ফ্যাব্রিগাসকে নিয়ে বার্সাকে মরিনহোর খোঁচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেস ফ্যাব্রিগাস
সেস ফ্যাব্রিগাস

বার্সেলোনাকে তিনি শত্রু হিসেবেই দেখেন। ইংলিশ প্রিমিয়ার লিগে তাঁর দল চেলসি বড় জয়ে শুভ-সূচনা করার পরেও তিনি বার্সেলোনাকে ছাড়লেন না। আক্রমণ করলেন বার্সার খেলার কেতা নিয়ে।

কার কথা হচ্ছে, পাঠকের তা না ধরতে পারার কথা নয়। চেলসি কোচ হোসে মরিনহো কাল বার্সাকে কটাক্ষ করেছেন সেস ফ্যাব্রিগাস প্রসঙ্গেই।

তিনি বলেছেন, বার্সেলোনা ফ্যাব্রিগাসকে একেবারেই ব্যবহার করতে পারেনি। ন্যু ক্যাম্পে ফ্যাব্রিগাসের প্রতিভার বিরাট অপচয়ই আসলে হয়েছে।’

কাল চেলসির জার্সিতে অভিষেকেই উজ্জল স্পেন থেকে আসা দুই তারকা। একজন তো ওই ফ্যাব্রিগাস। অপরজন অ্যাটলেটিকোর ডিয়েগো কস্তা। বার্নলির বিপক্ষে এই দুই ‘স্পেন-তারকা’র নৈপুণ্যেই পিছিয়ে পড়েও স্টামফোর্ড ব্রিজ-সেনানীরা জয় পেয়েছে ৩-১ গোলে। এর পরপরই মরিনহোর আক্রমণ বার্সেলোনাকে, ‘গত তিন বছর ধরে ফ্যাব্রিগাসকে বার্সেলোনা ঠিকমতো ব্যবহারই করতে পারেনি।’

পুরো ম্যাচেই দারুণ খেলেছেন ফ্যাব্রিগাস। চেলসির তিন গোলের পেছনেই অবদান তাঁর। এডেন হ্যাজার্ডের সঙ্গে দারুণ বোঝাপড়ায় তিনি ছিলেন চেলসির আক্রমণের মূল অনুষঙ্গ। মরিনহো দারুণ খুশি তাঁর এই নতুন তুরুপে, ‘ফ্যাব্রিগাসই আজ ম্যাচের সেরা। এই মৌসুমে সে স্টামফোর্ড ব্রিজে আসায় দলের পারফরম্যান্স অন্যমাত্রা নেবে—এতে কোনো সন্দেহ নেই। গতবার আমাদের ম্যাচের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় বড় ধরনের দুর্বলতা ছিল। এবার ফ্যাব্রিগাস আসায় সেটা কেটে যাবে আশা করি।’

এর পরপরই বার্সার ‘ফলস নাইন’ পদ্ধতিকে কটাক্ষ করেছেন এই খ্যাপাটে কোচ, ‘বার্সার ব্যাপার-স্যাপার আমি সত্যিই কিছু বুঝি না। ন্যু ক্যাম্পে ফ্যাব্রিগাসকে কখনো ফরোয়ার্ড আবার কখনো উইঙ্গার হিসেবে খেলানো হয়েছে। সে তিন বছর ধরে খুঁজে ফিরেছে নিজের সঠিক জায়গাটি। কিন্তু চেলসিতে তেমন কিছু হবে না। আমি খুব ভালো করেই জানি ফ্যাব্রিগাসের সত্যিকারের খেলার জায়গা কোনটা। সেটা ফ্যাব্রিগাসও খুব ভালো বুঝেছে। এবার ইংলিশ লিগে তাঁকে অন্য রূপেই দেখবেন সবাই।’ এএফপি।