ফেরার দলবদলে লুইজ-চমক
এবারের দলবদলের মৌসুম যেন ঘরে ফেরার একটা উপলক্ষ। পল পগবা যেমন রেকর্ড গড়ে ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে, মারিও গোটশে ফিরেছেন ডর্টমুন্ডে, ম্যাটস হামেলস বায়ার্ন মিউনিখে বা আলভারো মোরাতা রিয়াল মাদ্রিদে। তবে এসবের চেয়ে সম্ভবত চমক ডেভিড লুইজের চেলসিতে ফেরা। পরশু মৌসুমি দলবদলের শেষ দিনে লুইজই সবচেয়ে দামি খেলোয়াড়।
পাঁচ বছর আগে বেনফিকা থেকে আড়াই কোটি ইউরো দিয়ে লুইজকে নিয়ে এসেছিল চেলসি। তার তিন বছর পর পিএসজির কাছে বিক্রি করে দিয়েছে প্রায় সাড়ে ৫ কোটি ইউরোতে। ওই সময় একজন ডিফেন্ডারের জন্য সেটি ছিল বিশ্ব রেকর্ড। দুই বছর পর আবার সেই লুইজকেই ৩ কোটি ৪০ লাখ ইউরোতে নিয়ে এল চেলসি। লন্ডনের ক্লাবটির নতুন কোচ আন্তোনিও কন্তে বেশ কয়েক দিন থেকেই একজন ডিফেন্ডার খুঁজে বেড়াচ্ছিলেন। শেষ পর্যন্ত লুইজেই সমাধান খুঁজল চেলসি।
মারিও বালোতেল্লির ব্যাপারটা আবার অন্য রকম। একসময় নিজের সময়ের সেরা স্ট্রাইকারদের একজন মনে করা হতো তাঁকে। অথচ সেই বালোতেল্লিকেই এবার যেন কেউ নিতে চাইছিল না! পালের্মো, সাসসুওলোসহ সিরি ‘আ’র কয়েকটি ক্লাবের নাম শোনা গেলেও কেউ এগোয়নি। শেষ পর্যন্ত ফ্রান্সের ক্লাব নিসই নতুন ঠিকানা হলো লিভারপুলের এই স্ট্রাইকারের। বালোতেল্লির জন্য নিসকে কোনো অর্থও খরচ করতে হচ্ছে না, আসছেন ফ্রি এজেন্ট হিসেবেই!
ম্যানচেস্টার সিটির শেষ দিনটা একটু অন্য রকমই কেটেছে। ‘কেনাকাটা’ যা করার পেপ গার্দিওলা আগেই সেরে রেখেছিলেন। শেষ দিনে তিনজন খেলোয়াড়কে ধারে পাঠিয়েছেন সিটি কোচ। মিডফিল্ডার সামির নাসরি গেছেন ইউরোপা চ্যাম্পিয়ন সেভিয়ায়। স্ট্রাইকার উইলফ্রায়েড বনি গেছেন স্টোক সিটিতে। ফ্রেঞ্চ স্ট্রাইকার এলাকিম মাঙ্গালা গেছেন ভ্যালেন্সিয়ায়। আর গোলরক্ষক জো হার্ট তো দুই দিন আগেই পাড়ি জমিয়েছেন তুরিনোতে।
শেষ দিনে রেকর্ডও হয়েছে বেশ কিছু। লেস্টার সিটি যেমন স্পোর্টিং লিসবন থেকে নিয়ে এসেছে স্ট্রাইকার ইসলাম স্লিমানিকে। সে জন্য ক্লাব ইতিহাসের রেকর্ড ৩ কোটি ইউরো খরচ করতে হচ্ছে। স্লিমানি নতুন ক্লাবে পেয়ে যাচ্ছেন আলজেরিয়ান সতীর্থ রিয়াদ মাহরেজকে।
আর্সেনাল মিডফিল্ডার জ্যাক উইলশেয়ারের চলে যাওয়াটাও চমক হয়েই এসেছে। পাকাপাকি নয়, ২৪ বছর বয়সী মিডফিল্ডার ধারে যাচ্ছেন ইংলিশ লিগের ক্লাব বোর্নমাউথে। এএফপি।