ফ্যালকাও: ইউনাইটেডের সেরা সংগ্রহ

চোটের কারণে বিশ্বকাপ খেলতে পারেননি। পারলে হামেস রদ্রিগেজের সঙ্গে তাঁর যুগলবন্দীটা কেমন চেহারা নিতো সেটা তর্কসাপেক্ষ হলেও রাদামেল ফ্যালকাওয়ের মতো খেলোয়াড়ের অনুপস্থিতি যে বিশ্বকাপের জন্য মোটেও সুখপ্রদ কিছু ছিল না, তা স্বীকার করবেন প্রায় সবাই। বিশ্বকাপ তাঁকে মিস করলেও ইংলিশ ফুটবল-ভক্তরা এবার তাঁকে নিয়ে রোমাঞ্চিত হতেই পারেন। মোনাকো থেকে এই মৌসুমে ধারে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলবেন এই কলম্বিয়ান স্ট্রাইকার।
এই মুহূর্তে ফরাসি ক্লাব মোনাকোয় ফ্যালকাওয়ের বেতন সপ্তাহে ৩ লাখ ৮০ হাজার পাউন্ড। ম্যানচেস্টার ইউনাইটেড তাঁকে দলে খেলাতে খরচ করছে ১ লাখ ২০ হাজার পাউন্ডসহ পুরো ধারের টাকাটা। ফ্যালকাওয়ের সাপ্তাহিক বেতনেরও একটা বড় অংশ ম্যানচেস্টার পরিশোধ করবে বলে জানা গেছে। তাঁর ধারচুক্তিতে মৌসুম শেষে তাঁকে কিনে নেওয়ারও সুবিধা থাকছে।
গতকাল সোমবার ফ্যালকাও ওল্ড ট্র্যাফোর্ডে এসে স্বাস্থ্য পরীক্ষায় অবতীর্ণ হন। সেই সঙ্গে সেরে নিয়েছেন এই মৌসুমে তাঁর ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সকল আনুষঙ্গিক আনুষ্ঠানিকতাও।
গত মৌসুমের চরম ব্যর্থতার পর নতুন মৌসুমের শুরুটাও খুব সুখের হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডে। এই মৌসুমে লুক শ, মার্কো রোহো, আন্দের হেরেরা, মার্কোস রোহোর সঙ্গে দলবদলের একেবারে শেষ লগ্নে যোগ দিয়েছেন অ্যাঙ্গেল ডি মারিয়া ও ডেলি ব্লাইন্ড। এক দিক দিয়ে বিচার করলে ফ্যালকাও হতে চলেছেন এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের সেরা অন্তর্ভুক্তিই। ধারে এলেও স্ট্রাইকিং সমস্যায় ভুগতে থাকা ইউনাইটেডকে এবার তিনি যে বড় ধরনের ভরসাই জোগাবেন, সেটা চোখ বন্ধ করেই বলে দেওয়া যায়।
বিশ্বকাপের পর কেটে গেছে পাক্কা দুটি মাস। চোটের কারণে বিশ্বকাপ খেলতে না পারা ফ্যালকাও নিশ্চয়ই এতদিনে সুস্থদের দলে। সেদিক দিয়ে বিচার করলে তাঁকে দলে নিয়ে অসম্ভব বিচক্ষণ একটি সিদ্ধান্তই নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মৌসুমের শুরুতেই গোলখরায় ভুগতে থাকা ইউনাইটেড এবার যদি নিজেদের ফেরাতে পারে। ফ্যালকাও আসার পরেও যদি অবস্থার কোনো পরিবর্তন না হয়, তাহলে বুঝতে হবে, সমস্যা অন্য কোনো জায়গায়।
এই মৌসুমে দুই স্ট্রাইকার নিয়েও লিগের প্রথম তিন ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড গোল পেয়েছে মাত্র ১টি। ওয়েইন রুনি ও রবিন ফন পার্সির মতো দুই স্ট্রাইকারকে নিয়ে এমন পারফরম্যান্স সত্যিই হতাশাজনক। তবে ফ্যালকাওয়ের অন্তর্ভুক্তি একটা নতুন প্রশ্ন সবার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। কোচ লুই ফন গালের ৩-১-৪-২ ফর্মেশনে তাঁর স্থান কোথায়? তবে কি কিছু দিন আগে ফর্মেশন পরিবর্তনের যে ইঙ্গিত ফন গাল দিয়েছিলেন সেটা বাস্তবে রূপ নিতে যাচ্ছে? ফ্যালকাওকে নিয়ে তিনি কি কোনো নতুন কোনো পরীক্ষা-নিরীক্ষায় যাবেন? সেটা দেখার জন্য অবশ্য একটু অপেক্ষা করতেই হচ্ছে। তবে আপাতত ফ্যালকাওকে দলে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড যে বড় ধরনের দাওই মারলো—একথা বলে দেওয়া যায় নির্দ্বিধায়ই।