ফ্যালকাওয়ের দেশের স্ট্রাইকারকে ছাপিয়ে মতিন

‘ওয়াও মতিন!’
প্রেসবক্সে আজ ৭৪ মিনিটে শোনা গেল এমন স্তুতি। বাম প্রান্তে মাঝমাঠের ওপর থেকে প্রথমে প্রতিপক্ষ রাইট উইংব্যাক মনিরের কাছ থেকে বল কেড়ে নিয়ে মতিন মিয়া পরাস্ত করলেন আউট সাইট ডজে। এগিয়ে এলেন প্রতিপক্ষ অধিনায়ক সাইদুল হক, তাঁকে ঘোল খাওয়ালেন ইনসাইড ডজে। শেষ ধাপে সতীর্থ হ্যাম্বার ভ্যালেন্সিয়ার সঙ্গে ওয়ান টু ওয়ান খেলে বক্সে দ্রুতগতিতে ঢুকেই দূরের পোস্টে এরিয়াল প্লেসিং।
গোলরক্ষক উত্তম বড়ুয়া বল স্পর্শ করতে পারলেও ঠেকাতে পারেননি গোল। স্ট্রাইকার মতিনের সুবাদে এল সাইফ স্পোর্টিংয়ের দ্বিতীয় গোল। প্রথম গোলটি করেছেন কলম্বিয়ান স্ট্রাইকার হ্যাম্বার ভ্যালেন্সিয়া। তাঁদের দুই গোলেই মুক্তিযোদ্ধার বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে সাইফ স্পোর্টিং ক্লাব।
তবে কলম্বিয়ার স্ট্রাইকারের চেয়ে দেশি মতিনের গোলটি ছিল বেশি সুন্দর। ম্যাচ শেষে তা নিজেই স্বীকার করেছেন রাদামেল ফ্যালকাওয়ের দেশের স্ট্রাইকার হ্যাম্বার, ‘দুটি গোলই সুন্দর। তবে মতিনের গোলটিতে ব্যক্তিগত কারিশমা ছিল।’ ইংরেজি ভালো না জানায় স্বদেশি খেলোয়াড় ড্যানিয়েরের মাধ্যমে ব্যক্তিগত অভিমত প্রকাশ করলেন তিনি।

৭৪ মিনিটে মতিনের গোলটি যদি হয় ব্যক্তিগত কারিশমায়, ৫৪ মিনিটে হ্যাম্বারের গোলটি দলীয় বোঝাপড়ার ফল। ডান প্রান্ত দিয়ে ওভারলেপিংয়ে ওঠে এসে গোলমুখে কাট ব্যাক করেন রাইটব্যাক রিয়াদুল হাসান। হ্যাম্বার প্রথম স্পর্শে বলটি নিয়ন্ত্রণে নিয়ে দ্বিতীয় স্পর্শে জড়িয়ে দিলেন জালে। লিগে এটিই তাঁর প্রথম গোল। সমান চার ম্যাচে মতিনের গোল দুটি। লিগ শেষে নিজের নামের পাশে ১৫-২০টি গোল দেখতে চান বলে জানাচ্ছেন মতিন।
চার ম্যাচে তিন জয়ে সাইফ স্পোর্টিংয়ের পয়েন্ট ৯। সমানসংখ্যক ম্যাচে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া মুক্তিযোদ্ধার পয়েন্ট ৬।