ফেরার মতোই ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপেক্ষা ছিল দুটি গোলের। ফুরোল সেটি! ইউরোপিয়ান ক্লাব টুর্নামেন্টে শততম গোলের আনন্দে ভাসছেন ক্রিস্টিয়ানো রোনালদো l এএফপি
অপেক্ষা ছিল দুটি গোলের। ফুরোল সেটি! ইউরোপিয়ান ক্লাব টুর্নামেন্টে শততম গোলের আনন্দে ভাসছেন ক্রিস্টিয়ানো রোনালদো l এএফপি

‘নার্ভাস নাইনটিজ’ ব্যাপারটা তাহলে ফুটবলেও আছে! ক্রিস্টিয়ানো রোনালদোকেই জিজ্ঞেস করুন। পর্তুগিজ ফরোয়ার্ডই ব্যাপারটা ভালো বলতে পারবেন। এখন পর্যন্ত ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে ‘নার্ভাস নাইনটিজ’ পেরোনোর অভিজ্ঞতা যে একমাত্র তাঁরই!
সাতটা মাস ধরে উসখুস করছিলেন রোনালদো। আর কত! সেই সেপ্টেম্বরে গ্রুপ পর্বে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচে ইউরোপে নিজের ৯৮তম গোলটি করেছিলেন। সেই শুরু অপেক্ষার! গ্রুপ পর্বে আরও চারটি ম্যাচ গেল, শেষ ষোলোতে নাপোলির সঙ্গে দুটি ম্যাচ...কিন্তু গোল নেই রোনালদোর! ‘নার্ভাস নাইনটিজ’ই তো!
অবশেষে অপেক্ষা ফুরোল। এমনভাবেই যে, এর চেয়ে ভালো কিছু হয়তো রোনালদোও কল্পনা করেননি। বায়ার্ন মিউনিখের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ, তাঁদেরই মাঠে, দল ১-০ গোলে পিছিয়ে...এমন সময়ে জোড়া গোল করে দলকে ২-১ গোলে জিতিয়ে দিলেন ৩২ বছর বয়সী ‘তরুণ’। দলের জয়কে ছাপিয়ে গেছে তাঁর ব্যক্তিগত অর্জনও—ইউরোপীয় প্রতিযোগিতায় প্রথম ফুটবলার হিসেবে ১০০ গোলের মাইলফলক ছুঁলেন রোনালদো!
রিয়ালের ডাগআউটে ‘শিষ্য’ জিদান, বায়ার্নে ‘গুরু’ কার্লো আনচেলত্তি—ফেলে আসা সময়ের একটা স্মৃতি জাগিয়েই এসেছিল ম্যাচটি। কিন্তু এটি বায়ার্নকে ফিরিয়ে দিল তিক্ত স্মৃতি। ২০১৪ সালের এপ্রিলের ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ হেরেছিল বায়ার্ন। কার কাছে? রিয়াল মাদ্রিদ (৪-০)! এরপর ঘরের মাঠে টানা ১৬ ম্যাচে জয়। পরশু ধারাটা ভাঙল সেই রিয়ালই। বায়ার্নকে তেতো স্বাদ দিলেন রোনালদোও, ২০১৪ সালের ওই ম্যাচেও জোড়া গোল করেছিলেন!
অথচ প্রথমার্ধটা পরশু দুর্দান্তই কেটেছে বাভারিয়ানদের। ২৫ মিনিটে কর্নার থেকে আরতুরো ভিদালের গোলে এগিয়ে যায় আনচেলত্তির দল। প্রথমার্ধেই ব্যবধান ২-০ করতে পারত বায়ার্ন, হয়নি প্রথমার্ধের শেষ দিকে ভিদালই পেনাল্টি মিস করায়। তবে দানি কারভাহালের হাতে বল লাগার অভিযোগে পেনাল্টিটা দেওয়া হলেও বল লেগেছিল আসলে তাঁর বুকের এক পাশে!
পেনাল্টি-ব্যর্থতা যদি বায়ার্নের ক্ষত হয়, দ্বিতীয়ার্ধের শুরুতেই তাতে নুন ছেটালেন রোনালদো। ৪৭ মিনিটে কারভাহালের ক্রস দুর্দান্ত দক্ষতায় ঠেলে দিলেন জালে। ঘুচে গেল চ্যাম্পিয়নস লিগে রোনালদোর ৬৫৯ মিনিটের গোলখরা। ৬১ মিনিটে বায়ার্নের জাভি মার্টিনেজ লাল কার্ড দেখায় কাজটা আরও সহজ হয়ে যায় রিয়ালের জন্য। দশজনের বায়ার্নকে এরপর হয়তো ছিঁড়েখুঁড়েই ফেলতেন রোনালদোরা, যদি বারবার বাঁধা হয়ে না দাঁড়াতেন ম্যানুয়েল নয়্যার! ৭৭ মিনিটে অবশ্য মার্কো অ্যাসেনসিওর দুর্দান্ত ক্রস থেকে রোনালদোর শটটা আর ঠেকাতে পারেননি বায়ার্ন গোলকিপার।
দুর্দান্ত জয়, সেটি ছাপিয়ে দলের সেরা খেলোয়াড়ের একটি মাইলফলক ছোঁয়া—জিদান তবু শব্দ ব্যবহারে পরিমিত, ‘রোনালদো খুশি, তবে সন্তুষ্ট নয়। কারণ ও জানে, তৃতীয় গোলটি পেতে পারত। ওর উচ্চাকাঙ্ক্ষা এমনই।’ একটু নিরাবেগও রিয়ালের কোচ, ‘যদি নয়্যারের এত ভালো দিন না যেত, তাহলে হয়তো আরও কয়েকটা গোল করতে পারতাম। কিন্তু ফুটবল এমনই। যদি ভিদাল পেনাল্টিটা থেকে গোল করত, তাহলে আমাদের জন্যও ম্যাচটা কঠিন হয়ে যেত।’
তা রোনালদো নিজে কী বললেন? রিয়াল ফরোয়ার্ড স্বাভাবিকভাবেই খুশি, ‘খুব করে এই রেকর্ডটা করতে চেয়েছিলাম। রেকর্ডটা অনেক সম্মানের। সেটি যখন আবার বায়ার্ন মিউনিখের মতো একটা দলের বিপক্ষে আসে, এর চেয়ে ভালো আর কী হতে পারে!’ সন্তুষ্ট তিনি ‘রোনালদো ফুরিয়ে গেছেন’ বলা সমালোচনাকারীদের জবাব দিতে পেরেও, ‘জানি না কারা আমাকে নিয়ে সংশয়ে থাকেন। যাঁরা ক্রিস্টিয়ানোকে ভালোবাসেন, তাঁরা কখনো কোনো সংশয়ে থাকেন না।’
এই ম্যাচের সারমর্মও হয়তো তা-ই। ম্যাচ শেষে বায়ার্ন কোচ আনচেলত্তি যখন বললেন, ‘(দ্বিতীয় লেগে) যা কিছু আছে, সব নিয়েই লড়ব’, তখন ফুটবলের আপ্তবাক্যটাই মনে পড়তে পারে অনেকের—‘জার্মানদের হিসাব থেকে বাদ দিতে নেই!’ কথাটা রোনালদোর ক্ষেত্রেও সত্যি! এএফপি, উয়েফা।