ফেনী সকারের সঙ্গেও ড্র রহমতগঞ্জের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শেষে ফুটবলাররা ঢুকে গেছেন ড্রেসিংরুমে। ঢাকা থেকে আসা ক্লাব কর্মকর্তাদের সঙ্গে তখনো ম্যাচ বিশ্লেষণে ব্যস্ত রহমতগঞ্জ কোচ কামাল বাবু। এগিয়ে গিয়েও ড্র করায় বেশ হতাশ এই কোচ। গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে কাল রহমতগঞ্জ ১-১ গোলে ড্র করেছে তুলনামূলক দুর্বল ফেনী সকারের সঙ্গে। রহমতগঞ্জের হয়ে গোল করেছেন দিদারুল, ফেনীর গোলটি উচে ফেলিক্সের।
এই ড্রয়ে ১৮ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে চারে রহমতগঞ্জ। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে ফেনী সকার। অবনমন চোখ রাঙাচ্ছে ফেনীর দলটিকে।
প্রথম পর্বের লড়াকু রহমতগঞ্জ খেই হারিয়েছে দ্বিতীয় পর্বে এসে। আরামবাগের সঙ্গে ড্রয়ের পর হেরেছে চট্টগ্রাম আবাহনীর কাছে। কাল তবুও অন্তত ১ পয়েন্ট পেয়েছেন, এতেই যেন খুশি কর্তারা!
প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে বেশ গোছানো ফুটবল খেলেছে রহমতগঞ্জ। ৫৪ মিনিটে ডান প্রান্ত থেকে সিও জুনাপিওর ক্রস, দিদারুলের লক্ষ্যভেদী শটে ১-০-তে এগিয়ে যায় রহমতগঞ্জ। কিন্তু সেই অগ্রগামিতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দলটি। ৬১ মিনিটে বক্সের সামান্য বাইরে থেকে ফ্রি-কিক পায় ফেনী সকার। ফেলিক্স সেট পিস থেকে করেন দর্শনীয় সমতাসূচক গোলটি (১-১)। বাকি সময়ে চেষ্টা করেও কোনো দল আর গোলের দেখা পায়নি।
আজকের খেলা: আবাহনী-মোহামেডান (বিকেল ৩টা, শেখ ফজলুল হক মণি স্টেডিয়াম, গোপালগঞ্জ)।