ফেসবুক পুরস্কার জিতলেন দুই 'ম'

পেশাদার খেলোয়াড়দের ভোটে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় হয়েছিলেন আগেই। রিয়াদ মাহরেজ এবার সমর্থকদের ভোটেও সেরা হয়েছেন, তবে সেটার অন্য একটা তাৎপর্য আছে। এই প্রথম ফেসবুকে ইংলিশ লিগ দর্শকদের ভোটে এই পুরস্কার পেয়েছেন লেস্টার সিটি মিডফিল্ডার। ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যান্থনি মার্শিয়াল পেয়েছেন বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার।
ইংলিশ প্রিমিয়ার লিগের ফেসবুক পেজে ১৯৩টি দেশের ১০ লাখের বেশি দর্শকের ভোটে মাহরেজ পেয়েছেন এই পুরস্কার। প্রথমবার বলে আলজেরিয়ান মিডফিল্ডারের অনুভূতিটাও অন্য রকম, ‘এটা আলাদা কিছু। আমার জন্য বড় একটা প্রাপ্তিও। কারণ, পুরো বিশ্বের সবাই এখানে ভোট দিয়েছেন।’ লেস্টারকে রূপকথার এক শিরোপা এনে দেওয়ার মূল কুশীলবদের একজন ছিলেন মাহরেজ। এই মৌসুমে ১৭টি গোল করেছেন, ১১টি গোল করিয়েছেন।
ইউনাইটেড ফরোয়ার্ড মার্শিয়ালও এই মৌসুমেই নাম লিখিয়েছেন ওল্ড ট্রাফোর্ডে। সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও ২০ বছর বয়সী এই ফরোয়ার্ডকে আপ্লুত করছে, ‘আমাকে সেরা খেলোয়াড়ের সম্মান এনে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমি প্রিমিয়ার লিগেই খেলে যেতে চাই, আশা করি সামনে আরও অনেক গোল করব।’
বর্ষসেরা ক্লাবের পুরস্কার পেয়েছে লেস্টার সিটি। ক্লদিও রানিয়েরি হয়েছেন বর্ষসেরা কোচ। সূত্র: এএফপি।