ফ্যালকাও চেলসিতে
গুঞ্জন ছিল, আর সেটা সত্যিও হলো। রাদামেল ফ্যালকাও চেলসিতেই গেলেন শেষ পর্যন্ত। আপাতত এক বছরের জন্য ধারে। তবে চেলসি চাইলে মোনাকোর কলম্বিয়ান ফরোয়ার্ডকে আগামী মৌসুম শেষে পাকাপাকিভাবে রেখে দিতে পারবে, সেই সুযোগও রাখা হয়েছে চুক্তিতে।
২৯ বছর বয়সী ফ্যালকাও গত মৌসুমে মোনাকো থেকে ধারে খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। খুব একটা সুবিধা করতে পারেননি। ২৯ ম্যাচে গোল মাত্র চারটি। ইউনাইটেড হয়তো সে কারণেই আর তাঁকে নিয়ে আগ্রহ দেখায়নি। সুযোগটা লুফে নেয় চেলসি। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ক্লাবে যোগ দিতে পেরে দারুণ উচ্ছ্বসিত রাদামেল ফ্যালকাও। গতকাল চুক্তি হয়ে যাওয়ার পর বলেছেন, ‘আমি চেলসিতে যোগ দিতে পেরে বেশ আনন্দিত। দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে তর সইছে না আমার।’
ওদিকে ব্রাজিল স্ট্রাইকার লুইজ আদ্রিয়ানোকে শাখতার দোনেৎস্ক থেকে ৮ মিলিয়ন ইউরোতে কিনে নিয়েছে এসি মিলান। মিলানের ওয়েবসাইটে খবরটি নিশ্চিত করে আরও বলা হয়েছে, আদ্রিয়ানোর সঙ্গে ক্লাবটির ২০২০ সালের জুন পর্যন্ত চুক্তি হয়েছে। দল-বদলের বাজারে এবার অবশ্য এটাই মিলানের প্রথম খেলোয়াড় সই করানো নয়। এর আগেই সেভিয়া থেকে কলম্বিয়ান স্ট্রাইকার কার্লোস বাক্কাকেও কিনেছে তারা। এএফপি, বিবিসি।