এসেছেন আহসান হাবিব ও ইমরান হোসেন, শেখ জামাল ধানমন্ডির জহিরুল ইসলাম, চট্টগ্রাম আবাহনীর সোহেল মিয়া, সেলিম উল্লাহ, সুজন বিশ্বাস, শেখ রাসেল অনূর্ধ্ব-১৮ দলের অধিনায়ক রকি ও সবুজ বিশ্বাস, বিজেএমসির নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধার ইকবাল হোসেন। চ্যাম্পিয়নশিপ লিগের দল অগ্রণী ব্যাংক থেকে এসেছেন ইফতেখারুল আলম, সাদ্দাম হোসেন, ঢাকা ইউনাইটেডের শাজাহান সম্রাট, ভিক্টোরিয়ার ইকবাল হোসেন ও উত্তর বারিধারার ইমাদুল হক।
বিদেশিদের ভারটা গাম্বিয়ান কোচ ওমর কে সিসের ওপরই ছেড়ে দিয়েছে ক্লাব। দলের ম্যানেজার সাখাওয়াৎ হোসেন শাহীন জানালেন, ‘গতবার নিজেদের পছন্দে বিদেশি এনেছিলাম আমরা। এবার কোচ তাঁর পছন্দমতো আনুক। এরই মধ্যে গাম্বিয়ার চার খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করেছেন কোচ।’
এই দল নিয়ে এবার সেরা ছয়ে থাকার প্রত্যাশা শাহীনের, ‘গতবার অন্য টুর্নামেন্টে ভালো খেললেও লিগে খুবই বাজে খেলেছি। তবে এবার সুপার সিক্সে খেলতে চাই আমরা।’ গত মৌসুমে ফেনীর হোম ভেন্যু নিয়ে অনেক আপত্তি ছিল বাফুফের। এবার ভেন্যু সংস্কার করা হয়েছে। ফেনীতে এবার ম্যাচ হবে বলেই আশা করছেন শাহীন, ‘ফেনীর মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ড্রেসিংরুমসহ সব সংস্কার করেছি আমরা। আশা করছি ভেন্যুটা এবার টিকে থাকবে। বাফুফে এটা বাতিল করার পথে হাঁটবে না।’