ফ্যালকাওয়ের শরীরে ব্রিটিশ রক্ত?

কলম্বিয়ান তারকা রাদামেল ফ্যালকাওয়ের শরীরে বইছে ব্রিটিশ রক্ত! ম্যানচেস্টার ইউনাইটেডের এই স্ট্রাইকারের পারিবারিক ইতিহাস ব্রিটিশ গণমাধ্যমের কাছে প্রকাশ করেছেন ফ্যালকাওয়ের বাবা রাদামেল গার্সিয়া। তিনি জানিয়েছেন, ফ্যালকাওয়ের দাদি মানে তাঁর মা ছিলেন ব্রিটিশ বাবার মেয়ে। কলম্বিয়ান ফুটবলারের দাদির বাবা জর্জ কিং ছিলেন উত্তর ইয়র্কশায়ারের অধিবাসী, ইংরেজি-ভাষী নিখাঁত এক ইংরেজ। প্রথম বিশ্বযুদ্ধের পরপরই ইউরোপে ভয়াবহ আর্থিক মন্দা ও অন্যান্য সামাজিক কারণে কিং ১৯৩২ সালে কলম্বিয়ায় চলে আসেন।
ফ্যালকাও নিজেও সায় দিয়েছেন তাঁর বাবার কথায়। তিনি বলেছেন, ‘হ্যাঁ, আমাদের পূর্বপুরুষেরা ব্রিটিশ ছিলেন। আমার শরীরে ব্রিটিশ রক্তই বইছে, এ জন্য আমি গর্বই অনুভব করি।’
গার্সিয়া (ফ্যালকাওয়ের বাবা) জর্জ কিংয়ের দ্বিতীয় পক্ষের ঘরে জন্ম নেওয়া এক মেয়ের সন্তান। তিরিশের দশকের শুরুতে গোটা ইউরোপ যখন নিদারুণ অর্থনৈতিক মন্দা আর সামাজিক সমস্যার মধ্যে দিনাতিপাত করছে, তখন জর্জ কিং পরিবেশ-পরিস্থিতির ওপর বীতশ্রদ্ধ হয়েই তাঁর প্রথম পক্ষের স্ত্রীকে নিয়ে ইংল্যান্ড ত্যাগ করে লাতিন আমেরিকার কলম্বিয়ায় চলে আসেন।
কলম্বিয়ায় সবকিছু নতুন করে শুরু করার অভিপ্রায়েই এসেছিলেন জর্জ কিং, কিন্তু নতুন জায়গায় এসেই তিনি পড়ে যান দুঃখজনক পরিস্থিতির মধ্যে। সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান তাঁর প্রথম স্ত্রী। বিদেশের মাটিতে প্রিয় স্ত্রীকে হারিয়ে অসহায় কিং কষ্টকর জীবন কাটালেও কিন্তু ভেঙে পড়েননি। উত্তর কলম্বিয়ার একটি প্রতিষ্ঠানে হিসাবরক্ষকের কাজটি আগেই পেয়ে গিয়েছিলেন, স্ত্রীর মৃত্যুর পরে তিনি পুরো মনোযোগ ঢেলে দেন তাঁর পেশাগত দায়িত্বে। সেখানে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেই ইয়র্কশায়ারের ওই ব্যক্তি থিতু হয়ে যান জন্মভূমি থেকে অনেক দূরের ভূখণ্ড কলম্বিয়ায়।
থিতু হয়ে এক কলম্বিয়ান রমণির প্রেমে পড়েন কিং। তাঁকে বিয়ে করেই পরবর্তী জীবনে সুখের সংসার গড়েন তিনি। তাঁর ঘর আলোকিত করে আসে পাঁচ সন্তান—জ্যাক, রয়, কার্লোস, তেলমা ও ডেনিস—এই ডেনিসই কলম্বিয়ান ফুটবল তারকা রাদামেল ফ্যালকাওয়ের দাদি। সূত্র: ডেইলি মেইল।