ফ্যালকাওয়ের তোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই যে রবীন্দ্রনাথের ‘তোতা কাহিনী’ গল্পে এক তোতা ছিল। যে ছিল মূর্খ। ‘গান গাহিত, শাস্ত্র পড়িত না। লাফাইত, উড়িত, জানিত না কায়দা-কানুন কাকে বলে’। ভাগ্যিস রাদামেল ফ্যালকাওয়ের তোতাটা এমন নয়। কায়দা-কানুন তার ভালোই জানা। গান গায়, কথা বলে আবার ফুটবল খেলাও দেখে! বিশেষ করে ফ্যালকাওয়ের খেলা। আর ম্যানচেস্টার ইউনাইটেডের কলম্বিয়ান স্ট্রাইকার গোল করলে তো কথাই নেই। কোকো নামে তাঁর সেই পোষা তোতা তখন নাকি ‘ফ্যালকাওয়ের গোল’ বলে চিৎকারও করে ওঠে। মজার এই তথ্যটা দিয়েছেন ফ্যালকাওয়ের স্ত্রী লরেলেই। গত সপ্তাহে প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ম্যাচে তাঁর স্বামীর গোলের পর তোতার সে কী উচ্ছ্বাস! ফ্যালকাওয়ের এই ‘তোতা কাহিনি’ লুফে নিয়েছে সংবাদমাধ্যম। কলম্বিয়ান টেলিভিশন তো ফ্যালকাওয়ের গোলের সময় তোতার চিৎকারের ফুটেজও দেখিয়েছে। ডেইলি মেইল।