ফেনী সকারের দুরন্ত জয়
বিশ্বকাপ ক্রিকেটের ডামাডোলে এবারের ফেডারেশন কাপ ফুটবল একটু আড়ালেই পড়ে গেছে। তবে তাতে কী, দলগুলো মৌসুমসূচক এই টুর্নামেন্টে নিজেদের ঝালিয়ে নিতে বেশ তৎপরই। ফেডারেশন কাপের তৃতীয় দিনে কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামের দুটি ম্যাচেই তা বোঝা গেল।
রাতের ম্যাচে ফেনী সকার টিম বিজেএমসিকে হারিয়ে দিয়েছে ৩-০ গোলে। প্রথম গোলটা সোহেলের। পরের দুটি গোল গাম্বিয়ান ফরোয়ার্ড মন্দু লামিনের। শেষ গোলটি এসেছে শেষ মিনিটে। প্রথম ম্যাচে শেখ জামালের কাছে ৪-১ গোলে উড়ে যাওয়া সকার এই জয়ে কোয়ার্টার ফাইনালের আশা ভালোভাবেই বাঁচিয়ে রেখেছে।
একই মাঠে দিনের প্রথম ম্যাচে ব্রাদার্সের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রহমতগঞ্জ। দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জের শেষ আটের আশা কাগজে-কলমে টিকে আছে। এই গ্রুপ থেকে শেষ আট কালই নিশ্চিত হয়ে গেছে প্রথম ম্যাচে রহমতগঞ্জকে ২-১ গোলে হারানো মোহামেডানের।