
ফ্লাডলাইটের আলোয় চকচক করছিল সোনালি ট্রফিটা। সেটি নিয়ে কাদামাখা একদল কিশোরের সে কী আনন্দ! এ আনন্দ বয়সভিত্তিক ফুটবলে দীর্ঘ শিরোপা-খরা ঘোচানোর, বিজয় পতাকা ওড়ানোর। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল সেইলর অনূর্ধ্ব-১৫ ফুটবলের ফাইনালে নারায়ণগঞ্জকে (২-০) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফেনী। ১৯৯৩ সালে অনূর্ধ্ব-১৪ মা-মণি গোল্ডকাপ জয়ের ২২ বছর পর আবার একটি বয়সভিত্তিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো এই জেলা দলটি।
বিকেলের বৃষ্টিভেজা মাঠেও একচেটিয়া খেলেছে ফেনী। বৃষ্টির মধ্যেই আবাহনী গ্যালারিতে দাঁড়িয়ে ব্যান্ডপার্টির তালে নেচেছে ফেনী থেকে আসা দশ মাইক্রোবাস-ভর্তি দর্শক। তাদের হাতে ছিল ছোট-বড় সাইজের অনেক ব্যানার। ভিআইপি গ্যালারিতে বসে খেলা দেখেছেন জাতীয় দলের নতুন কোচ ফাবিও লোপেজ।
ফেনী প্রথম গোল পায় ৪১ মিনিটে। রাজনের শট নারায়ণগঞ্জের গোলরক্ষক অন্তরের হাতে লেগে ফিরলে ফিরতি শটে গোল করেছে নূরুল আফসার। ৫৫ মিনিটে নূরুলেরই ফ্রি-কিক অন্তরের হাত ফসকে বেরিয়ে গেলে ব্যবধান দ্বিগুণ করে সারোয়ার। বাকি সময় গোল শোধের চেষ্টা করেও পারেনি ৮৬ মিনিটে ১০ জনের দল হয়ে পড়া নারায়ণগঞ্জ।
ম্যাচ শেষে দারুণ উচ্ছ্বসিত ফেনী কোচ আশরাফুল আনোয়ার, ‘শুরু থেকেই আত্মবিশ্বাস ছিল যে আমরাই জিতব। ফেনী সকার দলের সঙ্গে অনুশীলন করা তিনজন খেলোয়াড়ের অভিজ্ঞতা আমাদের কাজে লেগেছে।’ নারায়ণগঞ্জের কোচ আসলামের কণ্ঠে হতাশা, ‘অনূর্ধ্ব-১৬ ফুটবলের ক্যাম্পে থাকা হৃদয় ও অন্তরকে খেলার অনুমতি দিতে চায়নি বাফুফে। অনেক অনুরোধের পর শুধু অন্তরকে খেলাতে পেরেছি। এ জন্য ফুটবলারদের মনোবল ভেঙে যায়। ছেলেরা ভালোও খেলেনি।’