ফেসবুকের লাইকেও রিয়াল-বার্সা লড়াই

৩০ বারেরও বেশি লা লিগা জয়ী স্পেনের একমাত্র দল রিয়াল মাদ্রিদ। ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব টুর্নামেন্ট চ্যাম্পিয়নস লিগ শিরোপা সংখ্যাকেও দুই অঙ্কের ঘরে নিয়ে যাওয়া বিশ্বের প্রথম ও একমাত্র দল তারা। আরও একটা জায়গায় প্রথম হয়ে গেল বার্নাব্যুর দলটি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ১০ কোটিরও বেশি লাইক পাওয়া প্রথম পেজটি রিয়াল মাদ্রিদেরই। গত রোববারই দলটির ফেসবুক পেজে লাইকের সংখ্যা ১০ কোটির মাইলফলক ছোঁয়।
অবশ্য এখানেও রিয়াল-বার্সেলোনা লড়াই জমেছে খুব। প্রথম হলেও ফেসবুকে ১০ কোটিরও বেশি লাইক পাওয়া একমাত্র দল রিয়াল নয়। তাদের একদিন পরেই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনারও ফেসবুক পেজে লাইকের সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে যায়। আজ বিকেল পর্যন্ত বার্সার ফেসবুকে লাইকের সংখ্যা ছিল ১০ কোটি ৫৪ হাজার। রিয়ালের ফেসবুক পেজে লাইক ছিল ১০ কোটি ১১ লাখ।
শুধু ফেসবুকেই নয়, সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্যমেও রিয়াল মাদ্রিদ দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা ক্রীড়া ব্র্যান্ড। শুধু ২০১৬ সালেই ক্লাবের পোস্ট করা ভিডিও দেখা হয়েছে রেকর্ড ১৬০ কোটি বারেরও বেশি!
ফেসবুক লাইকে এগিয়ে থাকা ১০ ক্লাব
ক্লাব লাইক সংখ্যা
রিয়াল মাদ্রিদ ১০ কোটি ১১ লাখ
বার্সেলোনা ১০ কোটি ৫৪ হাজার
ম্যানচেস্টার ইউনাইটেড ৭ কোটি ৩০ লাখ
চেলসি ৪ কোটি ৭৭ লাখ
বায়ার্ন মিউনিখ ৪ কোটি ১৪ লাখ
আর্সেনাল ৩ কোটি ৭৮ লাখ
লিভারপুল ২ কোটি ৯৭ লাখ
এসি মিলান ২ কোটি ৪৮ লাখ
ম্যানচেস্টার সিটি ২ কোটি ৩৮ লাখ
গ্যালাতাসারাই ১ কোটি ৩২ লাখ