ফ্যালকাওয়ের অন্য অর্জন

ক্যারিয়ারে অনেক গোল করেছেন, মনে রাখার মতো অনেক অর্জনও আছে রাদামেল ফ্যালকাওয়ের। কিন্তু ১৭ বছর বয়সী জন আন্দ্রেসকে সাহায্য করে যে তৃপ্তি পেয়েছেন, সেটার সঙ্গে বোধ হয় অনেক কিছুরই তুলনা হয় না। একটি অমূল্য জীবন বাঁচানোর চেয়ে বড় তৃপ্তি আর কিসে থাকতে পারে?
জন আন্দ্রেস কলম্বিয়ারই একজন কিশোর, অনেক দিন থেকেই সে ভুগছিল হৃৎপিণ্ডের জটিলতায়। দুই বছর থেকেই হন্যে হয়ে আন্দ্রেসের হৃৎপিণ্ড প্রতিস্থাপনের জন্য একজন দাতা খুঁজছিলেন তার বাবা-মা। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। ব্যাপারটা কানে আসে ম্যানচেস্টার ইউনাইটেডের কলম্বিয়ান স্ট্রাইকারের। সঙ্গে সঙ্গে নিজের ফেসবুক পেজে আন্দ্রেসের জন্য সাহায্য চেয়ে একটা পোস্ট দেন। দিন দশেক পর খবর আসে, আন্দ্রেসের জন্য একজন দাতা খুঁজে পাওয়া গেছে। ম্যাডেলিনে দুর্ঘটনায় মৃত এক কিশোরের হৃৎপিণ্ডটাই জুড়ে দেওয়া হবে আন্দ্রেসের শরীরে। গত সপ্তাহে সফল অস্ত্রোপচার হয়ে গেছে, আন্দ্রেস এখন হাসপাতালে সেরে ওঠার পথে। তার মা সারা ফার্নান্দেজ ফ্যালকাওয়ের কাছে কৃতজ্ঞ, ‘আমি ঈশ্বর ও ফ্যালকাওকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সব সময় আশা করেছিলাম ফ্যালকাও আমাদের সাহায্য করবেন। তিনি একজন জনপ্রিয় ব্যক্তি, সবাই তাঁর কথা শোনে। তিনি খুবই বিনয়ী, ঈশ্বরে তাঁর অগাধ বিশ্বাস।’ গার্ডিয়ান।
আন্দ্রেসের সুস্থতার খবরও ইংল্যান্ডে ফ্যালকাওয়ের কানে পৌঁছে গেছে। পরশু ফেসবুকে ভক্তের সুস্থতার খবর জানিয়ে একটা পোস্টও দিয়েছেন!